নগরায়ণ, কর্মব্যস্ততা এবং পারিবারিক কাঠামোর পরিবর্তনের ফলে গৃহপরিচারিকার ওপর নির্ভরশীলতা বাড়ছে প্রতিনিয়ত। বিশেষ করে নগর জীবনে কর্মজীবী নারী-পুরুষের জন্য গৃহপরিচারিকা যেন অপরিহার্য সহায়ক শক্তিতে পরিণত হয়েছে। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ সচেতনতার অভাব একদিকে যেমন নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে, অন্যদিকে মানবিক ও নৈতিক প্রশ্নও সামনে আনছে। ফলে গৃহপরিচারিকা নিয়োগের ক্ষেত্রে পরিকল্পিত, দায়িত্বশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি এখন সময়ের দাবি। প্রায় ছয় বছর আগে রাজধানীর ধানমন্ডি এলাকায় এক শিল্পপতির শাশুড়ি ও তাঁর গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায়ে আরেক গৃহকর্মী সুরভী আক্তার নাহিদকে আদালত কর্তৃক মৃত্যুদণ্ড দেওয়া হয় সম্প্রতি।

গৃহপরিচারিকা নেওয়ার ক্ষেত্রে প্রত্যেককেই অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই ও খোঁজখবর নেওয়া উচিত বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছে আদালত। অনেক পরিবার পরিচয় যাচাই ছাড়াই অপরিচিত ব্যক্তিকে বাসায় কাজের জন্য নিয়োগ দেয়। এতে চুরি, প্রতারণা কিংবা সহিংসতার মতো ঘটনার ঝুঁকি বেড়ে যায়। আবার উল্টো দিকেও সমস্যা রয়েছে। গৃহপরিচারিকারা অনেক সময় নির্যাতন, বেতন বঞ্চনা কিংবা অমানবিক আচরণের শিকার হন। ফলে উভয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচয়পত্র যাচাই, স্থায়ী ঠিকানা সংরক্ষণ, প্রয়োজন হলে স্থানীয় কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে নিবন্ধন-এসব ব্যবস্থা জরুরি হয়ে উঠেছে।\r\nএছাড়াও শ্রমের মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গৃহপরিচারিকারা আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও সমাজে তাদের প্রাপ্য সম্মান সব সময় নিশ্চিত হয় না। অনেক ক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ, নির্দিষ্ট কর্মঘণ্টার অভাব, পর্যাপ্ত বিশ্রাম না পাওয়া কিংবা সময়মতো বেতন না দেওয়ার মতো ঘটনা ঘটে। অথচ মানবিক আচরণ, ন্যায্য পারিশ্রমিক, বিশ্রামের সুযোগ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রতিটি নিয়োগকর্তার নৈতিক দায়িত্ব। সচেতনতা মানে শুধু নিজের নিরাপত্তা নয়, অন্যের অধিকারকেও সমান গুরুত্ব দেওয়া। শিশুশ্রমের বিষয়টিও বিশেষভাবে বিবেচ্য। এখনো অনেক পরিবার কম বেতনে অধিক কাজ করানোর লোভে অল্পবয়সী শিশুদের গৃহকর্মে নিয়োগ দেয়, যা তাদের শিক্ষা, শারীরিক-মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। এটি শুধু আইনগত অপরাধই নয়, গভীর মানবিক সংকটও। তাই গৃহপরিচারিকা নিয়োগের ক্ষেত্রে বয়স যাচাই এবং শিশুশ্রম পরিহার করা সামাজিক দায়বদ্ধতার অংশ হওয়া উচিত।\r\nপারিবারিক কাজের সহকর্মী নিয়োগে পারস্পরিক আস্থা ও স্পষ্ট চুক্তির প্রয়োজন। কাজের ধরন, সময়, বেতন, ছুটি, চিকিৎসা সহায়তা-এসব বিষয়ে শুরুতেই পরিষ্কার সমঝোতা থাকলে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো যায়। মৌখিক প্রতিশ্রুতির বদলে লিখিত চুক্তি করলে উভয় পক্ষই সুরক্ষা পায়। সচেতন নিয়োগ প্রক্রিয়া একদিকে পরিবারকে নিরাপদ রাখে, অন্যদিকে গৃহপরিচারিকার মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করে। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি। গৃহপরিচারিকাকে কাজের মানুষ হিসেবে নয়, একজন শ্রমজীবী নাগরিক হিসেবে দেখা দরকার। সম্মানজনক সম্বোধন, মানবিক আচরণ এবং পারিবারিক নিরাপত্তার অংশ হিসেবে তাকে বিবেচনা করা-এসব ছোট ছোট বিষয়ই বড় পরিবর্তন আনতে পারে। একটি সুস্থ সম্পর্ক গড়ে উঠলে কর্মপরিবেশ যেমন ভালো হয়, তেমনি পরিবারের ভেতরেও ইতিবাচক প্রভাব পড়ে।