অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনদিনের রাষ্ট্রীয় সফরে আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। গত ২২ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা সশরীরে উপস্থিত থেকে স্বাগত জানান। তার সম্মানার্থে গার্ড অব অনার এবং তোপধ্বনি দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে। উদ্দেশ্য, দুই দেশের সম্পর্কের গভীর বন্ধুত্ব ও সদিচ্ছার প্রতিফলন ঘটিয়ে বানিজ্যের সম্প্রসারণ।\r\nভুটান একটি স্থলবেষ্টিত দেশ। দেশটিতে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের জন্য সমুদ্র বন্দর ব্যবহারের জন্য অন্য দেশ তথা তৃতীয় দেশের ওপর নির্ভরশীল হতে হয়।

তাই প্রধানমন্ত্রী শেরিং তোবগে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার নতুন পথ খুঁজে বের করতে বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। এছাড়া কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে এবং চলতি সহযোগিতামূলক প্রয়াসকে স্বাগত জানিয়েছে। বৈঠকে চট্টগ্রাম বন্দর থেকে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত পণ্য পরিবহনের কাজ শেষ হওয়ায় উভয় নেতা সন্তোষ প্রকাশ করেন।\r\nদুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক দুটি হলো, আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ এবং অন্যান্য টেলিযোগাযোগ পরিষেবা বাণিজ্যসংক্রান্ত সমঝোতা স্মারক এবং স্বাস্থ্য কর্মী নিয়োগসংক্রান্ত সমঝোতা স্মারক।

দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার জন্য, বাংলাদেশ তিনটি প্রস্তাব দেয়। যে গুলো হলো, ভুটানের শিক্ষার্থীদের জন্য ইঞ্জিনিয়ারিং অধ্যয়নের জন্য বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ১০টি আসন; বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্রীড়া বিজ্ঞানে ডিপ্লোমা করার জন্য ভুটানের শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট আসন এবং ভুটানের ক্রীড়া দলগুলোর জন্য হোম গ্রাউন্ড ব্যবহারের সম্প্রসারণ এবং সরকারি মেডিক্যাল কলেজগুলোতে দেশটির শিক্ষার্থীদের জন্য এমবিবিএস বা বিডিএস আসনের বার্ষিক বরাদ্দ ৩০ জনে উন্নীত।

এছাড়াও দুইপক্ষ সার্ক এবং বিমসটেকের মতো আন্তর্জাতিক, আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক প্ল্যাটফর্মগুলোতে অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া, সহযোগিতা এবং শান্তি ও সমৃদ্ধির জন্য একটি সাধারণ আকাক্সক্ষার নীতির ওপর ভিত্তি করে স্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।\r\n২০২৩ সালের ২২ মার্চে হওয়া অ্যাগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক-ইন-ট্রানজিট চুক্তি ও প্রটোকলের আওতায় পরীক্ষামূলকভাবে (যদিও দীর্ঘ জটিলতা দূর করে) গত ২৩ নভেম্বর একটি চালান খালাসের প্রক্রিয়া শুরু করে ভুটানের পণ্য খালাসের জন্য নিযুক্ত বাংলাদেশের প্রতিনিধি। পরদিন সোমবার চালানটি বন্দর থেকে খালাসের পর ভুটানের উদ্দেশে যাত্রা শুরু করে।

বাংলাদেশের মাধ্যমে শুরু হওয়া পরীক্ষামূলক চালান পরিবহনে দেশটি সন্তুষ্ট হলে নিয়মিত পণ্য পরিবহন শুরু হতে পারে। যদিও এটি নির্ভর করছে ভুটানের সিদ্ধান্তের ওপর।\r\nথাইল্যান্ড থেকে আসা ভুটানের পরীক্ষামূলক চালানটিতে ৬ হাজার ৫৩০ কেজি পণ্যের মধ্যে রয়েছে শ্যাম্পু, শুকনো পাম ফল, আইস টি, চকোলেট ও জুস। চালানটি বাংলাদেশ হতে ট্রানজিট পথে চট্টগ্রাম বন্দর থেকে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত যেতে ৬৮৪ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এর জন্য ভুটানকে হিসাব অনুযায়ী সাড়ে ৬ টন পণ্যের জন্য ১০ হাজার ২৩৪ টাকা মাশুল দিতে হয়, যা সামান্য মনে হলেও বাংলাদেশের জন্য অবশ্যই লাভজনক। অপরদিকে ভুটানের জন্যও লাভজনক।

কিন্তু দীর্ঘ সময় (প্রায় দুই মাস) বা ভিন্ন দপ্তর জটিলতা ভুটানের জন্য মঙ্গলজনক হবে কিনা, সে বিষয়টাও অবশ্যই বাংলাদেশকে নজর দিতে হবে।\r\n২০২৪ সালের মার্চে ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন এবং বিমানযোগে ঢাকা ত্যাগ করে সৈয়দপুর থেকে সড়ক পথে কুড়িগ্রামে প্রস্তাবিত বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলটি সরেজমিনে পরিদর্শন করেন। পরে তিনি সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ছাড়েন। বিগত আওয়ামী লীগ সরকার ভুটানের অর্থায়নে এই অঞ্চলটিতে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বন্দোবস্ত করেছিলেন। কিন্তু গত ৭ জানুয়ারি ২০২৫ তারিখে বেজার মিট দ্য প্রেস অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আগামী ২ বছরে হবে ৫টি অর্থনৈতিক অঞ্চল । সেখানে এই জেলাটি নেই।

অথচ ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনৎসিল বিদায়ী সাক্ষাৎকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বলেন, উত্তরের জেলা কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) কাজ ভুটানের পক্ষ থেকে দ্রুত অগ্রসর হচ্ছে উল্লেখ করে বলেন, সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। ভুটানি বিনিয়োগকারীরা এখানে ভুটান ও আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য উৎপাদন করবে । সঙ্গত কারনেই নি:সন্দেহে বাংলাদেশের ভুটানের সঙ্গে বাণিজ্যের প্রসার ঘটবে।

\r\nআগে যেখানে ভারতের সমুদ্র বন্দর ব্যবহার করে এই ট্রানজিট সুবিধা গ্রহণ করত ভুটান, এখন সেটা বাংলাদেশ সমুদ্র বন্দর ব্যবহার করে বুড়িমারী স্থল বন্দর দিয়ে ভারত হয়ে ভুটানে প্রবেশ করবে। সুতরাং বাংলাদেশকে অবশ্যই এ ব্যাপারে আরও বেশি সতর্ক ও সহজ করতে হবে ভুটানের জন্য। কারণ প্রতিবেশী দেশ ভারত আমাদের থেকে সকল ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে। যদিও পরীক্ষামূলকভাবে ভুটানের ট্রানজিট সুবিধা শুরু হয়েছে, তা যেন অবশ্যই দীর্ঘস্থায়ী হয়। এর জন্য আরও উত্তম কোন ব্যবস্থা করা যায় কিনা, তা ভেবে দেখতে হবে বাংলাদেশকে। এক্ষেত্রে বিবেচনায় নেয়া যেতে পারে চিলমারী নৌবন্দরটি আধুনিকায়ন করে বন্দরটি ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করা বা ট্রানজিট সুবিধা দেয়া যায় কিনা এবং চীন থেকে পণ্য আমদানি করা যায় কিনা।\r\nচিলমারী নৌবন্দর থেকে দূরত্ব ও খরচ বিবেচনায় এবং কুড়িগ্রামের ভুটানের বিশেষায়িত অঞ্চলকে কেন্দ্র করে সোনাহাট স্থল বন্দরটি অধিকতর গুরুত্ব বহন করে এবং দূরত্বও হবে কম। সে তুলনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করলে চিলমারী নৌবন্দর এবং সোনাহাট স্থল বন্দর বিবেচনায় নেয়া প্রয়োজন। তাই ঊর্ধ্বতন সরকারি মহলে বিষয়টি অধিকতর যাচাই-বাছাই করে এখনই পদক্ষেপ গ্রহণ করা উচিত, যা উভয় দেশের জন্য মঙ্গলজনক। আজ অথবা আগামীকাল অথবা পরশু যে কোনদিনই কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল ভুটানের অর্থায়নে প্রতিষ্ঠিত হবে। সুতরাং এখনই সময় সিদ্ধান্ত গ্রহণের। ভুটানের ট্রানজিট সুবিধাটি যেন আরও সহজ এবং বাধাহীন সুন্দর ভাবে সহজলভ্য করা যায়, যা উভয় দেশের জন্যই কাক্সিক্ষত ও মঙ্গলজনক।