গত মাসে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি একজন জনপ্রিয় শিক্ষক নেতা। অধ্যাপক ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ অনেক প্রতিষ্ঠানেই কাজ করেছেন। তিনি সিনেট সদস্য হিসেবে ছাত্রদের জীবনমান উন্নয়ন ও অধিকারের প্রতি সরব ছিলেন। একই সঙ্গে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষকদের কাজের পরিবেশ উন্নয়ন ও অন্যান্য সুযোগ-সুবিধার প্রশ্নে ছিলেন সোচ্চার। কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কী প্রয়োজন, তা তিনি ভালোভাবেই জানেন।

বর্তমান উপাচার্যের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যাশা অনেক। ছাত্ররা আশা করে, তারা একটি ভীতিমুক্ত ও মর্যাদাপূর্ণ পরিবেশে শিক্ষালাভের সুযোগ পাবে। সকল চিন্তা-দর্শনের ছাত্র একটি সুন্দর পরিবেশে হলে থাকার সুযোগ পাবে। ভিন্ন চিন্তার কারণে ছাত্ররা যেন হলে নির্যাতনের শিকার বা হল থেকে বিতাড়িত না হয়– এমন পরিবেশ তারা প্রত্যাশা করে।

ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শিক্ষার্থীরা যেন তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। কেননা, ডাকসু ছাড়া সিনেট অসম্পূর্ণ। শিক্ষার্থীদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের জন্য হলগুলোতে ভর্তুকির ব্যবস্থা করা প্রয়োজন। মেধার ভিত্তিতে আবাসনের ব্যবস্থা করাও জরুরি। হলে উঠতে কোনো সংগঠনের কাছে যেন না যেতে হয়, সে জন্য নতুন আরও আবাসিক হল নির্মাণ করা আবশ্যক। অর্থের অভাবে শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয়, সে জন্য অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করা দরকার।

পৃথিবীর সব সভ্য দেশের মতো ২৪ ঘণ্টা লাইব্রেরি খোলা রাখা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ গমনাগমনের ব্যবস্থা করা দরকার। পৃথিবীর স্বনামখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ করলে শিক্ষার্থীরা যে কোনো সেমিস্টারে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবরেশন বাড়াতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত শিক্ষক এনে পাঠদানের মাধ্যমে বৈশ্বিক আবহ তৈরি করতে হবে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনি সম্পর্ক গড়ে তুললে সেসব প্রতিষ্ঠানের অর্থায়নে শিক্ষার্থীরা গবেষণা করার সুযোগ পাবে। গবেষণালব্ধ ফল যেন শিল্পপ্রতিষ্ঠান কাজে লাগাতে পারে, সে ধরনের ক্ষেত্র প্রস্তুত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে সরকারের ওপর নির্ভরতার সীমাবদ্ধতা অতিক্রম করে নিজস্ব সক্ষমতা গড়ে তোলা আবশ্যক।

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনায় যথাযথ আইন ও বিধি রয়েছে, যা ব্রিটিশ আমলে প্রণীত এবং সময়ে সময়ে সংশোধিত হয়েছে। এই আইন ও বিধিগুলো যথাযথভাবে মান্যতা দিতে পারলে এই বিশ্ববিদ্যালয় সুচারুরূপে পরিচালিত হবে।

উপমহাদেশে যেসব বিশ্ববিদ্যালয় আবাসিক ও ক্যাম্পাসভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করেছিল, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম। অথচ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন পরবর্তীকালে হয়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়কে সঠিকভাবে পরিচালনায় সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, ডিন, শিক্ষক সমিতির মতো প্রতিষ্ঠানকে কার্যকর করা প্রয়োজন। সে ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে এসব পর্ষদ পুনর্গঠন করা জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে সরকার, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, সংসদ সদস্যসহ নাগরিক সমাজের সব পর্যায়ের প্রতিনিধিত্ব রয়েছে। এ ধরনের বৈচিত্র্যময় আইনি প্রতিষ্ঠান বাংলাদেশে আর একটিও নেই। অথচ প্রতিষ্ঠানটি ভাইস চ্যান্সেলররা ভিসি প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে ব্যক্তিস্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছেন। এ প্রতিষ্ঠানকে স্বাভাবিকভাবে চলতে দেবেন বলে সবাই প্রত্যাশা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের রাজনীতি করার অধিকার বিধিবদ্ধভাবে স্বীকৃত। কিন্তু সেই রাজনীতি অবশ্যই শিক্ষার্থীদের স্বার্থে হওয়া উচিত।

মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় পূর্ববাংলার আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনের রাজনীতির সূতিকাগার ছিল। পরবর্তীকালেও বিভিন্ন অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকা রেখেছে। জাতির যে কোনো সংকটকালে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আগামীতেও হয়তো রাখবে। কিন্তু বর্তমান সময়ের চাহিদা অনুসারে আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক মানে উন্নীত করা অপরিহার্য। শিক্ষার্থীরাই এ বিশ্ববিদ্যালয়ের প্রাণ। শিক্ষার্থীর অভিভাবক শিক্ষক। তারা বিভিন্ন মতাদর্শের অধিকারী হলেও পাঠদান প্রক্রিয়ায় এর প্রভাব কখনও ক্লাসরুমে পড়ে না। অতীতে পাকিস্তান আমল থেকে শুরু করে অনেক অগণতান্ত্রিক চরিত্রের সরকার পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা ভূমিকা রেখেছেন। আবার বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দুঃখজনকভাবে ছাত্ররা ক্যাম্পাস থেকে বিতাড়িতও হয়েছে। অনেকের শিক্ষাজীবন ব্যাহত হয়েছে। সে ধারা থেকে বের হয়ে একটি নতুন ধারার সূচনা হোক নতুন উপাচার্যের হাত ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অনেক শিক্ষক ক্লাসরুমের বাইরে রয়েছেন। তাদের ক্লাসরুমে ফিরিয়ে নিতে হবে। এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মত-পথ ও দর্শনচর্চার অতীত গৌরব ফিরে আসুক। শিক্ষার্থীরা আগামী দিনের সুনাগরিক হয়ে গড়ে ওঠার সুযোগ পাক। যুক্তি-তর্ক, আলোচনা-সমালোচনায় সমৃদ্ধ হোক এ ক্যাম্পাসের সব চর্চা ও গবেষণাকেন্দ্র।

ড. মো. আবদুর রহিম: অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়