বিশ্বের ১৯৫টি দেশ আজ তুলনামূলকভাবে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম চালালেও বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এখনও ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বে ছেয়ে আছে। স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও আমরা কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে কতটা সক্ষম হয়েছি—আজ সেই প্রশ্ন আবারও সামনে এসে দাঁড়িয়েছে।

১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক ঘটনা ছিল না। ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসনের ২৪ বছরের বৈষম্য ও সংগ্রামের ধারাবাহিকতা—সবকিছুর সম্মিলিত ফসলই স্বাধীনতা। মুক্তিযুদ্ধের মূল আদর্শ ছিল গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এই চার মূলনীতি স্বাধীন বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্তও হয়েছিল।

কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পর দেখা যাচ্ছে—মূলনীতির অনেকগুলোই বাস্তবায়নের ক্ষেত্রে ব্যর্থ বা আংশিক অর্জনে সীমাবদ্ধ হয়ে আছে। যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, তা আজও বাস্তব রূপ পায়নি। কারণ হিসেবে বিশেষজ্ঞরা রাজনৈতিক সহনশীলতার অভাব, রাষ্ট্রীয় চর্চার দুর্বলতা এবং ক্ষমতা-নির্ভর রাজনীতিকে দায়ী করেন।

বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশি রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত করেছিলেন। তাঁর সময়কার রাজনৈতিক নেতৃত্ব দেশের জন্য যে অংশগ্রহণমূলক, সমৃদ্ধ ও জনগণভিত্তিক রাষ্ট্র কাঠামোর স্বপ্ন দেখেছিলেন—আজ তা কতটা বাস্তবায়িত হয়েছে, সেটিও মূল্যায়নের দাবি রাখে।

বর্তমান সমাজব্যবস্থায় ক্ষমতাকে কেন্দ্র করে রাজনীতির বিস্তার এতটাই গভীর যে জনগণের স্বার্থের রাজনীতি অনেক সময়ই অনুপস্থিত থাকে। রাজনৈতিক শিষ্টাচারের অবক্ষয়, জাতীয় ঐক্যের অভাব এবং দলীয়কেন্দ্রিক ক্ষমতার প্রতিযোগিতা গণতন্ত্রকে দুর্বল করে রেখেছে। ফলে রাষ্ট্র ও সমাজ এখনও প্রত্যাশিত মাত্রার রাজনৈতিক পরিপক্বতা লাভ করতে পারেনি।

রাজনীতি যদি সত্যিকার অর্থে জনগণের জন্য হতে হয়, তাহলে প্রয়োজন শিক্ষিত, দেশপ্রেমিক ও নৈতিক নেতৃত্ব। ব্যক্তিগত সুবিধা বা ক্ষমতার প্রভাব নয়—দেশকে এগিয়ে নেওয়ার দায়বদ্ধতাই হতে হবে রাজনৈতিক নেতাদের মুখ্য লক্ষ্য।

গণতন্ত্রের মূল চেতনাকে বাস্তবায়ন করতে হলে রাজনীতিকে হতে হবে নৈতিক, স্বচ্ছ ও জনগণের কল্যাণমুখী। তাহলেই স্বাধীনতার প্রকৃত অর্জন সুনিশ্চিত হবে।

লেখক:

রাজীব কুমার ঘোষ,

সহধর্ম বিষয়ক সম্পাদক,

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় সংসদ.