মানুষকে টপকে যাবে এআই
বর্তমানে বড় চ্যালেঞ্জ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ক্রমে কমছে কর্মসংস্থান। বাড়ছে কর্মী ছাঁটাই। প্রশ্ন উঠেছে, তাহলে কি এআই টপকে যাবে মানুষকে? এলন মাস্ক জানিয়ে দিচ্ছেন, বিষয়টা আর দূরে নেই। সব কিছু ঠিক থাকলে এ বছরের শেষেই সেটা ঘটে যেতে পারে এবং আগামী পাঁচ বছরে সমগ্র মানবজাতিকে সম্মিলিতভাবে ছাড়িয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। তিনি আরও বলেছেন, ‘আগামী দশ বছরে কী ঘটবে তা আমি জানি না। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির হার দেখে আমার মনে হচ্ছে, এ বছরের শেষ নাগাদ বা বড়জোর আগামী বছরের মধ্যে আমরা এমন কৃত্রিম বুদ্ধিমত্তা পেয়ে যাব, যা কোনো মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান!’ সেই সঙ্গে তিনি দাবি করেন, ২০৩০ বা ২০৩১ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সমষ্টিগতভাবে সমগ্র মানবজাতির চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে উঠবে। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন এক গুগল কর্তা। গুগল ডিপমাইন্ডের যুগ্ম প্রতিষ্ঠাতা ও মুখ্য এজিআই বিজ্ঞানী শেন লেগের মতে, এ আই সিস্টেম ইতিমধ্যেই মানুষকে টপকাতে শুরু করেছে। যার মধ্যে রয়েছে, ভাষার ব্যবহার ও সাধারণ জ্ঞান। আগামী কয়েক বছরে যুক্তি প্রয়োগ, চাক্ষুস উপলব্ধি কিংবা ধারাবাহিক শিক্ষাসহ তাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠবে তারা। যে কারণে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে অনেকে বিজ্ঞানের ‘অভিশাপ’ বলছেন।
