বাংলাদেশের উঁচু মহল থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ পর্যন্ত একটি প্রবণতা রয়েছে। সেটি হলো, বাংলাদেশ অমুক ক্যাম্পে রয়েছে বা তমুক ক্যাম্পে রয়েছে। এখানে অমুক ক্যাম্প বা তমুক ক্যাম্প বলতে সাধারণত বোঝায় আমেরিকান ক্যাম্প, চীনা ক্যাম্প, ভারতীয় ক্যাম্প ইত্যাদি। সমাজের এসব মানুষের ধারণা যে সব সময় বেঠিক হয়, তা নয়। শেখ হাসিনার পুরা সময়টি অর্থাৎ তার সাড়ে ১৫ বছর বাংলাদেশ শুধু ভারতীয় ক্যাম্পেই ছিলো না, ছিলো রীতিমতো ভারতের একটি করদরাজ্য। ভারতের গ্রাসটি ছিলো রীতিমতো করাল। এই করাল গ্রাস থেকে বের হওয়া অতো সহজ ছিলো না। জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত না হলে ভারতের কব্জা থেকে কবে যে বের হওয়া যেতো, সেটি একমাত্র ওপরওয়ালা জানতেন।
জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতের নাগপাশ থেকে তো মুক্তি মিললো। কিন্তু ড. ইউনূস সরকারপ্রধান হওয়ার পর নতুন করে জল্পনার পাখা বিস্তার করলো। পাবলিক পারসেপশন হলো এই যে, ড. ইউনূস প্রো-আমেরিকান। সেটি হতেই পারে। তার মধ্যে আবার যখন আমেরিকা থেকে উড়িয়ে এনে ড. খলিলুর রহমানকে নিরাপত্তা উপদেষ্টা করা হলো, তখন পাবলিক পারসেপশন আরো শক্ত হলো। কিন্তু সেখানে আবার অনেকের মাঝে গুঞ্জন শুরু হলো যে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তো পুরাপুরি মার্কিনপন্থী নন। যদিও তিনি একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট তদ্বসত্ত্বেও তার মধ্যে আংশিক ভারতপ্রীতি রয়েছে। এসব মিলে ইউনূস সরকারকে পুরোপুরি প্রো-আমেরিকান বলা যায়নি।
এর মধ্যে সামরিক খাতে কিছু পরিকল্পনা প্রণয়ন শুরু হয়। যারা একটু খবর রাখেন তারা জানেন যে, আমাদের সেনাবাহিনী ওভারঅল ১৮ কোটি জনগোষ্ঠির তুলনায় দুর্বল এবং ছোটো। তাছাড়া আমাদের বিমান বাহিনী দুর্বল। সেই যে হাসিনার প্রথম মেয়াদে রাশিয়া থেকে এক স্কোয়াড্রন মিগ-২৯ বিমান আনা হয়েছিল। তারপর থেকে আর বিমান বাহিনীতে সর্বাধুনিক কোনো জঙ্গি বিমান যুক্ত হয়নি। সেই এক স্কোয়াড্রনের অনেকগুলো এখন গ্রাউন্ডেড। এর মধ্যে চীন থেকে এফ-৭ জঙ্গি বিমান আনা হয়েছে। কিন্তু এগুলোও সেকেলে মডেলের। এগুলো রাশিয়ার মিগ-২১ জঙ্গি বিমানের অনেকটা রেপ্লিকা, যেগুলো আমরা ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ঢাকার আকাশে দেখেছি। তখন ভারতীয়রা এই বিমান দিয়ে বাংলাদেশের ভাইটাল ইন্সটলেশনগুলো অ্যাটাক করেছিল। এখন এগুলো এতো সেকেলে হয়েছে যে, স্বয়ং ভারতই তার বিমান বহর থেকে মিগ-২১ জঙ্গি বিমান উইথড্র করেছে।
ড. ইউনূস দেশের দায়িত্ব নেওয়ার পর একশ্রেণীর সংবাদপত্র এবং নিউজপোর্টালে খবর বের হয় যে, বাংলাদেশ চীন থেকে জে-১০ সি জঙ্গি বিমান এবং পাকিস্তান থেকে জে-১৭ থান্ডার জঙ্গি বিমান ক্রয় করছে। সংখ্যাটিও বলা হয়েছিল। দুটো জঙ্গিবিমানই ২০টি করে ৪০টি ক্রয়ের কথা শোনা গিয়েছিলো। উল্লেখ্য, পাকিস্তান ঐ চীনা জে-১০সি দিয়ে ভারতের সর্বাধুনিক ফরাসি জঙ্গি বিমান রাফালকে ভূপাতিত করেছিল। আর পাকিস্তানে তৈরি জে-১৭ থান্ডার দিয়ে রুশ মিগ-২৯ কে এবং রুশ এসইউ-৩০ কে ভূপাতিত করেছিলো। আরো খবর বেরিয়েছিল যে, বাংলাদেশ লালমনিরহাটের অনেক পুরানা বিমানবন্দরকে আবার সচল করছে। উল্লেখ করা যেতে পারে যে, ব্রিটিশ আমলে এখানে একটি বিমানবন্দর ছিলো, যেটি আধুনিক নয়। কিন্তু এবার এটি বিশাল এলাকা নিয়ে পুনর্গঠিত হবে। বিমান বন্দরটিকে দুই ভাগে ভাগ করা হবে। একভাগে থাকবে বিমান বাহিনীর জন্য বিমান ঘাঁটি। আর এক ভাগ হবে সিভিল এভিয়েশনের বিমান ওঠা নামার জন্য। লালমনিরহাটের ঐ বিমানবন্দরের খবরে ভারতে খুব আলোড়ন সৃষ্টি হয়। কারণ, লালমনিরহাট বিমানবন্দর ভারতের স্পর্শকাতর চিকেন নেকের অনেক কাছে।
এসব খবর রাজনৈতিক অঙ্গনে ভিন্ন তাৎপর্য বহন করে। কারণ, চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিবিড়। তার ওপর যদি সামরিক সহযোগিতাও নিবিড় হয়, তাহলে ইউনূস সরকার প্রো-আমেরিকান হন কেমন করে? ঠিক এই সময় শোনা যায় যে, ব্রেন্ট ক্রিস্টেনসেন নামক একজন মার্কিনী বাংলাদেশে রাষ্ট্রদূত হয়ে আসছেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, বাংলাদেশ থেকে পিটার হাস চলে যাওয়ার পর মার্কিন রাষ্ট্রদূতের পদ অনেকদিন খালি ছিলো। আমি সাধারণত সিরিয়াস বিষয় লিখতে গেলে বিদেশি সূত্রগুলো ইন্টেন্সলি ব্রাউজ করি। সুতরাং ক্রিসটেনসেনের সম্ভাব্য নিয়োগের কথা শুনে আমি তার আতাপাতা তালাশ করতে শুরু করি। করতে গিয়ে দেখি, এই ভদ্রলোকের নিয়োগ নিয়ে মার্কিন সিনেটে শুনানি শুরু হয়েছে। উল্লেখ করা যেতে পারে যে, মার্কিন প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ নিয়োগগুলো দেন ঠিকই, কিন্তু সিনেট কমিটি অনুমোদন না দিলে সেইসব নিয়োগ বাতিল হয়ে যায়। ব্রেন্ট ক্রিস্টেনসেনের শুনানি তখন চলছিলো। ক্রিস্টেনসেন ঐ শুনানিতে বাংলাদেশে তিনি কী করতে চান সেটি তিনি সিনেটকে জানান। সিনেটে প্রদত্ত তার সাক্ষ্যের ভিডিও আমি কালেক্ট করি। তিনি বাংলাদেশে কী করতে চান সেটি এখন আমি সংক্ষেপে নিচে দিচ্ছি।
শুনানিতে ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশকে অনেক সময় বড় প্রতিবেশীদের কারণে উপেক্ষা করা হলেও এটি অর্থনৈতিকভাবে দ্রুত উন্নয়নশীল এবং ‘নতুন এশিয়ান টাইগার’ এর মতো সম্ভাবনাময় দেশ। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ, বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। অর্থাৎ, তিনি বাংলাদেশকে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন। এই শুনানিটি হয়েছিলো ২০২৫ সালের অক্টোবর মাসে। পরের বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা (যে নির্বাচন ইতোমধ্যেই হয়ে গেছে)।
তিনি তখন বলেছিলেন যে, ঐ নির্বাচন হবে ‘দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।’বাংলাদেশের ভবিষ্যৎ মার্কিন রাষ্ট্রদূতের চিন্তাধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিলো বাংলাদেশে চীনের প্রভাব নিয়ে আমেরিকার স্পষ্ট উদ্বেগ। তিনি বলেন, বাংলাদেশে চীনের সামরিক ও অবকাঠামোগত প্রভাব নিয়ে তিনি উদ্বিগ্ন। বিশেষ করে সাবমেরিন ঘাঁটি নির্মাণ, যুদ্ধবিমান কেনার পরিকল্পনা। এসব বিষয়ে তিনি সরাসরি কথা বলেন।
তার বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ লাইন ছিলো, ‘আমি বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে কাজ করে চীনের কার্যক্রমের ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরবো।’ পাশাপাশি তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সুবিধাগুলোও তুলে ধরবেন (বিশেষ করে সামরিক সহযোগিতা)।’ তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামরিক সম্পর্ক জোরদার করা দরকার, বিশেষ করে চীনের প্রভাব মোকাবিলায়। এখানে তার কৌশল ছিলো, China balancing এবং Indo-Pacific নিরাপত্তা কাঠামোতে বাংলাদেশকে যুক্ত করা।ক্রিস্টেনসেন আরো বলেন যে, তিনি দীর্ঘ দিন ধরে, প্রায় ২০ বছর ধরে এশিয়া বিশেষ করে বাংলাদেশ নিয়ে কাজ করেছেন। ইতোপূর্বে ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করার অভিজ্ঞতাও তার রয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে, তিনি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকাস্থ মার্কিন দূতাবাসে তিনি সিনিয়র কূটনীতিক হিসাবে কাজ করেছেন। তিনি যেসব বিষয়ের ওপর গুরুত্ব দেবেন সেগুলি হলো, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সুশীল সমাজের ভূমিকা। ॥দুই॥শুনানিতে তিনি বলেন, বাংলাদেশে চীনের অর্থনৈতিক ও সামরিক উপস্থিতি বাড়ছে। কিছু কিছু ক্ষেত্রে এই উপস্থিতি ‘ঝুঁকি’ তৈরি করতে পারে। এজন্য তিনি যেসব বিষয়ের ওপর গুরুত্ব দেবেন সেগুলি হলো, অবকাঠামো, প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রযুক্তিখাত। সামরিক ক্ষেত্রে তিনি সামুদ্রিক নিরাপত্তার ওপর সবিশেষ গুরুত্ব আরোপ করবেন এবং বাংলাদেশ মার্কিন সামরিক সম্পর্ক আরো জোরদার করবেন।
ওই শুনানিতে বাংলাদেশ সম্পর্কে তিনি যে মূল্যায়ন করেন কূটনীতির পরিভাষায় সেটি অত্যন্ত গুরুত্ব বহন করে। সেটি হলো, Bangladesh is a vital partner. কূটনীতিতে Vital Partner শব্দটি ব্যবহৃত হয় তখন, যখন দেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং সম্পর্ক উন্নয়নের অগ্রাধিকারে আছে। এর ভেতরের বার্তা হলো, বাংলাদেশ এখন US foreign policy map-এ গুরুত্ব পেয়েছে। তিনি আরো বলেন, We will work with Bangladesh military. অর্থাৎ আমরা বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে কাজ করবো। এর অন্তর্নিহিত অর্থ হলো এই যে, বাংলাদেশ এখন US–China প্রতিযোগিতার অংশ। এটি শুধুমাত্র অর্থনৈতিক না, নিরাপত্তা বিষয়ও। দেশি ও বিদেশী রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন যে, ব্রেন্ট ক্রিস্টেনসেনের মিশন খুব পরিষ্কার। সেটি হলো, US চায় defence cooperation বাড়াতে, China influence counter করতে।
সিনেট শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন যে সাক্ষ্য দেন তার একটি অংশ আমি হবহু তুলে দিচ্ছি। তিনি বলেছেন, And just this month 23rd October, Bangladesh’s interim government has reportedly approved a plan to acquire up to 20 Chinese J10 fighter jets. they will also acquire new surface to-air missiles and long-range radars. If finalized, this sale would lock Dhaka into decade’s long financial and strategic relationship with the Chinese defence industry. If you’re confirmed, how would you engage with Bangladesh’s military and political leadership to discourage further reliance on Chinese platforms promote greater transparency.
বাংলা অনুবাদ: এই মাসে (অক্টোবর ২০২৫) বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীন থেকে ২০টি জে-১০ জঙ্গি বিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে। তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং রাডার ক্রয়েরও চুক্তি অনুমোদন করেছে। এগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে চীনের ওপর বাংলাদেশের সামরিক নির্ভরতা আরো গভীর হবে, যেটি আমরা ঠেকাবো কীভাবে? ব্রেন্ট ক্রিস্টেনসেন বেশ কয়েক মাস আগে ঢাকা এসেছেন এবং তার দায়িত্বভার বুঝে নিয়েছেন। ইতোমধ্যে বাংলাদেশে নির্বাচন হয়েছে এবং বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করেছে। আমরা এখন জানি না যে, চীনের সাথে সামরিক সহযোগিতা কোন পর্যায়ে রয়েছে। ঐসব জঙ্গি বিমান, ক্ষেপণাস্ত্র এবং রাডার ক্রয়ও কোন পর্যায়ে রয়েছে। নির্বাচিত নতুন সরকারেরই বা এ ব্যাপারে ভূমিকা কী। তবে একথা ঠিক যে ব্রেন্ট ক্রিস্টেনসেনের তথা মার্কিনীদের চোখ বাংলাদেশের ওপর পড়েছে। এটি একটি ঈগল চোখ। এখন বাংলাদেশ কীভাবে চীন, আমেরিকা এবং ভারতের সাথে সম্পর্কে ভারসাম্য সৃষ্টি করে সেটিই পর্যবেক্ষকরা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
Email:journalist15@gmail.com
