অন্তহীন দাবি-দাওয়ায় নাকাল ঢাকার জীবনযাত্রা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের ধারাবাহিক অবরোধ কর্মসূচিতে গেল ক দিন রাজধানীর জনজীবন কার্যত অচল করে দিয়েছে। সড়ক অবরোধ করে আন্দোলনের ফলে যানজটে পথচারীদের ভোগান্তি, ক্ষোভ আর অসহায়ত্ব সব মিলিয়ে ঢাকা পরিণত হয়েছে এক দুর্ভোগের নগরী, আর আমজনতা তার নীরব ভুক্তভোগী। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক দীর্ঘদিন ধরে সাত কলেজের প্রশাসনিক সংকট, একাডেমিক বিশৃঙ্খলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ব্যবস্থার প্রশাসনিক জটিলতা একটি বাস্তব সমস্যা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের দাবি সেই সংকট থেকে উত্তরণেরই একটি পথ।
কিন্তু প্রশ্ন হলো দাবি আদায়ের নামে সাধারণ মানুষের জীবনকে জিম্মি করার অধিকার কি আমাদের কারোর আছে?\r\nবুধবার পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ৬ ঘণ্টার অবরোধে রাজধানীর অধিকাংশ সড়ক স্থবির হয়ে পড়ে। বৃহস্পতিবারও সায়েন্সল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীরা, যা সোয়া ৪ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়। এর মধ্যে রোগীবাহী অ্যাম্বুলেন্স, কর্মজীবী মানুষ, নারী, শিশু ও বৃদ্ধ কেউই রেহাই পাননি। যেসব স্থানে তারা অবরোধ করেছে তার আশপাশে সরকারি-বেসরকারি অনেকগুলো হাসপাতাল, যেখানে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার রোগী জরুরি চিকিৎসা নিতে আসে। যত্রতত্র অবরোধের ফলে রোগীর জীবন বাঁচানোই দায়। ভুলে গেলে চলবে না, দাবি-দাওয়া জীবনের প্রয়োজনে, আর যদি অবরোধে আটকে মানুষের জীবনই না বাঁচে তবে ছাত্ররা এর দায় কীভাবে নেবে?
আমাদের সন্তানতুল্য তরুণ প্রজন্মকে মনে রাখতে হবে- রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্তই চাপ দিয়ে আদায় করা সমীচীন নয়। অধিকার আদায়ের সব আন্দোলন-সংগ্রামই সংবিধান সমর্থিত কিন্তু নাগরিকদের জনদুর্ভোগ ঘটিয়ে কোনো পদক্ষেপ সমর্থন করা যায় না। শিক্ষার্থীদের স্লোগান যত উচ্চকণ্ঠই হোক, ক্ষুব্ধ মানুষের দীর্ঘশ্বাস তার চেয়েও গভীর। মনে রাখতে হবে সব আন্দোলনের নৈতিক শক্তিও আসে জনসমর্থন থেকে। সড়ক অবরোধ করে সেই জনসমর্থন অর্জন করা যায় না; বরং মানুষের ক্ষোভ বাড়ে। সরকারের উচিত দ্রুত সয়ের মধ্যে অধ্যাদেশ জারির সময়সীমা ঘোষণা করা এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনায় বসা।\r\nদাবি আদায়ের পথ হতে পারে বহু সংলাপ, শান্তিপূর্ণ সমাবেশ, প্রতীকী কর্মসূচি। রাজধানী অচল করে নয়। শিক্ষার্থীদের আন্দোলনে সরকারও দায় এড়াতে পারে না। আমরা মনেকরি, সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা, এটি আমলাতান্ত্রিক জটিলতার সুস্পষ্ট ইঙ্গিত। দৃশ্যমান রোডম্যাপের অভাব এবং কার্যকর যোগাযোগহীনতাই এই সংকটকে আরও উসকে দিচ্ছে। রাজধানী আর আন্দোলন-সংগ্রামের পরীক্ষা-নিরীক্ষার নগরী হতে পারে না। জনজীবন সচল রাখা রাষ্ট্রের দায়িত্ব, আর সেই দায়কে সম্মান করা নাগরিক আন্দোলনেরও কর্তব্য। এখনই সময় উভয়পক্ষ সংযম দেখাক, দায়িত্ব নিক, আর ঢাকাবাসীকে মুক্তি দিক এই অবরোধের দুঃসহ যন্ত্রণা থেকে।
