বিশ্বজুড়ে সহিংসতা, বৈষম্য, ধর্মীয় বিদ্বেষ এবং রাজনৈতিক বিভাজন ক্রমেই বাড়ছে। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মানবিক সংযোগ যেন তত দুর্বল হয়ে পড়ছে। জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বব্যাংক, এমনকি স্থানীয় সরকার পর্যন্ত এখন শান্তিপূর্ণ সহাবস্থান বা Peaceful Coexistence কথাটিকে উন্নয়নের অন্যতম শর্ত হিসেবে তুলে ধরছে। কিন্তু বাস্তবে আমরা দেখছি- যেখানে মানুষ একসঙ্গে বাস করছে, কাজ করছে, সেখানেই দ্বন্দ্ব, অবিশ্বাস আর ঘৃণার প্রাচীর উঁচু হচ্ছে। শান্তিপূর্ণ সহাবস্থান শুধু রাষ্ট্রীয় নীতি নয়, এটি মানবিক টিকে থাকার প্রয়োজন।\r\nবাংলাদেশের ইতিহাসে সহাবস্থান নতুন কিছু নয়। হাজার বছরের এই ভূখণ্ডে বৌদ্ধ, হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সংস্কৃতির সহাবস্থানেই গড়ে উঠেছে বাঙালির মানবিক ঐতিহ্য।

প্রাচীন বন্দরনগর চট্টগ্রাম, পুণ্ড্রনগর, মহাস্থানগড় কিংবা ময়মনসিংহের গারো পাহাড়- সব জায়গাতেই দেখা যায় ধর্ম, ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন। মুসলমানের উৎসবে হিন্দুরা যেমন অংশ নিয়েছে, তেমনি পহেলা বৈশাখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উদ্যাপন করেছে। এই ঐতিহ্যই আমাদের সামাজিক শক্তি, যা স্বাধীনতার পর বাংলাদেশকে বহুত্ববাদী ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে।\r\nতবে সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে, সেই ঐতিহ্যের ভিত কিছুটা নড়বড়ে হয়ে পড়েছে। রাজনৈতিক বিভাজন, ধর্মীয় উগ্রতা, অনলাইনে বিদ্বেষমূলক প্রচারণা, সামাজিক বৈষম্য এবং অর্থনৈতিক প্রতিযোগিতা আমাদের মধ্যে অদৃশ্য দেয়াল তুলে দিচ্ছে। মানুষ একসঙ্গে বাস করলেও, মানসিকভাবে দূরে সরে যাচ্ছে।

একসময় পাড়ার লোকজন একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করত, এখন একই ভবনে থেকেও মানুষ অপরিচিত। সামাজিক বন্ধনের এই ভাঙন শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এক বড় হুমকি।\r\nশান্তিপূর্ণ সহাবস্থান মানে শুধু সংঘাত এড়ানো নয়, বরং একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতির ভিত্তিতে সমাজ গড়ে তোলা। জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (Sustainable Development Goals) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান বিষয়টি অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ, শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। যখন মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, তখন তার কর্মক্ষমতা ও সৃজনশীলতা নষ্ট হয়।

তাই শান্তিপূর্ণ সহাবস্থান অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের টিকে থাকার জন্য অপরিহার্য।\r\nবাংলাদেশের প্রেক্ষাপটে সহাবস্থানের আলোচনায় রোহিঙ্গা সংকট একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ২০১৭ সালের পর প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ মানবিকতার জায়গা থেকে তাদের আশ্রয় দিয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। কিন্তু একই সঙ্গে এই বিশাল জনসংখ্যা স্থানীয় অর্থনীতি, পরিবেশ ও সমাজে চাপ সৃষ্টি করেছে। ফলে স্থানীয় জনগোষ্ঠী ও শরণার্থীদের মধ্যে দূরত্ব বেড়েছে। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সহজ নয়।

তবুও বাংলাদেশের সরকার, প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্যোগে সংলাপ, সচেতনতা এবং অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া তৈরির প্রচেষ্টা অব্যাহত আছে। এটি দেখায়, সহাবস্থান তখনই টিকে থাকে, যখন মানবিকতা ও ন্যায়বোধকে রাজনীতির ঊর্ধ্বে রাখা হয়।\r\nশান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষা। যখন শিক্ষাব্যবস্থায় সহনশীলতা, পারস্পরিক সম্মান ও মানবিক মূল্যবোধ শেখানো হয়, তখন শিশু ও তরুণ প্রজন্ম ভবিষ্যতে সহাবস্থানের চর্চা করে। বাংলাদেশের শিক্ষানীতিতে নাগরিকতা শিক্ষা, মানবাধিকার শিক্ষা এবং নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে, যা ইতিবাচক দিক। তবে বাস্তবে এগুলোর প্রয়োগ এখনো সীমিত।

বিদ্যালয়ে ভিন্নধর্মী শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্ব, সংস্কৃতি বিনিময় বা পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার জায়গা বাড়াতে হবে। কেবল বই থেকে, সহাবস্থান শেখানো যায় না এটি গড়ে ওঠে অভিজ্ঞতা, উদাহরণ ও সামাজিক চর্চার মাধ্যমে।\r\nএকই সঙ্গে গণমাধ্যম ও ডিজিটাল সংস্কৃতিও সহাবস্থানের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন খবরের সঙ্গে সঙ্গে গুজবও দ্রুত ছড়ায়। ধর্মীয় বা রাজনৈতিক বিষয়ে উত্তেজনাকর প্রচারণা মুহূর্তেই সহিংসতায় রূপ নিতে পারে। তাই ডিজিটাল সহাবস্থান নিশ্চিত করতে হবে- যেখানে ভিন্নমত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু ঘৃণা ও অপপ্রচার নিয়ন্ত্রণ করা হবে।

অনলাইন শিক্ষার মতোই প্রয়োজন ডিজিটাল নৈতিকতা শিক্ষা , যা মানুষকে শেখাবে কীভাবে প্রযুক্তি ব্যবহার করতে হয় দায়িত্বশীলভাবে, সহাবস্থানের মূল্যবোধকে বজায় রেখে।\r\nঅর্থনৈতিক বৈষম্যও সহাবস্থানের অন্যতম বড় বাধা। সমাজে যখন কিছু মানুষ অঢেল সম্পদে ভোগ করে আর অন্যরা বঞ্চিত থাকে, তখন সামাজিক বিরোধ বাড়ে। এই বৈষম্য রাজনীতি ও ধর্মীয় বিভাজনকে আরও উসকে দেয়। তাই শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিত করা জরুরি। প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ থাকা উচিত, যাতে কেউ নিজেকে পরিত্যক্ত বা উপেক্ষিত মনে না করে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করলে সহাবস্থান আরও মজবুত হয়।\r\nবাংলাদেশে ধর্মীয় সহাবস্থান একটি দীর্ঘ ঐতিহ্য বহন করছে। মন্দিরের পাশে মসজিদ, গির্জার পাশে বৌদ্ধ বিহার- এ এক অনন্য সামাজিক দৃশ্যপট। পল্লীগীতিতে যেমন হিন্দু-মুসলমানের মিলন দেখা যায়, তেমনি শহুরে জীবনে ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও রাজনীতিতে ধর্মভিত্তিক বিভাজনের চেয়ে সহযোগিতা বেশি। কিন্তু কিছু কূটচাল, গুজব বা উগ্র গোষ্ঠীর প্রচারণা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে মাঝে মাঝে নষ্ট করে। এই জায়গায় প্রশাসন, স্থানীয় সরকার ও নাগরিক সমাজের যৌথ উদ্যোগ প্রয়োজন।

প্রতিটি ধর্মীয় ও সামাজিক সংগঠনকে দায়িত্ব নিতে হবে, যাতে মানুষ ঘৃণার বদলে সংলাপ, সহমর্মিতা ও শ্রদ্ধার পথ বেছে নেয়।\r\nশান্তিপূর্ণ সহাবস্থানের অন্যতম ভিত্তি হলো আইন ও ন্যায়বিচার। যখন রাষ্ট্র ন্যায়বিচার নিশ্চিত করতে পারে, তখন মানুষ নিজের অধিকারের জন্য সহিংস পথে হাঁটে না। বিচার ব্যবস্থার প্রতি আস্থা সহাবস্থানের মেরুদণ্ড। তাই দেশে আইনের শাসন, মানবাধিকার রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা এবং স্বচ্ছ প্রশাসন অত্যন্ত জরুরি। রাষ্ট্র যদি সবার জন্য সমান সুযোগ ও ন্যায় নিশ্চিত করে, তাহলে সমাজে পারস্পরিক আস্থা বাড়ে এবং সহাবস্থানের সংস্কৃতি টিকে থাকে।\r\nরাজনৈতিক নেতৃত্বও এই প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা রাখে।

ইতিহাসে দেখা যায়, যেসব নেতা ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তারা সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করতে পেরেছেন। শেখ মুজিবুর রহমান ও মওলানা ভাসানীর রাজনীতি ছিল মানবিক সহাবস্থানের রাজনীতি। তাদের ভাষণে ঘৃণার পরিবর্তে মিলনের আহ্বান ছিল প্রবল। শেখ মুজিবের স্বপ্ন ছিল এমন একটি বাংলাদেশ, যেখানে বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সমান মর্যাদায় বাঁচবে। বর্তমান রাজনৈতিক পরিবেশে সেই চেতনা পুনরুদ্ধার করা প্রয়োজন। কারণ শান্তিপূর্ণ সহাবস্থান কেবল একটি নীতি নয়, এটি জাতির অস্তিত্বের প্রশ্ন।\r\nশান্তিপূর্ণ সহাবস্থানের শুরু হয় পরিবার থেকে। পরিবারেই শেখানো হয় কীভাবে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হয়, কিভাবে ভিন্নমতকে গ্রহণ করতে হয়। পিতা-মাতা, শিক্ষক, সমাজনেতা- সবাইকে এই মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে।

ছোট একটি সমাজে যদি সহাবস্থান প্রতিষ্ঠা পায়, তাহলে বড় সমাজে সেটি অনুকরণীয় হয়ে ওঠে। বাংলাদেশে গ্রামীণ সমাজে এখনো এই সহাবস্থানের দৃষ্টান্ত দেখা যায়- একজন মুসলমানের ঘরে দুর্গাপূজার আমন্ত্রণ, এক হিন্দুর বাড়িতে ঈদের খাবার ভাগাভাগি করা- এই মানবিক সংযোগই আমাদের সামাজিক শক্তি।\r\nইউনেস্কোর সহনশীলতা বিষয়ক ১৯৯৫ সালের ঘোষণায় বলা হয়েছিল, মানুষের বৈচিত্র্যই পৃথিবীর সৌন্দর্য । শান্তিপূর্ণ সহাবস্থান আসলে সেই সৌন্দর্যেরই প্রকাশ। যখন মানুষ বুঝতে শেখে যে, ভিন্নতা কোনো দুর্বলতা নয়, বরং সম্পদ, তখন সমাজ সমৃদ্ধ হয়। আমরা যদি ঘৃণা ও বিভাজনের বদলে সহনশীলতা, সংলাপ ও মানবিকতার পথ বেছে নিই, তবে বিশ্ব যেমন শান্তিপূর্ণ হবে, বাংলাদেশও হবে আরও দৃঢ়, সংহত ও মানবিক।\r\nআজকের দিনে এই বার্তাটি আরও বেশি প্রাসঙ্গিক। কারণ, সহাবস্থানের সংকট মানে মানবতার সংকট। প্রযুক্তি, রাজনীতি, অর্থনীতি- সব কিছুর চেয়ে বড় হলো মানুষে মানুষে সম্পর্ক। শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত না হলে উন্নয়নের অর্থ হারিয়ে যাবে। তাই ঘৃণার পরিবর্তে সহানুভূতি, প্রতিহিংসার বদলে বোঝাপড়া, প্রতিযোগিতার বদলে সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।\r\nশান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা শুধু রাষ্ট্রের কাজ নয়, এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব। প্রত্যেক নাগরিক যদি নিজের আচরণে মানবিকতা ও সহনশীলতার চর্চা করে, তবে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। আমরা সবাই যদি মনে রাখি- মানুষের মানুষকেই প্রয়োজন- তাহলে বিভাজনের দেয়াল ভেঙে নতুন এক মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। শান্তিপূর্ণ সহাবস্থান কেবল স্বপ্ন নয়, এটি হতে পারে আমাদের ভবিষ্যতের স্থায়ী ঠিকানা।\r\nলেখক : অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ\r\nচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়\r\nala.uddin@cu.ac.bd