যুক্তরাষ্ট্রে আইনের শাসন রাজনৈতিক ক্ষমতা ও ব্যক্তিগত স্বার্থের কাছে জিম্মি হয়ে পড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডে এর প্রতিফলন স্পষ্ট। বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা পরিচালনায় চাপ প্রয়োগ এবং নিজের সহযোগীদের দায়মুক্তি দেয়ার প্রবণতা প্রাতিষ্ঠানিক ভারসাম্যকে দুর্বল করছে। একজন প্রেসিডেন্ট যখন নিজেই নির্ধারণ করতে চান কার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে, আর কে এর বাইরে থাকবেন, তখন আইনের সমান প্রয়োগের নীতি কার্যত অর্থহীন হয়ে পড়ে। উদ্বেগের বিষয়, এ দায়মুক্তির সংস্কৃতি এখন রাজনৈতিক পরিসর ছাড়িয়ে প্রযুক্তি খাতেও বিস্তৃত হচ্ছে। ট্রাম্পের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের উদ্যোক্তারা এতটাই গুরুত্বপূর্ণ যে তাদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজন বোধ করেন না তিনি। অথচ গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্যতম ভিত্তি হলো আইনের শাসন, চুক্তির নিশ্চয়তা এবং সবার জন্য সমান বিধিবিধান। ক্ষমতাবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হলে বাজারে ন্যায্য প্রতিযোগিতা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি ব্যাহত হয়। এর ফলে শুধু গণতান্ত্রিক প্রতিষ্ঠান নয়, অর্থনৈতিক ব্যবস্থার ওপরও মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। সবচেয়ে বড় আশঙ্কা, এ প্রবণতা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে ক্ষমতাবানদের জন্য এক ধরনের বিচার ব্যবস্থা গড়ে উঠবে, যেখানে সাধারণ নাগরিকের জন্য আইন এক রকম, আর ক্ষমতাসীন ও প্রভাবশালীদের জন্য সম্পূর্ণ ভিন্ন।

[দ্য গার্ডিয়ানের এক নিবন্ধে]

জোনাথান ফ্রিডল্যান্ড : কলামিস্ট, দ্য গার্ডিয়ান