জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডে ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি। আমাদের খাদ্যের শতকরা ৯৫ ভাগের বেশির উৎস মাটি। উদ্ভিদের প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদানেরও অধিকাংশ সরবরাহ করে মাটি। বিশ্বব্যাংকের তথ্য মতে, ১৯৬০ সালে বাংলাদেশের মাত্র ৫.১৪ শতাংশ জনসংখ্যা শহরে বাস করত। ২০২৩ সালে এই অনুপাত বেড়ে হয়েছে ৪০.৪৭ শতাংশ। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যার অন্তত ৭০ শতাংশ শহরে বসবাস করবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের ফলে শহরগুলো সম্প্রসারিত হচ্ছে। কিন্তু শহরের মৃত্তিকার স্বাস্থ্য রক্ষায় তেমন উদ্যোগ নেই। \r\nদেশের শহরের মাটির বর্তমানে সবচেয়ে বড় সমস্যা জৈব পদার্থের ঘাটতি।
জৈব কার্বন কমে যাওয়ায় মাটির স্বাভাবিক গঠন ভেঙে পড়ছে, কমছে পুষ্টি ধারণক্ষমতা। পানি শোষণের সক্ষমতা হ্রাস পেয়ে বাড়ছে জলাবদ্ধতা। শহরজুড়ে খোলা মাটির পরিমাণ দ্রুত কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। শহরের মাটিতে প্রয়োজনীয় খনিজ উপাদানও নেই। শহরের মাটিতে বালু, পলি ও এটেলের অনুপাতও সুষম নয়। যে জমিগুলো একসময় উন্মুক্ত ছিল, সেসব স্থানে এখন কংক্রিটের রাস্তা, উঁচু ভবন আর পাকা ফুটপাত। ফলে মাটির প্রাকৃতিক পুনরুজ্জীবন ব্যাহত হচ্ছে। শিল্পাঞ্চল ও ট্যানারির আশপাশের মাটিতে ভারী ধাতুর দূষণও পৌঁছেছে ভয়াবহ মাত্রায়। সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়ামসহ বহু বিষাক্ত ধাতুর ঘনত্ব এরই মধ্যে অতিক্রম করেছে নিরাপদ সীমা। শহরের বহু এলাকায় মাটি এখন প্রায় বিষাক্ত স্তরে পৌঁছে যাচ্ছে।
অথচ শহরের রাস্তা, কংক্রিট আর ভবনের নিচে যে মাটি চাপা পড়ে থাকে, তা যদি উন্মুক্ত, সবুজায়িত ও পানি অনুপ্রবেশযোগ্য করা যায়, তাহলে সেটিই পারে বৃষ্টির পানি শোষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, কার্বন সংরক্ষণ এবং বায়ুর মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে। শহরের অন্তত ৭০ শতাংশ বর্জ্যই জৈব ধরনের। সঠিক ব্যবস্থাপনায় এগুলোকে কম্পোস্টে রূপান্তর করা সম্ভব। যা মাটির জৈব পদার্থ বাড়াবে, বর্জ্য কমাবে এবং শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলবে। \r\nশহরের মাটির এই পরিস্থিতিতে টেকসই মাটি ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। শহরকে বাঁচাতে হলে মাটির সুস্থতার কথা চিন্তা করে পরিকল্পিত নগরায়ণ প্রয়োজন। ভবনের নিচে বা রাস্তার কংক্রিটের তলে চাপা পড়া জমি সহসাই পুনঃব্যবহারযোগ্য নয়। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, বাকি মাটি কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে সচেতন থাকা। প্রয়োজনে এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। পাশাপাশি বিভিন্ন সড়ক, আবাসন বা শিল্প প্রকল্পে মাটির সক্ষমতা যাচাই বাধ্যতামূলক করা উচিত। পরিবেশগত প্রভাব বিশ্লেষণে মাটির স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করা এবং খোলা জায়গা, পার্ক ও জলাভূমি রক্ষায় কঠোর নীতি প্রণয়ন আবশ্যক।
