বাংলাদেশের এক অনন্য বৈশিষ্ট্য চর, যা বিশ্বের অন্যতম উর্বর ভূমি। পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা ও ব্রহ্মপুত্রের অববাহিকায় জেগে ওঠা বিশাল ভূখ- একসময় পরিচিত ছিল ক্ষুধা, মঙ্গা, নদীভাঙন এবং চরম দারিদ্র্যের সমার্থক হিসেবে। এখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চরাঞ্চলে বসবাসকারী লাখ লাখ মানুষের জীবন ছিল মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন এবং প্রকৃতির খামখেয়ালিপনার ওপর নির্ভরশীল। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ দৃশ্যপটে এসেছে এক বৈপ্লবিক রূপান্তর। কৃষিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এবং চরের মানুষের অদম্য পরিশ্রমের ফলে চরাঞ্চল আজ আর অবহেলিত প্রান্তিক ভূমি নয়, বরং দেশের অর্থনীতির নতুন এক চালিকাশক্তি ও খাদ্য নিরাপত্তার নতুন দিগন্ত হিসেবে আত্মপ্রকাশ করেছে। চরের কৃষিকে কেন্দ্র করে সেখানে দ্রুত হ্রাস পাচ্ছে দারিদ্র্য এবং প্রান্তিক মানুষ হয়ে উঠছে স্বাবলম্বী।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার তথ্যানুযায়ী, দেশের মোট আয়তনের একটি উল্লেখযোগ্য অংশজুড়ে রয়েছে নদীবিধৌত চরাঞ্চল, যেখানে প্রায় ১ কোটি মানুষের বসবাস। দেশের মোট আয়তনের প্রায় ১০ শতাংশে রয়েছে চরাঞ্চল (প্রায় ৩৬ লাখ একর)। তবে ভৌগোলিক দুর্গমতার কারণে এর সবটুকু এখনো চাষের আওতায় আসেনি। বর্তমানে চরের প্রায় ২৫ শতাংশ বা ৯ লাখ একর জমি নিবিড় চাষাবাদের আওতায় এসেছে, যা জাতীয় কৃষি উৎপাদনে ক্রমেই বড় ভূমিকা রাখছে। এক দশক আগেও বিবিএসের দারিদ্র্য-মানচিত্রে চরাঞ্চলকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অতিদরিদ্র এলাকা হিসেবে চিহ্নিত করা হতো, যেখানে প্রায় ৮০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করত।
চরের যোগাযোগ বিচ্ছিন্নতা, বিদ্যুৎহীনতা এবং স্থায়ী অবকাঠামোর অভাব এ দারিদ্র্যকে দীর্ঘস্থায়ী করে রেখেছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় কৃষিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় এবং চরের বালুময় জমিতে বৈচিত্র্যময় ফসল উৎপাদন সম্ভব হওয়ায় এ জনগোষ্ঠীর অর্থনৈতিক সূচকে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ অর্থনৈতিক শুমারি ও খানা আয়-ব্যয় জরিপের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বিগত এক দশকে চরাঞ্চলে মাথাপিছু আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং অতি-দারিদ্র্যের হার দ্রুত নি¤œমুখী হয়েছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে চরের মানুষের কর্মসংস্থান এখন আর বছরের নির্দিষ্ট কিছু মাসে সীমাবদ্ধ নেই। বিবিএসের কৃষি শুমারির তথ্যমতে, চরের অব্যাবহৃত ও পতিত জমির পরিমাণ ক্রমান্বয়ে কমছে এবং নিবিড় চাষাবাদের আওতাধীন জমির পরিমাণ বাড়ছে। কৃষি থেকে অর্জিত অর্থ দিয়ে চরের পরিবারগুলো এখন টেকসই আবাসন নির্মাণ করছে, সন্তানদের শিক্ষার খরচ জোগাচ্ছে এবং সৌরবিদ্যুতের মতো আধুনিক সুবিধা গ্রহণ করে জীবনযাত্রার মান উন্নত করছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) চরাঞ্চলের কৃষিকে টেকসই এবং জলবায়ু পরিবর্তন-সহনশীল করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের কারণে চরাঞ্চলগুলো বন্যা, খরা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের প্রথম শিকার হয়। এফএও চরের কৃষকদের জন্য ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বা জলবায়ু-সহনশীল কৃষি পদ্ধতির মডেল তৈরিতে কারিগরি সহায়তা দিচ্ছে। এফএওর কৌশলগত ফ্রেমওয়ার্ক (২০২২-২০৩১) অনুযায়ী- উন্নত উৎপাদন, উন্নত পুষ্টি, উন্নত পরিবেশ ও উন্নত জীবনযাত্রার লক্ষ্য বাস্তবায়নে চরের ক্ষুদ্র চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভাসমান সবজি চাষ, আপদকালীন বীজ সংরক্ষণ এবং খরা-সহনশীল ফসলের জাত প্রবর্তনের মাধ্যমে এফএও চরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যানুযায়ী, দেশে বর্তমানে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০টি স্থায়ী ও অস্থায়ী চর রয়েছে। এসব চরের মোট আয়তন প্রায় ৮ লাখ ৩০ হাজার হেক্টর। এর মধ্যে ৬ লাখ ৫৯ হাজার ৪৭ হেক্টর আবাদযোগ্য এবং প্রায় ১ লাখ ১ হাজার ৮৯২ হেক্টর পতিত জমি। প্রায় ২ কোটি মানুষের বসবাস এসব চরে। চরের মানুষের প্রধান জীবিকা কৃষি, মৎস্য, পশুপালন ও ক্ষুদ্র ব্যবসা অবলম্বন। দেশের মোট চরাঞ্চলের প্রায় ৬৭ শতাংশ উত্তরাঞ্চলে অবস্থিত। কুড়িগ্রাম, জামালপুর, ভোলা ও নোয়াখালী জেলায় অধিকাংশ চরের অবস্থিতি লক্ষ করা যায়। প্রতি বছর কয়েক মাস পানিতে তলিয়ে থাকার কারণে চরাঞ্চলের মাটিতে নতুন পলি জমে, যা জমিকে প্রাকৃতিকভাবে উর্বর করে তোলে। ফলে তুলনামূলক কম রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করেও ভালো ফলন পাওয়া সম্ভব হয়।
বাংলাদেশে বর্তমানে প্রায় ৮৮ লাখ ২৯ হাজার হেক্টর (২ কোটি ১৮ লাখ একর) আবাদযোগ্য জমি রয়েছে, যা দেশের মোট আয়তনের ৫৯.৭ শতাংশ। এক ফসলি ও দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তরের জন্য কৃষককে উন্নতমানের বীজ, সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষি ঋণ দেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে কৃষককে কৃষিকাজে আরো উৎসাহিত করা হচ্ছে- যাতে তারা কৃষিজমি অকৃষি খাতে ইজারা দেয়া বা বিক্রি না করে আবাদ অব্যাহত রাখে। শস্য বহুমুখীকরণ কর্মসূচির আওতায় উচ্চমূল্য ও পুষ্টিকর শস্যের উৎপাদন বাড়ানো, উন্নত প্রযুক্তি ও বীজ বিতরণ, কৃষক প্রশিক্ষণ এবং সচেতনতা বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে দেশে একক ফসল চাষের প্রবণতা কমে বহু ফসল চাষের নিবিড়তা বেড়েছে এবং ফল ও সবজির উৎপাদনও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
দেশের কৃষিকে অধিক লাভজনক, পুষ্টিসমৃদ্ধ এবং জলবায়ু সহনশীল করতে শস্য বহুমুখীকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা আইন-২০২৬ প্রণয়ন নিয়ে কাজ করছে সরকার। উপকূলীয় লবণাক্ত অঞ্চল, বরেন্দ্র অঞ্চল, হাওর এলাকা ও পাহাড়ি অঞ্চলসহ দেশের প্রায় সব জেলা ও উপজেলায় এ কর্মসূচির কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষককে আধুনিক প্রযুক্তি, উন্নতমানের বীজ এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ ও উচ্চমূল্যের ফসল চাষে কৃষককে উৎসাহিত করা হচ্ছে, যাতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকের আয়ও বাড়ে। অপরিকল্পিত নগরায়ণ, আবাসন নির্মাণ ও শিল্পায়নের কারণে দেশে প্রতি বছর বিপুল পরিমাণ আবাদযোগ্য জমি হারিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলা ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্প্রতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও কঠোর পদক্ষেপ নিয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, শস্য বহুমুখীকরণ কর্মসূচির অংশ হিসেবে জামালপুর সদর উপজেলায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি), প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প, বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে কৃষিতে বহুমুখীকরণ বাড়ছে, নতুন প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ হচ্ছে এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জন হচ্ছে।
জাতীয় উৎপাদনে চরের সামগ্রিক অবদান সম্পর্কে সরকারি পরিসংখ্যান না থাকলেও, বিশেষ কিছু ফসলে চরের অবদান অত্যন্ত ব্যাপক। দেশের মোট উৎপাদিত ভুট্টা ও চিনা বাদামের প্রায় ৩৫-৪০ শতাংশ এবং রবি মৌসুমের মিষ্টিকুমড়া, মরিচ ও পেঁয়াজের প্রায় ২০-২৫ শতাংশ এখন চরাঞ্চলের পলিমাটি থেকেই সরবরাহ করা হচ্ছে। মাঠপর্যায়ের নিবিড় কার্যক্রম চরের কৃষিকে আমূল বদলে দিয়েছে। একসময় চরের মানুষ শুধু ঐতিহ্যবাহী কিছু স্বল্প ফলনশীল ফসল চাষ করত। বর্তমানে ডিএইর ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় দেশের প্রায় ৩ হাজার ৮৪৬টি চরের মধ্যে প্রথম পর্যায়ে ১ হাজার ৪২৭টি চরকে চাষের উপযোগী করার মেগা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। ডিএই চরের কৃষকদের জলবায়ু-সহনশীল ও উচ্চফলনশীল জাতের বীজ, আধুনিক সেচপ্রযুক্তি এবং পরিবেশবান্ধব কৃষি কৌশল ব্যবহারে উদ্বুদ্ধ করছে। ফলে চরের পলি ও বালু মিশ্রিত উর্বর মাটিতে এখন আর শুধু ধান বা পাট নয়, উৎপাদিত হচ্ছে উচ্চমূল্যের ফসল।
চরের চড়া ও শুষ্ক বালুমাটিতে ভুট্টা এবং চিনা বাদামের বাম্পার ফলন হচ্ছে, যা চরের কৃষকের ভাগ্য বদলে দিয়েছে। মিষ্টিকুমড়া, বেগুন, মরিচ, পেঁয়াজ, আলু এবং স্কোয়াশের মতো সবজি ব্যাপকভাবে চাষ হচ্ছে। বিশেষ করে চরের মিষ্টিকুমড়া এখন দেশের গ-ি পেরিয়ে বিদেশেও রপ্তানির পথ সুগম করছে। প্রাণিসম্পদ ও দুগ্ধ খাতের বিকাশচরের বিস্তীর্ণ চারণভূমি গবাদিপশু পালনের জন্য অত্যন্ত উপযোগী। সরকারি তথ্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চরাঞ্চলে বর্তমানে বাণিজ্যিকভাবে গরু, মহিষ, ছাগল ও ভেড়া পালন করা হচ্ছে। বিশেষ করে পাবনা, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামের চরাঞ্চলের উৎপাদিত দুধ দেশের প্রধান প্রধান দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কোম্পানির কাঁচামালের বড় উৎস। প্রাণিসম্পদ খাতের এ প্রসার চরের ভূমিহীন ও প্রান্তিক মানুষের দারিদ্র্যবিমোচনে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে, যা তাদের দ্রুত স্বাবলম্বী করে তুলছে।
চরের কৃষি আজ বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের এক অনন্য উদাহরণ। একসময়ের ধুধু বালুচর আজ ফসলের সবুজ সমারোহে ভরপুর। ডিএইর মাঠপর্যায়ের প্রযুক্তিগত সম্প্রসারণ, বিবিএসের ইতিবাচক সূচক, এফএওর আন্তর্জাতিক কারিগরি নীতি এবং স্থানীয় কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফলে চরাঞ্চলে দারিদ্র্যের হার দ্রুত হ্রাস পাচ্ছে। চরের কৃষককে যদি আরো বেশি পরিমাণে সুদমুক্ত বা স্বল্পসুদে ঋণ, উন্নত সেচ সুবিধা এবং দুর্যোগকালীন শস্য বীমার আওতায় আনা যায়, তবে চরাঞ্চল দেশের সামগ্রিক মৎস্য ও কৃষি অর্থনীতিতে আরো বড় বিপ্লব ঘটাতে সক্ষম হবে। চরের মানুষের স্বাবলম্বী হওয়ার এ গল্প প্রমাণ করে যে, সঠিক উদ্যোগ ও সুযোগ পেলে প্রতিকূল পরিবেশকেও সমৃদ্ধিতে রূপান্তর করা সম্ভব।
লেখক : প্রকল্প পরিচালক, বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ।
