ইকো-ইঞ্জিনিয়ারিং বা ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি পদ্ধতি যেখানে প্রকৌশল প্রযুক্তি ও জীবপ্রযুক্তির সমন্বয় করে পোকা দমন, উদ্ভিদ ও প্রাণিকুলের সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষা করা যায়। ফলে উপকারী পোকামাকড়ের খাদ্য ও আশ্রয়ের উৎস বৃদ্ধি পায় এবং পরিবেশগত ভারসাম্যতা রক্ষা হয়। রাইস ইকোসিস্টেমে ধানক্ষেতের আইলে পুষ্পমধু উৎপাদনকারী বিভিন্ন শাক-সবজি, ফল ও ফুলের চাষ করে বিভিন্ন উপকারী পোকামাকড়ের আশ্রয় ও খাদ্যের উৎস তৈরি করার মাধ্যমে ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণের পদ্ধতিকে ইকো-ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে। \r\nরাইস ইকোসিস্টেমে শত শত আর্থোপড প্রজাতি বসবাস করে। সেগুলো তাদের জীবনচক্র সম্পন্ন করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে।
তৃণভোজী, পরভোজী, পরজীবী, সংকরায়ন, পচন এবং পুষ্টিচক্র হিসেবে রাইস ইকোসিস্টেমে শত শত আর্থোপড কাজ করে। তন্মধ্যে যেগুলো সরাসরি ধান গাছ খেয়ে বেঁচে থাকে সেগুলোকে ক্ষতিকর হিসেবে শনাক্ত করা হয়। ব্রির কীটতত্ত্ব বিভাগের বিজ্ঞানীরা ধানের ২৩২ ধরনের ধানের ক্ষতিকর পোকা শনাক্ত করেছেন। তন্মধ্যে ২০-৩৩ প্রজাতির ক্ষতিকর পোকা বাংলাদেশে ধানের অর্থনৈতিক ক্ষতি সাধন করে। বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের কারণে ধানের ফলন বোরো মৌসুমে ১৫ শতাংশ, আউশে ২৪ এবং আমনে ১৮ শতাংশ কমে যায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ঋঅঙ) এর মতে, বিভিন্ন রোগ ও পোকামাকড়ের কারণে বিশ্বব্যাপী প্রতি বছর ৩৭ শতাংশ পর্যন্ত ধান নষ্ট হয়। বাংলাদেশে, রোগ ও পোকামাকড়ের কারণে ধানের ফলন তিন মৌসুম মিলিয়ে গড়ে প্রায় ১৮ শতাংশ ফলন হ্রাস পায় এ কারণে। তবে নির্দিষ্ট কিছু রোগের তীব্র আক্রমণে ক্ষতির পরিমাণ আরও অনেক বাড়তে পারে। অন্যদিকে ক্ষতিকর পোকাগুলো বিভিন্ন ধরনের পরভোজী ও পরজীবীর দ্বারা আক্রান্ত এবং তাদের অস্বাভাবিক বৃদ্ধি প্রতিহত হয়। ফলে পরিবেশের ভারসাম্যতা রক্ষা হয়। ধানক্ষেতে এ ধরনের ৩৭৫ ধরনের পরভোজী ও পরজীবী পোকা আছে, যা উপকারী বা বন্ধু পোকা নামে পরিচিত।
