দ্বিমতের কোনো অবকাশ নেই যে, বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা এনে দিয়েছে। যে কারণে শহর থেকে গ্রামগঞ্জ অবধি এর সম্প্রসারণ ও ব্যবহার বাড়ছে প্রতিনিয়ত। তবে এর অতিরিক্ত ব্যবহার বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে নানা বিপদ ও ঝুঁকি বাড়াচ্ছে। প্রথমত, অতিরিক্ত অনলাইন আসক্তি মারাত্মক হতে পারে শিশুদের জন্য। যেজন্য তারা নিয়মিত পড়াশোনায় অমনোযোগী হয়ে ওঠে। এমনকি বিপথেও যেতে পারে এর অপব্যবহারে। এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশে প্রতিবন্ধী শিশু এবং শিশুদের অনলাইন যৌন শোষণ প্রতিরোধ বিষয়ক এক গবেষণায়। এতে বলা হয়েছে যে, অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মে ২৩ শতাংশ শিশু রয়েছে মারাত্মক ঝুঁকিতে। এর মধ্যে সবচেয়ে অনিরাপদ ফেসবুক। ৮ শতাংশ শিশু আংশিক ঝুঁকিতে এবং ৬৯ শতাংশ শিশু আংশিক নিরাপদ অবস্থায় আছে।

এক্ষেত্রে ফেসবুক ব্যবহারে সর্বোচ্চ ৭৭ শতাংশ শিশু রয়েছে ঝুঁকিতে। এছাড়া ইনস্টাগ্রাম ব্যবহারে ১৫ শতাংশ এবং অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহারে ৮ শতাংশ শিশু নিরাপদ নয়। \r\nআন্তর্জাতিক সংস্থা টেরে ডেস হোমস্ আয়োজিত এই কর্মশালায় কিছু সুপরিকল্পিত সুপারিশও উঠে এসেছে। বলা হয়েছে, এসব ঝুঁকি মোকাবিলায় শিশুদের নিরাপদ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ ও সহজলভ্য বিচার ব্যবস্থায় বিনিয়োগ জরুরি। তবে কোনো একক উদ্যোগের মাধ্যমে এই সমস্যা সামাধান সম্ভব নয়। শিশু সুরক্ষা এবং অনলাইন সুরক্ষা সম্পর্কিত আইন ও নীতিমালায় প্রতিবন্ধী শিশুদের সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। প্রতিবন্ধীতা কর্মসূচি, ডিজিটাল সক্ষমতা এবং শিশু সুরক্ষা কর্মসূচিতে শিশু সুরক্ষা কর্মীদের কাজ করতে হবে একসঙ্গে।

এক্ষেত্রে উন্নয়ন সংস্থাগুলোরও ভূমিকা থাকা বাঞ্ছনীয়। তদুপরি শিশুদের নিরাপদ ও সুস্থ-সুন্দর ভবিষ্যতের জন্য অন্তর্ভুক্ত করতে হবে কমিউনিটিকে। \r\nস্মার্টফোনের অপব্যবহার একজন শিশুকে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘুমানোর আগে মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়া বা গেমে বুঁদ থাকার অভ্যাস রয়েছে অনেক শিশুর। এতে নিজের অজান্তেই দৃষ্টিশক্তি ও চোখের ক্ষতি হচ্ছে। এটি শুধু দৃষ্টিশক্তির ক্ষতিই করে না, পাশাপাশি শরীরের ওপর বিরূপ প্রভাব ফেলে। ওয়ার্ল্ড হেলথ অ্যাসোসিয়েশন জানিয়েছে, মোবাইল ফোন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছড়ায়, যা কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বৈশ্বিক মহামারি করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় দুই বছর ধরে বন্ধ থাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাপড়ুয়া ছাত্রছাত্রীদের স্মার্টফোনে সময় কাটানো আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। স্মার্টফোনে টিকটক, লাইকি ভিডিও বানিয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া, আত্মহত্যা, অতিমাত্রায় পাবজি, ফ্রি ফায়ার গেমস খেলায় আসক্ত হচ্ছে নতুন প্রজন্ম। বিশেষজ্ঞরা বলছেন, মস্তিষ্কের যে অংশে (রিওয়ার্ড সেন্টার) ইয়াবা বা গাঁজার মতো বস্তুর প্রতি আসক্তি জন্ম নেয়, ঠিক সেই অংশই ইন্টারনেট বা গেমের প্রতি আসক্তি জন্মায়। তাই একে হালকা করে দেখার সুযোগ নেই। এসব থেকে সন্তানদের দূরে রাখতে সতর্ক হতে হবে পরিবারকে।