সম্প্রতি রাজধানীর পল্টনে একটি কিন্ডারগার্টেন স্কুলে প্রি-প্লে শ্রেণির চার বছরের কম বয়সী এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশু শিক্ষার্থীকে হাত ধরে একজন নারী শিক্ষক অফিস কক্ষে নিয়ে যান। এরপর সোফায় বসে থাকা অবস্থায় অফিসে থাকা এক পুরুষ শিক্ষক চেয়ার থেকে উঠে গিয়ে শিশুটির মুখ, মাথা, গলা চেপে ধরেন। নারী শিক্ষক ওই সময় তার হাত ধরে রাখেন। আরও কয়েক দফা তার ওপর এভাবে শারীরিক নির্যাতন চালানো হয়।
নির্যাতনের শিকার শিশুটির অভিভাবকরা জানান, স্কুলে প্রি প্লে শ্রেণিতে ভর্তি হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে তাদের ছেলে এমন অমানবিক নির্যাতনের শিকার হয়। শিশুটি বারবার বলছিল, ‘আঙ্কেল বলেছে, বাসায় বললে গলায় পাড়া দেবে। মুখ সিলি (সেলাই) করে দেবে।’ ঘটনার পর থেকে তাদের বাচ্চা এখনো ট্রমার মধ্যে রয়েছে। ঘুমের মধ্যেও চিৎকার করে বলে উঠছে, ‘মুখ সিলি (সেলাই) করে দিয়ো না।’ উল্লেখ্য, শিশুটি এই দম্পতির একমাত্র সন্তান। অভিভাবকদের পক্ষ থেকে রাজধানীর পল্টন থানায় মামলা করা হলে শুক্রবার ভোরে মিরপুর এলাকা থেকে নয়াপল্টনের ‘শারমিন একাডেমি’র ব্যবস্থাপক পবিত্র কুমার কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিভাবকদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। সংশ্লিষ্ট স্কুলের অভিভাবকরা বলছেন, কোমলমতি শিশুকে দুজন শিক্ষক মিলে স্কুলের অভ্যন্তরে অমানুষিক নির্যাতন করেছে। স্কুলের ভেতর শিশু নির্যাতনের এমন ভিডিও দেখে তারা ভীত ও ক্ষুব্ধ। এ ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তারা। সেই সঙ্গে এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। শিশু আইনের ৭০ ধারা অনুযায়ী শিশুর প্রতি নিষ্ঠুরতার সাজা হিসেবে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদ- বা এক লাখ টাকা অর্থদ- বা উভয় দ-ের বিধান রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রহিত করা-সংক্রান্ত নীতিমালা ২০১১’ জারি করলেও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়ার ঘটনা ঘটে। তবে নীতিমালার কারণে আগের চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের শাস্তি দেওয়ার ঘটনা কমেছে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিমত।
স্কুল হলো শিশুদের জন্য সেকেন্ড হোম। আর শিক্ষকরা তাদের বাবা-মার সমতুল্য। সেই স্কুলে শিশু শিক্ষার্থীর নির্যাতনের শিকার হওয়ার মতো ঘটনা অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। বাসায়, শিক্ষাপ্রতিষ্ঠানে ও খেলার মাঠে শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ করা আবশ্যক। তা না হলে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হবে ও তৈরি হবে মানসিক বিষণœতা। এমনটি শুধু শিশুর জন্য নয়, পুরো সমাজ ও জাতির জন্যও ক্ষতিকর। শিশুর প্রকৃত বিকাশ সম্ভব না হলে দেশের পক্ষে সুস্থ জাতি পাওয়াও যথেষ্ট চ্যালেঞ্জিং।
