বাংলাদেশের উন্নয়নযাত্রা এক জটিল বাস্তবতার মুখোমুখি। একদিকে দ্রুত নগরায়ণ, শিল্পায়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, ডিজিটাল অর্থনীতির বিস্তার; অন্যদিকে ক্রমবর্ধমান বর্জ্য উৎপাদন, দূষণ, জলবায়ু ঝুঁকি এবং ভূমির ঘাটতি। অর্থনৈতিক অগ্রগতি যেমন দৃশ্যমান, তেমনি বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা দিন দিন প্রকট হয়ে উঠছে। প্রশ্ন হচ্ছে, আমরা কি এই বর্জ্যকে শুধু অপসারণযোগ্য ‘সমস্যা’ হিসেবে দেখব, নাকি এটিকে রূপান্তর করব একটি সম্ভাবনাময় অর্থনৈতিক সম্পদে?
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়। বিশ্বব্যাংকের পূর্ববর্তী এক মূল্যায়নে বলা হয়েছিল, ২০২৫ সালের মধ্যে এই পরিমাণ আরও ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যদি বর্তমান প্রবণতা অব্যাহত থাকে। রাজধানী ঢাকাতেই প্রতিদিন ছয় থেকে সাত হাজার টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ জৈব বা অর্গানিক বর্জ্য, যা কম্পোস্ট বা বায়োগ্যাস উৎপাদনের বিশাল সম্ভাবনা তৈরি করে। বাস্তবে এর বড় অংশই ল্যান্ডফিলে জমা হচ্ছে বা অনিয়ন্ত্রিতভাবে ফেলা হচ্ছে।
বাংলাদেশে বর্জ্য সংগ্রহের দক্ষতা শহরভেদে ৫০ থেকে ৮০ শতাংশের মধ্যে ওঠানামা করে। গ্রামাঞ্চলে এ হার আরও কম। সংগৃহীত বর্জ্যেরও একটি বড় অংশ সঠিকভাবে প্রক্রিয়াজাত হয় না। ঢাকার মাতুয়াইল বা অন্যান্য ডাম্পিং গ্রাউন্ডে যে পরিমাণ বর্জ্য জমা হয়েছে, তা শুধু নান্দনিক বা স্বাস্থ্যঝুঁকির বিষয় নয়; এটি বিশাল মিথেন নির্গমনের উৎস।
শুধু পৌর বর্জ্য নয়, চিকিৎসা বর্জ্যও উদ্বেগজনক। কভিড-পরবর্তী সময়ে চিকিৎসা সামগ্রী, পিপিই, সিরিঞ্জ, প্লাস্টিক সামগ্রী ইত্যাদির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অনেক জায়গায় চিকিৎসা বর্জ্য এখনও সাধারণ বর্জ্যের সঙ্গে মিশে যাচ্ছে, যা সংক্রমণ ও দূষণের ঝুঁকি বাড়াচ্ছে। শিল্প বর্জ্য, বিশেষ করে ট্যানারি ও টেক্সটাইল খাতের বর্জ্য ব্যবস্থাপনা এখনও চ্যালেঞ্জপূর্ণ। আরেকটি দ্রুত বাড়তে থাকা খাত হলো ই-বর্জ্য। মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, ব্যাটারি, সোলার প্যানেল– সব মিলিয়ে বাংলাদেশে বছরে ছয় থেকে আট লাখ টন ই-বর্জ্য তৈরি হয় বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। এর বড় অংশই অনানুষ্ঠানিক খাতে, ঝুঁকিপূর্ণ পরিবেশে প্রক্রিয়াজাত হয়। অথচ এই ই-বর্জ্যের ভেতরে রয়েছে স্বর্ণ, রৌপ্য, তামা, অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন মূল্যবান ধাতু। আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, এক টন মোবাইল ফোন সার্কিট বোর্ডে যে পরিমাণ স্বর্ণ থাকে, তা অনেক ক্ষেত্রে খনিজ খনির তুলনায় বেশি ঘনত্বের।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রস্তাবিত ‘ম্যাটেরিয়াল রিকভারি সেন্টার’ (এমআরসি) ধারণাটি কেবল প্রযুক্তিগত সমাধানই নয়; এটি এক কাঠামোগত নীতিগত রূপান্তরের প্রস্তাব। এই মডেলের একটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনৈতিক সুবিধা। ছোট ছোট পৌরসভায় আলাদা ও সীমিত সক্ষমতার প্লান্ট স্থাপনের বদলে জেলা বা ঞ্চল ভিত্তিতে ক্লাস্টার এমআরসি স্থাপন করলে প্রতি টন প্রক্রিয়াজাত ব্যয় কমে আসে।
বাংলাদেশের কৃষি খাত বছরে বিপুল পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করে, যার বড় অংশ আমদানিনির্ভর। স্থানীয়ভাবে উৎপাদিত জৈব কম্পোস্ট এই নির্ভরতা কিছুটা কমাতে এবং মাটির স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে।
কর্মসংস্থানের ক্ষেত্রেও এমআরসি হতে পারে গেম চেঞ্জার। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলছে, পুনর্ব্যবহার ও বর্জ্য প্রক্রিয়াজাত খাত ল্যান্ডফিলনির্ভর ব্যবস্থার তুলনায় বেশি শ্রমঘন। সংগ্রহ, বাছাই, যন্ত্র চালনা, রক্ষণাবেক্ষণ, পরিবেশ মনিটরিং– সব মিলিয়ে হাজার হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। বাংলাদেশের অনানুষ্ঠানিক বর্জ্য সংগ্রাহকদের আনুষ্ঠানিক কাঠামোয় অন্তর্ভুক্ত করা গেলে সামাজিক সুরক্ষা ও কর্মপরিবেশের উন্নয়ন সম্ভব হবে।
তবে অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়। উৎস পর্যায়ে বর্জ্য পৃথককরণ বাধ্যতামূলক করতে হবে। পরিবার, প্রতিষ্ঠান ও হাসপাতাল পর্যায়ে আলাদা বিধি ব্যবস্থা না থাকলে এমআরসি কার্যকর হবে না। প্রস্তুতকারকদের ওপর এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি আরোপ করতে হবে, যাতে প্যাকেজিং ও ইলেকট্রনিক পণ্যের বর্জ্য ব্যবস্থাপনায় তাদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক দায় থাকে। বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে ডিজিটাল ট্র্যাকিং ও তথ্যভিত্তিক পরিকল্পনা প্রবর্তন জরুরি। নিশ্চয়ই চ্যালেঞ্জ আছে। জমি নির্বাচন নিয়ে সামাজিক আপত্তি, দুর্বল তদারকি, বাজারদরের অস্থিরতা– এসব ঝুঁকি বিবেচনায় নিতে হবে। কিন্তু সুস্পষ্ট নীতিমালা, স্বচ্ছতা ও শক্তিশালী স্থানীয় সরকার কাঠামো থাকলে এগুলো মোকাবিলা করা সম্ভব।
বাংলাদেশ আজ যখন মধ্যম আয়ের দেশ থেকে টেকসই শিল্পোন্নত অর্থনীতিতে উত্তরণের কথা বলছে, তখন বর্জ্য ব্যবস্থাপনাকে নতুনভাবে ভাবার সময় এসেছে। এটি কেবল পরিচ্ছন্নতার বিষয় নয়; শিল্পনীতি, কৃষিনীতি, জ্বালানি নীতি ও জলবায়ু নীতির সঙ্গে জড়িত।
ড. ফয়সাল কবির শুভ: গবেষক ও নগর পরিকল্পনাবিদ shuvobuet81@gmail.com
