সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের মন্তব্য বাংলাদেশের অর্থনীতির এক কঠিন সত্যকে অকপটে তুলে ধরেছে। তিনি স্পষ্ট বলেছেন, আমরা ইতোমধ্যে ঋণের ফাঁদে পড়েছি; এ সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়। ঋণের ফাঁদের সবচেয়ে সুস্পষ্ট ও ভয়ংকর চিত্রটি ফুটে ওঠে বাজেট ব্যয়ের খাতগুলোতে। সিপিডির মোস্তাফিজুর রহমান যথার্থই বলেছেন, এক সময় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশনের পর কৃষি ও শিক্ষা ছিল ব্যয়ের দ্বিতীয় প্রধান খাত। আজ সেই স্থান কেড়ে নিয়েছে ঋণের সুদ পরিশোধ। এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কৃষি ও শিক্ষা– এ দুটি খাত সরাসরি মানবসম্পদ উন্নয়ন, খাদ্যনিরাপত্তা এবং প্রবৃদ্ধির মূল ভিত্তি।
এই গুরুত্বপূর্ণ খাতগুলোকে পেছনে ফেলে ঋণের সুদ পরিশোধ দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় খাত হয়ে যাওয়া মানে হচ্ছে, দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য নির্ধারিত সম্পদ বর্তমানের ঋণ পরিশোধে চলে যাচ্ছে। এটি এক দুষ্টচক্র- ঋণ নিয়ে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে ঠিকই, কিন্তু সেই ঋণের সুদ মেটাতে গিয়ে সামাজিক ও মানবসম্পদ উন্নয়নের মতো জরুরি বিনিয়োগ সংকুচিত হচ্ছে। এ প্রক্রিয়া চলতে থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হবে না, বরং ঋণের ওপর নির্ভরশীলতা আরও বাড়বে। তখনই জন্ম নেয় ঋণের ফাঁদ , যখন নতুন করে ঋণ নিতে হয় কেবল পুরানো ঋণের কিস্তি বা সুদ পরিশোধের জন্য।\r\nএনবিআর চেয়ারম্যানের মন্তব্যের সঙ্গে সংগতি রেখে কর-জিডিপি অনুপাতের করুণ চিত্রটি তুলে ধরা দরকার।
তিনি উল্লেখ করেছেন, কয়েক বছর আগেও এই অনুপাত ১০ শতাংশের বেশি ছিল, যা বর্তমানে ৭ শতাংশের ঘরে ঘোরাফেরা করছে। কর-জিডিপি অনুপাত একটি দেশের অর্থনীতির সক্ষমতার অন্যতম নির্দেশক। অনুপাত কমে যাওয়া মানে হলো, দেশের মোট উৎপাদনের তুলনায় সরকার খুব সামান্য অংশই রাজস্ব হিসেবে সংগ্রহ করতে পারছে। ৭ শতাংশের মতো নিম্ন অনুপাত কেবল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নয়, বরং বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায়ও অনেক কম। এনবিআর চেয়ারম্যান নিজেই এর কারণ চিহ্নিত করেছেন- জিডিপির সব খাত থেকে রাজস্ব সংগ্রহ সম্ভব হচ্ছে না। এর পেছনে প্রধানত দুটি কারণ দায়ী- এক. ব্যাপক কর ফাঁকি, বিশেষত অপ্রাতিষ্ঠানিক খাত এবং প্রভাবশালী মহলে কর ফাঁকির ব্যাপকতা। দুই. রাজস্ব প্রশাসনের কাঠামোগত দুর্বলতা, ডিজিটালাইজেশনের অভাব এবং অদক্ষতা।
রাজস্ব আদায় যখন দুর্বল থাকে, তখন সরকার বাধ্য হয় বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ বা বাহ্যিক ঋণের দিকে ঝুঁকতে। ফলস্বরূপ, ঋণ বাড়ছে, আর সেই ঋণের সুদ পরিশোধের চাপ আরও বাড়ছে; যা আবার রাজস্বের প্রধান অংশ গ্রাস করছে। এটি আত্মঘাতী অর্থনৈতিক মডেল। এই কাঠামোগত দুর্বলতা দূর না করে ঋণের ফাঁদ থেকে বের হওয়া কঠিন।\r\nসিপিডির এক গবেষনায় দেখা যায় যে এ পর্যন্ত বাংলাদেশে কর ফাকির পরিমাণ দাঁড়িয়েছে ২২৩০ বিলিয়ন টাকা এবং বাংলাদেশ অনিবন্ধিত ৬ লাখ বিদেশি কমী কর ফাঁকি দিয়েছে ১৮ হাজার কোটি টাকার ওপরে, যা সম্ভব হয়েছে কেবল দুর্বল কর কাঠামো ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে। বিগত কয়েক বছরে ব্যাংকের ওপর ঋণ নিভরতা বেড়েছে। যেমন- ২০২২ সালের শেষ থেকে ২০২৪ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের আমানত বেড়েছে ৩,০৯,৮৮৮ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক বলছে, এই আমানতের ৮৭% সরকার ঋণ হিসাবে নিয়েছে এবং বর্তমানে বৈদেশিক ঋণ বেড়েছে ১০০ বিলিয়ন ডলার। এখন প্রশ্ন হলো, সরকার কেন এত বেশি ঋণ নেয় এবং কেনই সুদে-আসলে তা পরিশোধ করতে হয়। একজন উপদেষ্টা বলেছেন, সরকার ঋণ নেয় বেকেয়া ঋণ পরিশোধের জন্য। ইআরডির তথ্য বলছে, ২০২৪-২০২৫ বৈদেশিক ঋণের ৬৮% ব্যয় হয়েছে পূর্বের বকেয়া ঋণ পরিশোধের জন্য। পরিকল্পনা উপদেষ্টা বলেছেন, ২০২৫-২৬ বছরের বাজেট হবে ঋণের দুষ্টুচক্র ভাঙ্গার বাজেট। বৈদেশিক ঋণ ও অনুদানের বিষয়ে ২০২৪-২৫ সময়ে প্রথম ৮ মাসে ৪১টি চুক্তি স্বাক্ষরিত হয় এবং আইএমএফ/বিশ্বব্যাংক- এর কাছে অতিরিক্ত ঋণ সহায়তা চাওয়া হয়েছে, যার মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা দুঃখজনকও বটে।
রিজার্ভ বাড়াতে হবে রপ্তানি আয় ও রেমিট্যান্স বাড়ানোর মাধ্যমে, তাহলেই এটি টেকসই হবে। বিভিন্ন মাধ্যম বলছে, বাংলাদেশে প্রকল্প ব্যয বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি, যার কারণ রাজনৈতিক বিশেষত দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে চীন ও রাশিয়ার কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়টি। এখন সরকারের সবচেয়ে বড় ঝুঁকি হলো এই সকল ঋণ পরিশোধ। ইআরডি বলছে ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশ যে পরিমাণ বৈদশিক ঋণ নিয়েছে, তার জন্য ২০২৯ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত প্রতি বছর ৩.৫ বিলিয়ন ডলারের বেশি আসল পরিশোধ করতে হবে। বিগত সরকার যত ঋণ নিয়েছে, সবই বিতর্কিত ঋণের মধ্যে পড়ে যায়।\r\nবাজেট ঘাটতি মেটাতে ঋণ নির্ভরতা বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ৩.৬২ শতাংশ।
এই ঘাটতি পূরণে সরকার দেশি ও বৈদেশিক উৎসের ঋণের ওপর অধিক নির্ভর করছে। বাজেট ঘাটতির বড় একটি অংশ, প্রায় ১ লাখ ১ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে। বাকি ১ লাখ ২৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে অভ্যন্তরীণ উৎস থেকে। চলতি অর্থবছরের ২১ মে পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা, যেখানে জানুয়ারি পর্যন্ত এই পরিমাণ ছিল মাত্র ১৩ হাজার ৫৭১ কোটি টাকা। রাজস্ব আদায়ে লক্ষ্য পূরণ না হওয়া, সঞ্চয়পত্র বিক্রির গতি কমে যাওয়া এবং বৈদেশিক ঋণ ছাড় কমে যাওয়াই এর পেছনে অন্যতম কারণ। চলতি ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেট থেকে ২৩ হাজার কোটি টাকা হ্রাস করে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে।
সরকারি ব্যয় ৫৩ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৪৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা থেকে ৪৯ হাজার কোটি টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ১ শতাংশ। সংশোধিত বাজেটে মোট ঘাটতির মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ১৭ হাজার কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ৯ হাজার কোটি টাকা সংগ্রহের কথা রয়েছে। \r\nরাজস্ব আদায়ে গতি বাড়াতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে এক হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।
এই অর্থে হাতে নেওয়া হচ্ছে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের সক্ষমতা বৃদ্ধিকরণ নামের একটি নতুন প্রকল্প। এর জন্য মোট ব্যয় হবে এক হাজার ৯ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৮ কোটি ৮০ লাখ এবং বৈদেশিক ঋণ থেকে এক হাজার কোটি ৪০ লাখ টাকা ব্যয় করা হবে। এই ঋণ পাওয়ার বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। এদিকে রাজস্ব আদায় বৃদ্ধিতে তিন ধরনের চ্যালেঞ্জ চিহ্নিত করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে প্রকল্পটি নিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতায় জাতীয় রাজস্ব বোর্ড। চলতি বছর থেকে শুরু হয়ে ২০৩০ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে।
এ প্রসঙ্গে বিশ্বব্যাংক ঢাকা অফিসের পাবলিক রিলেশন বিভাগের প্রধান জানান, ১২ জুন সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে ২৫ কোটি ডলারের একটি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক বোর্ড। সেই ঋণের মধ্যে রাজস্ব বোর্ড সংস্কারসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান উন্নয়নে ঋণ রয়েছে। তবে এ প্রকল্পটি বাস্তবায়নে ঋণচুক্তি কবে নাগাদ হতে পারে, সেটি বলতে পারবে ইআরডি। \r\nএ পরিস্থিতিতে রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে সরকারের চিহ্নিত করা তিনটি চ্যালেঞ্জ হলো- প্রথমত, বাণিজ্য সম্পর্কিত করের ওপর অত্যধিক নির্ভরতা। দ্বিতীয়ত, একটি মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থা থাকলেও সেটি অসংখ্য ছাড় এবং সংক্ষিপ্ত হার দিয়ে চিহ্নিত। যেটি দারিদ্র্যবান্ধব না হলেও রাজস্ব আদায় বাড়াতে কাজে আসছে না।
তৃতীয়ত, আয়করের ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড়, কর্তন এবং অবকাশ সুবিধা দেওয়া। এসব চ্যালেঞ্জ চিহ্নিত করা হলেও রাজনৈতিক অর্থনীতি এবং সুনির্দিষ্ট নীতি সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারায় রাজস্ব আদায় কাক্সিক্ষত পর্যায়ে নেওয়া সম্ভব হয়নি। এ পরিপ্রেক্ষিতে প্রকল্পটিতে অর্থায়ন করতে রাজি হয়েছে বিশ্বব্যাংক। প্রকল্পে যেসব সংস্কার নিশ্চিত করা হবে সেগুলো হলো- জাতীয় রাজস্ব বোর্ডর দক্ষতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট বিজনেস প্রসেস প্রণয়ন ও বাস্তবায়ন, পরিবর্তন এবং ব্যবস্থাপনা পরিকল্পা গ্রহণ। এছাড়া প্রশিক্ষণ ও নীতি বিশ্লেষণ সক্ষমতা জোরদারকরণ, অভ্যন্তরীণ ও বহিঃযোগাযোগ ব্যবস্থাপনা এবং একটি শক্তিশালী গবেষণা ও পরিসংখ্যান ইউনিট প্রতিষ্ঠা।
পাশাপাশি সংস্থাটির সেবা প্রদান ব্যবস্থা আধুনিকায়নের জন্য তৈরি মাস্টার প্ল্যান বিশ্লেষণ, পরিবর্তন এবং সে অনুসারে স্বয়ংক্রিয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আরও আছে, আয়কর প্রশাসনকে শক্তিশালী করতে সহজ প্রক্রিয়ার সম্পূর্ণ স্বয়ংক্রিয়করণ, বিদ্যমান ও নতুন সিস্টেমগুলোর মধ্যে কার্যকর আন্তঃসংযোগ স্থাপন এবং নতুন সিস্টেম প্রবর্তন। এনবিআর সংস্কারের কার্যক্রম হিসেবে আয়কর ও মূল্য সংযোজন কর- উভয় ক্ষেত্রে একটি সমন্বিত ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি করা হবে। এছাড়াও এনবিআরের বিদ্যমান ও প্রস্তাবিত সিস্টেম যেমন- এ্যাসাইকোডা ওয়ার্ল্ড, আইভিএএস এবং আয়কর সংক্রান্ত অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে আইবিএএস প্লাস প্লাস ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ ডেটা প্ল্যাটফর্মের সমন্বয় করা হবে।
করদাতাদের জন্য একটি স্বয়ংক্রিয় কল সেন্টার প্রতিষ্ঠা করা হবে। রাজস্ব বোর্ডের জনবল, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের জন্য একটি আধুনিক ই-লার্নিং প্ল্যাটফর্ম তৈরি, কর প্রশাসনের জনবলের দক্ষতা বাড়াতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা। একটি পূর্ণাঙ্গ আয়কর প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার জন্য সমীক্ষা ও নকশা তৈরি করা হবে। বিভিন্ন ভ্যাট অফিসের অবকাঠামো উন্নয়নে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা। সবশেষে বলা যায়, ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসতে হলে বাংলাদেশকে জরুরি ভিত্তিতে কিছু কাঠামোগত ও সাহসী পদক্ষেপ নিতে হবে। অপ্রয়োজনীয় মেগা-প্রকল্প নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ, অর্থনৈতিক উপযোগিতা যাচাই না করে কেবল রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পের ব্যয় কমাতে হবে বা স্থগিত করতে হবে। এ ছাড়াও ঋণ ব্যবহারে দক্ষতার পরিচয় দিতে হবে। আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ এবং রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে খেলাপি ঋণকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে। পাশাপাশি আর্থিক খাতে এবং সরকারের বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহি।
