তোর সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে – বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগকালে খুন হওয়া সরোয়ার হোসেনকে উদ্দেশ্য করে তিন দিন আগে এমন কথা বলেন খুনি! প্রায় ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসন শোষণের নাগপাশ গলিয়ে দেড় হাজার নারী-পুরুষের জীবন দান, কয়েক হাজার পঙ্গু ও অর্ধ সহস্র মানুষের দৃষ্টিশক্তি হারানোর বিনিময়ে অর্জিত জুলাই-আগস্টের বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে এমন ঘটনা কারো কাছেই কাম্য নয়। গত বুধবার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিবিদ্ধ হয়ে সরোয়ার হোসেন বাবলার মৃত্যু নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পুলিশের ভাষ্যমতে, বাবলা ছিলেন চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের দীর্ঘদিনের শীর্ষ সন্ত্রাসী।
সাজ্জাদ হোসেন খান ও তার সহযোগীদের ছত্রছায়ায় বেড়ে ওঠা বাবলা পরবর্তীতে নিজস্ব বাহিনী গড়ে অপরাধ জগতে অবস্থান সুদৃঢ় করেন। একে-৪৭ রাইফেল হাতে চাঁদাবাজি, হামলা, আধিপত্য বিস্তার সবকিছুর সঙ্গেই ছিল তার সম্পৃক্তি। এমন একজন ব্যক্তির মৃত্যুকে স্বাভাবিক মনে হলেও আদতে এটি কোনো সাধারণ ঘটনা নয়। বিএনপি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্বও অনেক। নিঃসন্দেহে এ ঘটনাটি আগামী দিনের জন্য এক অশনি সংকেত। কারণ সাম্প্রতিক বছরগুলোতে বাবলা রাজনীতির মাঠে পা রাখতে শুরু করেন। কারাগারে থাকার সময় থেকেই বিএনপির কিছু প্রভাবশালী নেতার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে, যা মুক্তির পর আরও দৃঢ় হয়।
দলীয় সমাবেশে তার উপস্থিতি এবং ব্যক্তিগত আয়োজনে শীর্ষ নেতাদের যোগদান স্পষ্টই দেখায় যে অপরাধী জগৎ এবং রাজনীতির সংমিশ্রণ নতুন কিছু নয়। বরং পুরনো রোগের নতুন রূপ মাত্র। \r\nচট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার নিজেই জানিয়েছেন, লক্ষ্য ছিল বাবলা; প্রার্থী এরশাদ উল্লাহ নয়। অর্থাৎ প্রতিহিংসা ছিল অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যকার পুরনো বিরোধের অংশ। অথচ ঘটনাটি ঘটেছে নির্বাচনী গণসংযোগের ভিড়ে, প্রার্থী-সমর্থক-সাধারণ মানুষে ঘেরা কর্মসূচিতে। এর অর্থ, অপরাধী গোষ্ঠীগুলো এখনো অস্ত্র হাতে ঘুরছে। এখনো টার্গেট কিলিং করতে সক্ষম এবং সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক কর্মসূচিকেও তারা নিজেদের প্রতিশোধের মাঠ হিসেবে ব্যবহার করতে পারছে।\r\nবিএনপি বলছে, এটি দুই সন্ত্রাসী গ্রুপের বিরোধ। পুলিশ বলছে, ঘটনাটি নির্বাচন পূর্ব অশুভ সংকেত। সত্য যাই হোক, মূল ঘটনা একই- অপরাধী জগতের সঙ্গে রাজনীতিবিদদের অশুভ যোগসাজশ। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশের নিরাপত্তা এবং রাজনৈতিক সংস্কৃতিকে বিপজ্জনক পরিস্থিতির মুখে ঠেলে দিতে পারে। এ ঘটনাকে শুধুই ব্যক্তিগত বিরোধ বলে থামিয়ে দিলে চলবে না। প্রয়োজন রাজনৈতিক দলগুলোর কঠোর অবস্থান, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়া, নির্বাচনঘেঁষা সময়ে সশস্ত্র গোষ্ঠীদের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং বিশেষ করে রাজনৈতিক মাঠে অস্ত্রের প্রভাবমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আবশ্যক। এ অবস্থায় প্রশ্ন জাগে, আমরা কি আসলে সন্ত্রাসমুক্ত রাজনীতি চাই, নাকি অপরাধীদের ভোটের কর্মী ও ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই? রাজনীতিতে অস্ত্রধারী ব্যক্তিদের স্থান হলে গণতন্ত্র নয়, বরং সহিংসতা ও ভয়ই সমাজকে নিয়ন্ত্রণ করবে।
