পৃথিবীর উন্নত দেশগুলোতে উৎসব-পার্বণে জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া হয়। একটা কিনলে আরেকটা ফ্রি– এই জাতীয় অনেক সুবিধা দেওয়া হয়। আমাদের দেশে ফ্রি দেওয়া দূরের কথা, বেশি অর্থ দিয়েও ভালো জিনিস পাওয়া যায় না। ব্যবসায়ী সিন্ডিকেট কৌশলে জিনিসপত্রের দাম বাড়ায়। সাধারণ মানুষের তখন নাভিশ্বাস অবস্থা। আশার কথা, এবার ব্যবসায়ী সিন্ডিকেট খুব একটা সুবিধা করতে পারেনি। লেবু নিয়ে একটা হাহাকার শুরু হয়েছিল। পরে তা থেমে গেছে। লেবুর যখন এতই দাম, খাব না লেবু– অনেক ক্রেতার এ ধরনের জোরালো মানসিক দৃষ্টিভঙ্গি বেশ কাজে দিয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের আন্তরিক তদারকের ফলে এবার রমজান মাসে জিনিসপত্রের দাম কিছুটা সহনীয় পর্যায়ে ছিল, বলা যায়।
ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনার দৃশ্য প্রতিবছর আমরা দেখি। বাস, ট্রেনে টিকিট কালোবাজারির দৌরাত্ম্যে মানুষ অসহায়। সুযোগসন্ধানী বাস মালিকরা অনেকটা যৌথ প্রক্রিয়ায় বাস ভাড়া বাড়িয়ে দেন। সরকারের সমন্বিত ও কার্যকর সিদ্ধান্ত না থাকায় বিগত বছরগুলোতে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ-ভোগান্তি ছিল স্বাভাবিক ব্যাপার। দূরপাল্লার ভ্রমণে যানজট, সড়কে মাইলের পর মাইল গাড়ি দাঁড়িয়ে থাকা, নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকাই যেন ঘরমুখো মানুষের নিয়তি।
এবার ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনার চিত্র অনেকটাই বদলে গেছে। কিছু ব্যতিক্রম বাদে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি অনেকটা কমে গেছে। ট্রেনের ক্ষেত্রে টিকিট না পাওয়া বিষয়ে যে অস্থিরতা, তা এবার দেখা যায়নি। সমন্বিত উপায়ে ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। অভিযোগ আছে, অনলাইনে ট্রেনের টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নাকি সব টিকিট বিক্রি হয়ে যায়। ফলে অনেকে টিকিট পায়নি। কিন্তু এবার ট্রেনের কামরায় এক যাত্রীর ঘাড়ের ওপর দাঁড়িয়ে যাওয়া অন্য যাত্রীর কষ্টের চিত্র তেমন দেখা যায়নি, এটাই স্বস্তির বিষয়। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার বাধ্য হয়ে গাড়ির তেলের ক্ষেত্রে রেশনিং ব্যবস্থা চালু করে। ফলে পরিবহন ব্যবস্থায় বিশেষ করে সড়কে কিছুটা অস্থিরতা ছিল। তবে ভয়ানক পর্যায়ে দাঁড়ায়নি। এবারের ঈদে সার্বিক পরিস্থিতি দেখে এটাই বোঝা গেল, আমরা ইচ্ছা করলে কঠিন বিষয়কেও সহজে সমাধান করতে পারি। সরকারের দৃঢ়তার ফলে অসাধু ব্যবসায়ীরা এবার শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলতে পারেনি। তার মানে, সরকার ইচ্ছা করলে যে কোনো মহৎ কাজ সহজেই সম্পন্ন করতে পারে।
ঈদযাত্রার কথাই যদি বলি, কীভাবে এবার পরিস্থিতি মোটামুটি সামলে নেওয়া গেল? একটাই উত্তর– সরকারসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিকতা।
ঈদে নাড়ির টানেই আমরা মূলত বাড়ি ফিরে যাই। নাড়ির টান মানে কী? বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজনের প্রতি মায়া, শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা; এই তো। ঈদে বাবা-মায়ের পায়ে সালাম করতে পারা যেমন আনন্দের, তেমন স্বস্তিরও। ইদানীং দেখা যায়, বহু কষ্ট করে বাড়ি ফেরার পর অনেকে বাড়ির অন্দরমহল থেকে বেরই হতে চান না। বেলা করে ঘুম থেকে ওঠেন, অবেলায় নাশতা খান। আবার হয়তো ঘুম দেন অথবা মোবাইল চর্চায় মেতে ওঠেন। তাহলে বাড়ি আসার অর্থ কী? এই কাজটা তো আপনি শহরের বাসায়ও করতে পারতেন।
বাংলাদেশের শহরগুলো দিন দিন অমানবিক হয়ে উঠছে। আকাশচুম্বী ফ্ল্যাট বাড়িতে বসবাস; দুই পরিবারের মধ্যে দেখা-সাক্ষাৎ তো দূরের কথা; লিফট, সিঁড়িতে দেখা হলে হাই-হ্যালোও হয় না। এক ফ্ল্যাটে মানুষ মারা গেছে। কান্নার রোল শুরু হয়েছে। মুখোমুখি ফ্ল্যাটে উচ্চস্বরে গান বাজছে– এমনই করুণ বাস্তবতা শহুরে সমাজে।
গ্রামীণ সমাজে এখনও মানবিকতা, শ্রদ্ধা ও ভালোবাসার আন্তরিক প্রকাশভঙ্গি আছে। একজন অন্যজনের খোঁজ রাখে। শহর থেকে কেউ গ্রামে এলে প্রতিবেশীরা তার বা তাদের সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে থাকে। অথচ আপনি যদি বাড়িতে এসে ঘরে বসেই থাকেন তাহলে তো শহরের বাসাই ভালো ছিল।
একটা ছোট্ট ঘটনার কথা বলি। কক্সবাজার বেড়াতে গেছে দুই বন্ধু। দামি হোটেলে রুম নিয়েছে। দুই বন্ধুর একজন রুমে ঢুকে ওই যে বিছানায় আশ্রয় নিয়েছে, ওঠার নাম নেই। খাবার সময় অনেক বলাবলির পর বিছানা থেকে নামে। খাবার খেয়ে আবার ঘুম দেয়। তার এ অবস্থা দেখে অপর বন্ধু প্রশ্ন করে, তুই কি কক্সবাজারে ঘুমাতে এসেছিস? মানুষ কক্সবাজার আসে ঘুরতে, দেখতে। আর তুই ঘুমাচ্ছিস! শুধু ঘুমের জন্য এত অর্থ খরচ করে কক্সবাজারে আসার কী দরকার ছিল?
শহর ছেড়ে যারা গ্রামে গিয়ে বাড়ি ছাড়া আর কোথাও যেতে চান না, তাদের প্রতিও একই প্রশ্ন। গ্রামে এসেছেন পাড়া-প্রতিবেশীর খোঁজ নিন। আত্মীয়স্বজন বিশেষ করে যাদের বয়স হয়েছে তাদের সঙ্গে দেখা করুন। দেখবেন, তারা খুব খুশি হবেন। স্কুল-কলেজের প্রিয় শিক্ষক-শিক্ষিকার সঙ্গেও দেখা করতে ভুলবেন না। আপনাকে কাছে পেলে তারা খুব খুশি হবেন। স্কুল-কলেজ জীবনের কোনো সহপাঠী হয়তো এখনও গ্রামেই আছেন। চাকরি-বাকরি করেন না। কৃষিকাজেই হয়তো ব্যস্ত। তাঁর বা তাদের সঙ্গে দেখা করুন। দেখবেন, তারা খুব অবাক হবেন। আনন্দে আপনাকে বুকে জড়িয়ে ধরবেন। আপনি যখন শিক্ষার্থী ছিলেন; অর্থের অভাবে লেখাপড়া চালিয়ে যেতে খুব কষ্ট হয়েছে। আপনার বাড়ির আশপাশেই হয়তো এখন এমন কোনো শিক্ষার্থী কষ্টের নদী সাঁতরাচ্ছে। সম্ভব হলে তার পাশে গিয়ে দাঁড়ান। যতটা পারেন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাহলে এই ঈদে একটি শ্রেষ্ঠ কাজ করবেন আপনি। যদি সম্ভব হয় কয়েকজন বন্ধু মিলে গ্রামের বিভিন্ন স্কুল-কলেজের সেরা শিক্ষার্থীর জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। ওই অনুষ্ঠানে এলাকার একজন প্রবীণ শিক্ষককেও বিশেষভাবে সম্মানিত করতে পারেন।
আপনার গ্রামে পাঠাগার আছে কি? না থাকলে পাঠাগার তৈরির ব্যবস্থা নিতে পারেন। সেখানে অবশ্যই যেন তথ্যপ্রযুক্তির ছোঁয়া থাকে। কারণ, এখন বই শুধু পড়ার বিষয় নয়। শোনারও। দেশ-বিদেশের নামকরা কবি- সাহিত্যিকদের অডিও বুক সংগ্রহ করা এখন খুবই সহজ। অবসরে আপনি অডিও বুক শুনতে শুনতে সময় কাটাতে পারেন।
আরেকটা অনুরোধ করি। এবারের ঈদে প্রিয়জনের জন্য উপহারের তালিকায় ভালো বই রাখতে পারেন। ভালো বই ভালো বন্ধুও বটে। ধরা যাক, একটি সুদৃশ্য ব্যাগে প্রিয় কবি-লেখকদের নতুন বই ভরে নিলেন। তারপর ব্যাগটি প্রিয় মানুষের হাতে তুলে দিয়ে বললেন–এই নাও তোমার ঈদ উপহার। প্রিয়জন অবশ্যই খুশি হবে।
ঈদ মানে খুশি; ঈদ মানে আনন্দ। এই আনন্দ আর খুশির মুহূর্তগুলো তখনই সার্থক হয় যখন আপনার দরিদ্র প্রতিবেশীর মুখেও হাসি আর আনন্দ থাকে। যথাসম্ভব প্রতিবেশীর খোঁজ নিন। প্রতিবেশীকে অভুক্ত, অভাবগ্রস্ত রেখে ঈদের যথার্থ মহিমা স্পর্শ করা যায় না। কাজেই ঈদে প্রতিবেশীর খোঁজ নিন। অনেক শুভকামনা সবার জন্য। ঈদ মোবারক।
রেজানুর রহমান: কথাসাহিত্যিক, নাট্যকার, সম্পাদক, আনন্দ আলো
