দায়িত্ব গ্রহণের পরই শিক্ষাক্রম পর্যালোচনার বিষয়টি নিশ্চিত করেছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে জরুরি ভিত্তিতে পর্যালোচনা করতে হবে; একই সঙ্গে নতুন শিক্ষাক্রম রচনার বিষয়ও বিবেচনায় রাখতে হবে। এখন ২০১২ সালের শিক্ষাক্রমে পড়ছে শিক্ষার্থীরা। এর মাধ্যমে তারা আসলে পিছিয়ে পড়ছে। চব্বিশের অভ্যুত্থানের পর পুরোনো শিক্ষাক্রমে আমরা ফিরে গেলেও অন্তর্বর্তী সরকার শিক্ষাক্রম পর্যালোচনা কিংবা নতুন শিক্ষাক্রম প্রণয়ন কাজে হাত দিতে পারেনি। বিএনপি এসে সংগত কারণেই শিক্ষাক্রম পর্যালোচনার কথা বলছে। তবে শিক্ষাক্রম পর্যালোচনার মাধ্যমে সাময়িকভাবে হয়তো চলতি ও আগামী বছরের শিক্ষাবর্ষ চালানো যেতে পারে। কিন্তু যত দ্রুত সম্ভব নতুন একটি শিক্ষাক্রম আমাদের জরুরি হয়ে পড়েছে।
নতুন শিক্ষাক্রমের কাজ কিছুটা এগিয়ে রেখেছে অন্তর্বর্তী সরকার। গত বছরের জুন মাসে তৎকালীন শিক্ষা উপদেষ্টা ঘোষণা করেছিলেন, ২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে। সে জন্য নিড অ্যাসেসমেন্টের গবেষণার কাজ কিছুটা শুরু হয়েছিল। বর্তমান সরকার চাইলে সেখান থেকে শুরু করতে পারে। শিক্ষার্থীদের ঘাটতি চিহ্নিতকরণ, অর্থাৎ বর্তমান অবস্থা থেকে প্রত্যাশিত অবস্থানের পার্থক্য বোঝাসহ নতুন শিক্ষাক্রমের সঠিক পরিকল্পনার জন্য ‘নিড অ্যাসেসমেন্ট’ প্রাথমিক পদক্ষেপ। এরপর শিক্ষাক্রম প্রণয়ন এবং সেটি প্রণীত হওয়ার পর তার যথার্থতা মূল্যায়নে পরীক্ষামূলক চালু করা। এসব ধাপ পেরিয়েই পূর্ণাঙ্গভাবে শিক্ষাক্রম চালু করতে হয়। অর্থাৎ এখন থেকে শুরু করলেও নতুন শিক্ষাক্রম পেতে দু-তিন বছর প্রয়োজন হবে।
২০১২ সালের সঙ্গে তুলনা করলে আজকের বিশ্বের অবস্থান কল্পনা করাও কঠিন। তথ্যপ্রযুক্তি প্রতিনিয়ত যেভাবে অগ্রসর হচ্ছে, তার সঙ্গে তাল মেলাতে না পারলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে। মাধ্যমিক পর্যায়ে এখন যে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়টি পড়ানো হয়; পুরোনো শিক্ষাক্রমে হওয়ার কারণে সংগত কারণেই তা শিক্ষার্থীদের কাছে সেকেলে মনে হবে। এখন যে কৃত্রিম বুদ্ধিমত্তা-এআইর যুগে আমরা প্রবেশ করেছি, অনেকে শিক্ষার্থী তা ব্যবহারও করছে। অথচ বইয়ে এর কিছুই নেই। আপডেটেড শিক্ষাক্রম হলে শিক্ষার্থীরা নিশ্চয় বিষয়টি সম্পর্কে জানত এবং এআই ব্যবহারের সঠিক নির্দেশনা পেত। এআই প্রযুক্তির যথাযথ ব্যবহার না করলে শিক্ষা সংকটে পড়তে পারে। সে জন্য শিক্ষামন্ত্রী শিক্ষাক্রম পর্যালোচনার কথা যে বলছেন, এটি সর্বাগ্রে তথ্যপ্রযুক্তি বিষয়ে জরুরি।
শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত এবং কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করার কথাও বলেছেন। একই সঙ্গে তিনি আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষাক্রম প্রণয়নেরও ইঙ্গিত দিয়েছেন। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক ১২ দফা সংস্কার উদ্যোগে শিক্ষাক্রম পর্যালোচনা কিংবা নতুন শিক্ষাক্রম প্রণয়নের বিষয়টি নেই। সেখানে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর কথা আছে; পরীক্ষা পদ্ধতি সংস্কার, তৃতীয় ভাষা, কারিগরি শিক্ষা এবং ওয়ান টিচার ওয়ান ট্যাবের প্রসঙ্গও এসেছে। এগুলো ভালো বিষয় নিশ্চয়। কিন্তু সমন্বিতভাবে এসব বাস্তবায়নে শিক্ষাক্রম প্রণয়ন গুরুত্বপূর্ণ। শিক্ষাক্রমের আলোকে এ বিষয়গুলো বাস্তবায়ন হলেই কেবল সুফল আসতে পারে। না হলে একদিকে না একদিকে শূন্যতা থেকেই যাবে।
শিক্ষাক্রম মানে কেবল পাঠ্যপুস্তক নয়, বরং এটি শিক্ষার সামগ্রিক বিষয়ের সমন্বিত রূপরেখা। সেখানে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য হতে শুরু করে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত যোগ্যতাও ঠিক করতে হবে। তারই আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন, পরীক্ষা পদ্ধতি নির্ধারণ, তৃতীয় ভাষা কিংবা কারিগরি শিক্ষায় গুরুত্ব দিলেই কেবল সুফল আসতে পারে। পাশাপাশি কর্মসংস্থান ও শিল্পের সঙ্গে শিক্ষার সংযোগ ঘটানোও জরুরি। সে জন্য আমার লেখায় নির্বাচনী ইশতেহারে নতুন শিক্ষাক্রম গঠনের বিষয়টি থাকার ওপর জোর দিয়েছিলাম (শিক্ষা নিয়ে কী করতে চান ইশতেহারেই বলুন, ২৪ ডিসেম্বর, ২০২৫)। বলেছিলাম, শিক্ষাক্রম রাতারাতি প্রণয়ন সম্ভব নয়; গবেষণা, দেশের বাস্তবতা ও বৈশ্বিক উদাহরণ সামনে রেখেই তা করতে হবে। শিক্ষাক্রমের সঙ্গে একটি স্থায়ী শিক্ষা আইনও করা দরকার, যাতে কেউ চাইলেই হুট করে তা বদলাতে না পারে। আগে শিক্ষা নিয়ে বারবার যে ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, সে প্রবণতাও বন্ধ করতে হবে।
অন্তর্বর্তী সরকার শেষ মুহূর্তে তড়িঘড়ি করে শিক্ষা আইনের খসড়া প্রকাশ করেছিল। অংশীজনের বিরোধিতার কারণে শিক্ষা আইন আর আলোর মুখ দেখেনি। ওই খসড়ায় কেবল বিদ্যমান শিক্ষা ব্যবস্থার বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে। ভবিষ্যৎমুখী সংস্কার, কাঠামোগত পরিবর্তন ও গুণগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় মৌলিক দিকনির্দেশনা সেখানে অনুপস্থিত ছিল। অন্তর্বর্তী সরকার হয়তো সময়স্বল্পতার কারণে অনেক কিছুই করতে পারেনি। বর্তমান সরকার যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে পাঁচ বছরের জন্য এসেছে এবং শিক্ষাক্ষেত্রে অপেক্ষাকৃত অভিজ্ঞ ও যোগ্যদের দিয়ে দায়িত্ব দিয়েছে, তারা চাইলে শিক্ষার স্বার্থে ইতিবাচক অনেক কিছু করতে পারে।
আন্তর্জাতিক মানের যেসব শিক্ষাক্রম রয়েছে সেগুলো নির্দিষ্ট সময় পরপর পর্যালোচনা করা হয়। যেমন এডেক্সেল কিংবা কেমব্রিজ কারিকুলাম সাধারণত পাঁচ বছর পর রিভিশন হয়। আমাদের শিক্ষাক্রমও সেভাবে পাঁচ-ছয় বছর পর পর্যালোচনা করা প্রয়োজন। তার আগে দেশের প্রয়োজনের আলোকে যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়নে হাত দেওয়া দরকার। একটা ভিত্তি দাঁড়িয়ে গেলে এরপর সেভাবে সময়ের আলোকে পর্যালোচনা হতে পারে।
বর্তমান সরকার শিক্ষা সংস্কারের যেসব বিষয়ের কথা বলছে, তা অস্বীকারের উপায় নেই। কিন্তু পরিকল্পিতভাবে কাজগুলো হওয়া জরুরি। শিক্ষার সর্বাঙ্গেই যেহেতু ব্যথা, সে জন্য দু-এক জায়গায় ওষুধ না দিয়ে আপাদমস্তক সংস্কার করা দরকার। এ ক্ষেত্রে শিক্ষাক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শিক্ষামন্ত্রীর দাবি অনুযায়ী, বিদ্যমান শিক্ষাক্রম পর্যালোচনার বিষয়টি সাধুবাদযোগ্য। তবে নতুন শিক্ষাক্রমের চাহিদা উপেক্ষা করা যাবে না। বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে যেমন চলতে হবে, তেমনি মানসম্মত শিক্ষাও নিশ্চিত করা চাই।
মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com
