সোমবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে সরকার। এর আগে ৩০ আগস্ট প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ২০২৮ শিক্ষাবর্ষের শিক্ষাক্রমে ব্যাপক সংস্কারের কথা বলেছেন। তারও আগে শিক্ষায় সংস্কারের কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সরকারের দায়িত্বশীলরা বারবার শিক্ষা সংস্কারের কথা বললেও বাস্তবে কি সেভাবে কাজ হচ্ছে?
হ্যাঁ, সরকার শিক্ষায় কিছু পরিবর্তনের কথা বলছে; কিছু ইতোমধ্যে বাস্তবায়নের পথে আছে। বিশেষত প্রাথমিক-মাধ্যমিকে চার নতুন বই ও বিষয়ের কথা আমরা জানি। যেখানে লার্নিং উইথ হ্যাপিনেসের মতো অভিনব বিষয়ও আছে। তৃতীয় ভাষায় জোর দেওয়ার কথা সরকার বলেছে। কারগরি শিক্ষায় গুরুত্বের বিষয়ও আসছে। এগুলোই কি শিক্ষা সংস্কার?
বস্তুত এখন শিক্ষা প্রশাসন যেগুলো করছে, তাকে বলা যায় ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু সরকার পরিকল্পিতভাবেই এগোতে পারত। সে জন্য জরুরি ছিল শুরুতে শিক্ষা সংস্কার কমিশন গঠন। বিএনপির নির্বাচনী ইশতেহারেও তার প্রতিশ্রুতি আছে। সরকার ১৮০ দিনের মধ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করলে, এরপর সেই কমিশনের নির্দেশনা অনুযায়ী অগ্রসর হলে শিক্ষার সংকট কমত।
আগস্ট মাসেও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষায় সংস্কার ও নতুন নীতিমালার কথা বলেছিলেন। প্রশ্ন হলো, এই সংস্কার ও নীতিমালার ভিত্তি কী? অর্থাৎ শিক্ষায় পরিকল্পনা নেওয়ার আগে যে ধরনের গবেষণা ও গ্রাউন্ডওয়ার্ক দরকার, সেগুলো হচ্ছে কি? বাস্তবে তা হচ্ছে না বলেই সরকার বারবার সিদ্ধান্ত নিয়ে পিছু হটছে বলে মনে হচ্ছে। এর আগে বলা হয়েছিল, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে।
সমালোচনার মুখে পড়ে অবশেষে বাস্তবতা অনুধাবন করে লটারিই বহাল রাখা হয়েছে। আবার জানুয়ারিতে এসএসসির কথা বলা হলেও সেখান থেকে পিছু হটেছে। অনুরূপভাবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসির পরিবর্তে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত থেকেও সরকার সরে আসে। শিক্ষাক্ষেত্রে এভাবে হুটহাট সিদ্ধান্ত কেন?
বস্তুত অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি ওঠে জোরালোভাবে। নানা কারণেই এটি জরুরি ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের আগে তারা নতুন যে শিক্ষাক্রম চালু করেছিল, সেটি অন্তর্বর্তী সরকার বাতিল করার কারণে সেই পুরোনো শিক্ষাক্রমে আমরা ফিরে গেছি। এই সময়ে এসে এখনও ২০১২ সালের শিক্ষাক্রম কতটা পুরোনো, বলার অপেক্ষা রাখে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্যই শিক্ষা সংস্কার কমিশন জরুরি।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষায় যে সংস্কারের কথা বলছেন, সে সংস্কারের রূপরেখা কারা প্রণয়ন করেছে? আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ে সিদ্ধান্ত কারা নিচ্ছে? যেহেতু সরকার শিক্ষা বিশেষজ্ঞদের সমন্বয়ে কোনো কমিশন বা কমিটি গঠন করেনি, তার মানে কি মন্ত্রী কিংবা আমলারাই সিদ্ধান্ত নিচ্ছেন? যাদের দায়িত্ব ব্যবস্থাপনার, তারা কেন নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবেন? মন্ত্রী কিংবা আমলারা শিক্ষার বিশেষজ্ঞ নন। শিশুর মনস্তত্ত্ব সম্পর্কে তাদের সেভাবে ধারণা থাকার কথা নয়। তাদের দায়িত্ব হলো এ বিষয়ে বিশেষজ্ঞদের যুক্ত করা। বিশেষজ্ঞদের সুপারিশ তারা বাস্তবায়ন করবেন।
২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর ঘোষণা দিয়েছে সরকার। এখন ২০২৬ সালের শেষদিকে উপনীত হলেও এ লক্ষ্যে কোনো কমিশন কিংবা কমিটি গঠন করা হয়নি। অথচ নতুন শিক্ষাক্রম চালুর জন্য তিন-চার বছর প্রয়োজন। এ জন্য প্রথমেই প্রয়োজন বাস্তবতা নিরূপণ ও প্রয়োজন বোঝা। এরপর শিক্ষাক্রমের রূপরেখা প্রণয়ন। তারপর পরীক্ষামূলক বাস্তবায়নের পর পূর্ণাঙ্গ বাস্তবায়নের ধাপ আসে। এভাবে ধাপ অনুযায়ী না এগোলে সেটি শিক্ষার্থীদের জন্য হিতে বিপরীতও হতে পারে। সরকারের যদি সত্যিই নতুন শিক্ষাক্রম প্রণয়নের সদিচ্ছা থাকে, শুরুতেই শিক্ষা সংস্কার কমিশন গঠন করা উচিত ছিল। সেই কমিশন সময়ের আলোকে শিক্ষানীতি ও শিক্ষাক্রম গঠনের প্রাথমিক কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
মনে রাখতে হবে, আমাদের শিক্ষার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা; সব পর্যায়ে সংস্কার জরুরি। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শিশুবান্ধব ও যুগোপযোগী করা এবং উচ্চশিক্ষার সঙ্গে বাজারের ফারাক ঘোচানো ও সময়োপযোগী সিলেবাস প্রণয়ন করা প্রয়োজন। আমাদের শিক্ষার সব পর্যায়ের সংস্কারে কমিশন গঠন করে দিলে তারা স্তর অনুযায়ী বাস্তবতা তুলে ধরা, নিড অ্যাসেসমেন্ট ও করণীয় সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবে। এভাবে সমন্বিতভাবে শিক্ষা সংস্কারের কাজ না করলে সমস্যা থেকেই যাবে।
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সংস্কারে শিক্ষাক্রম, শিক্ষক, তদারকি, অবকাঠামো ও প্রযুক্তি– এ পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন ববি হাজ্জাজ। অস্বীকার করার উপায় নেই যে, এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এগুলো বাস্তবায়নের আগে যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধান্ত আসতে হবে। সেই সিদ্ধান্ত নেওয়ার প্রাথমিক দায়িত্ব দেওয়া উচিত শিক্ষা বিশেষজ্ঞদের। শিক্ষার সংস্কার ও যুগোপযোগী করা মানে কেবল বিদেশের অন্ধ অনুসরণ নয়। আমরা বিশ্বের উদাহরণ থেকে শিক্ষা নেব, কিন্তু দেশীয় বাস্তবতা আগে আমলে নিতে হবে। হুটহাট সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীরা কেবল গিনিপিগই থাকবে। শিশুদের ওপর পরীক্ষা-নিরীক্ষা আর কত!
মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com
