মানুষের দৈনন্দিন মৌলক চাহিদা পূরণ করে খাদ্য। খাদ্য ছাড়া শরীরের স্বাভাবিক কার্যক্রম সম্ভব নয়। আপনাকে বেঁচে থাকতে হলে প্রয়োজন মানসম্মত পুষ্টিকর খাবার ও প্রয়োজন মতো পানি। কিন্তু আমরা নিয়মিত যে খাবার খাচ্ছি, তা কি সত্যিই স্বাস্থ্যসম্মত? উত্তর হলো- স্বাস্থ্যসম্মত ও ভেজালমুক্ত খাবার খাওয়া গেলেও, পরিমাণটা যথেষ্ট নয়। বেশিরভাগ খাবারের মধ্যে মেশানো হচ্ছে বিষাক্ত ও ক্ষতিকর পদার্থ। ফুটপাত থেকে অভিজাত রেস্তোরাঁ সবজায়গায় ভেজাল খাদ্যের হাতছানি। যেখানে স্বাস্থ্যবিজ্ঞান বলছে, খাদ্য এবং স্বাস্থ্য একে ওপরের পরিপূরক। সেখানে স্বাস্থ্যসম্মত ও ভেজালমুক্ত খাবার খাওয়া যেন মরুভূমিতে পানি খোঁজার মতো, আমরা সবসময় মরীচিকার পেছনে ছুটছি।

খাদ্যে ভেজাল দিতে গিয়ে মানুষ যে চরম সর্বনাশ ডেকে আনছে, সেটা বিবেচনা করার মতো বিবেকবোধের চরম অভাব রয়েছে।\r\nদৈনিক আমাদের প্রয়োজন পুষ্টিকর, ব্যাকটেরিয়া ও ফরমালিন মুক্ত, বিশুদ্ধ ও টাটকা খাবার। যা সকলের স্বাস্থ্যকর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাস্তবে তার উল্টো চিত্র লক্ষ্য করা যাচ্ছে, ভেজাল খাদ্যে সয়লাব বাজার, মার্কেট ও সুপারশপগুলোতে। অধিক মুুনাফার লোভে দেশের কিছু অসাধু ব্যবসায়ী উদ্দেশ্যপ্রণোদিতভাবে খাদ্যে কাপড়ের রং, রাসায়নিক রং, ফরমালিন ও কৃত্রিম উপাদান মেশাচ্ছে। এর ফলে খাদ্য দিনের পর দিন সংরক্ষণ করে বাজারে বিক্রয় করা হচ্ছে। ফলস্বরূপ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছে। নামি-দামি প্রতিষ্ঠান থেকে শুরু করে নিবন্ধনহীন অবৈধ কারখানা সবাই এমন ঘৃণিত অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত।

কারো মরিচ গুঁড়ায় মরিচ নেই, হলুদের গুঁড়ায় হলুদ নেই, লবণে আয়োডিন নেই। আবার মেয়াদোত্তীর্ণ খাবার ও ভোজ্যতেল রিপ্রোডিউস করে নতুন করে বাজারে বিক্রি করা হচ্ছে। গ্রাহক পর্যায়ে মানুষেরা কিঞ্চিত পরিমাণও বুঝতে পারেন না। বিশেষ করে দুগ্ধজাত পণ্য, তেল, ঘি, শাকসবজি, দানাজাতীয় খাদ্য, মধু, চা- কফি ইত্যাদি খাবারের মাঝে মেশানো হয় রাসায়নিক রং ও ক্ষতিকর কৃত্রিম উপাদান। খাদ্যে ভেজালের আশঙ্কা বেড়ে গিয়েছে এবং অনেক সময় জীবনঘাতী হয়ে উঠেছে। বিএসটিআইয়ের লোগো বিভিন্ন পণ্যের গায়ে থাকলেও, অভিযান পরিচালনার পর দেখা যায় প্রিন্টিং মেশিনের সাহায্যে অসৎ উপায়ে অনুমোদনহীনভাবে তা পণ্যের গায়ে লাগানো। আবার দেশে বাড়তি খাদ্য উৎপাদন অর্জন করতে গিয়ে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বেড়েছে।

ক্রমাগত রাসায়নিক প্রয়োগের ফলে খাদ্য উৎপাদন বেড়েছে ঠিকই কিন্তু খাদ্যের গুণগত মান নষ্ট হয়েছে অনেকটা। পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় তিন লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। দেড় লাখ ডায়াবেটিস রোগে ভোগেন, দুই লাখ কিডনি রোগে আক্রান্ত হয়। এমন ভয়াবহতার অন্যতম কারণ ভেজাল খাদ্য গ্রহন। আবার ভেজাল খাদ্যের ফলে অ্যালার্জি, পরিপাকতন্ত্রের সমস্যা, অঙ্গ-প্রতঙ্গের ক্ষতি, হরমোনের ভারসাম্যহীনতা, দীর্ঘস্থায়ী রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মতো ঘটনা ঘটে। অধিকাংশ ক্ষেত্রে খাদ্যের পুষ্টিগুণ ধ্বংস হয়। যা আমাদের দেশে স্বাস্থ্য খাতে বড় ধরনের বিপর্যয় বলা চলে।\r\nশিশুদের মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি খাদ্য। সেই খাদ্য নিরাপদ কিনা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

শিশুদের শারীরিক বিকাশ, মস্তিষ্কের জ্ঞানের পরিধি বৃদ্ধি ও দৈহিক সুস্থতার জন্য সুষম ও নিরাপদ খাদ্যের প্রয়োজন। কিন্তু সরকার সেটা কতটুকু নিশ্চিত করতে পারে? বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় প্রয়োজনমতো খাদ্য উৎপাদন ও সরবরাহ করা সম্ভব হলেও, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এখনো পরিপূর্ণভাবে সম্ভব হয়নি। বাজারের নামি-দামি চকলেট, বিষাক্ত এনার্জি ড্রিংকস, জুস ও শিশুখাদ্যে ভয়াবহ ক্ষতিকর কেমিক্যাল হরহামেশাই পাওয়া যাচ্ছে। সম্প্রতি সরকারি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয় বাজারের কোনো পণ্যে ৬৬ শতাংশ, কোনোটিতে ৪৩ আবার কোনোটিতে ২৫ থেকে ২৮ শতাংশ ভেজাল।

বাংলাদেশের প্রধান খাদ্য চালে মিলেছে প্রায় ৯ শতাংশ ভেজাল।\r\nঅনিরাপদ খাবার গ্রহনের ফলে গর্ভবতী মায়েদের মধ্যে তৈরি হয় পুষ্টিহীনতা, তারই ধারাবাহিকতায় গড়ে উঠছে পুষ্টিহীন একটি ভবিষ্যৎ প্রজন্ম। সারা বিশ্বে ৬০ কোটি মানুষ অনিরাপদ খাদ্য দ্বারা আক্রান্ত হচ্ছে। আইসিডিডিআরবি-র পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৭০ শতাংশ মানুষ অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে অকাল মৃত্যুর সংখ্যাও। বাংলাদেশে অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে প্রতিবছর প্রায় ৩৫ হাজার মানুষ মৃত্যুবরণ করছে। আবার প্রতিদিন ৫ শতাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।\r\nখাদ্যে ভেজাল বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।

ফলে মানুষের স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবন হুমকির মুখে পড়ছে। প্রতিদিন আমরা যা খাচ্ছি তা কতটা নিরাপদ, এই প্রশ্নের উত্তর জানা বেশ জরুরি। কিছু প্রতিষ্ঠানের এমন অনৈতিক আচরণের ফলে সৎ ও নীতিনিষ্ঠ প্রতিষ্ঠানগুলো কলঙ্কিত হচ্ছে। বাংলাদেশে খাদ্যে ভেজাল দেওয়ার মাত্রা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে মানুষের মধ্যে নৈতিকতার সামান্য পরিমাণ ছিটেফোঁটা নেই বলাই বাঞ্ছনীয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে খাদ্যের লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করা হচ্ছে। ভোক্তারা খাবারের মান ও স্বাস্থ্যঝুুঁকি বিবেচনা না করেই এসব খাদ্যের প্রতি আগ্রহী হয়ে উঠছেন।

বিশেষ করে শিশু ও তরুণ সমাজ এ কৌশলের শিকার হচ্ছেন, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে।\r\nবর্তমানে শীতকালীন সময়ে খেজুরের গুড় অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। শীতকালে প্রায় সকল মানুষ শীতের পিঠা থেকে শুরু করে মিষ্টি জাতীয় খাবার তৈরির জন্য খেজুরের গুড় ব্যবহার করেন। কিন্তু অসাধু ব্যবসায়ী চক্র অসৎ উপায় অবলম্বন করে খেজুরের গুড় তৈরি করছে। ভেজাল গুড়ের দৌরাত্ম্যের কারণে আসল গুড় খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজশাহী, নাটোরের গুরুদাসপুর ও ফরিদপুরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ভেজাল গুড়ের কারখানা জব্দ ও ধ্বংস করা হয়।

সেখানে কাপড়ের রং, চিনি, ময়দা, ফিটকিরি ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরি করা হচ্ছে সুমিষ্ট গুড়। বাজারে ভেজাল গুড়ে সয়লাব, এমন খাদ্য গ্রহণের ফলে মানুষ খুব দ্রুতই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। খাদ্যে ভেজাল দেওয়া মানেই, আপনি ভোক্তাকে নীরবে হত্যা করছেন। দেশে খাদ্যদ্রব্যের ভেজাল বন্ধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য ২০১৩ সালে আইন প্রণয়ন করা হয়। খাদ্যে ভেজাল মেশানোর কারণে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড আরোপ করার বিধান এবং অপরাধের পুনরাবৃত্তি ঘটলে ২০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।\r\n২০১৫ সালে গঠন করা হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

এরপরেও সরকারি অধিদপ্তরের অভিযান কিংবা গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, খাদ্যদূষণের যে ভয়াবহ দৃশ্য ভেসে ওঠে, তাতে মানুষের চরিত্র ও অস্তিত্ব নিয়ে সংশয় তৈরি হয়। মানুষের শিরায় শিরায় অপরাধ প্রবণতা বাসা বেধেছে। সরকার এ সমস্যা মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে যেমন- খাদ্য নিরাপত্তা আইন প্রয়োগ, অপরাধীর জন্য কঠিন শাস্তি, ভ্রাম্যমাণ আদালত ও জনসচেতনতামূলক ক্যাম্পেইন। আইনশৃঙ্খলা বাহিনী এ সমস্যা সমাধানে কাজ করছে। অনেক সময় ভেজালকারীদের শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে। আবার শনাক্ত করার পর শাস্তি দিলেও, পরবর্তীতে একই কাজে লিপ্ত হচ্ছে। শক্তিশালী সিন্ডিকেট, আইনের পাশ কাটিয়ে নকল খাদ্য এমনভাবে তৈরি করছে, যেখানে মূল উপাদানের বদলে কম খরচে ক্ষতিকর উপাদান ব্যবহার করছে। যার ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বহুগুণ। ভেজাল রোধে আইন প্রয়োগে কঠোরতা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে শক্তিশালীকরণ, কার্যকর নজরদারি, প্রযুক্তি ও ল্যাবরেটরির সুবিধা বৃদ্ধি করা, প্রচার মাধ্যমের দায়িত্বশীলতা, উৎপাদন থেকে বিপণন সকল ধাপে নজরদারি, ভেজালবিরোধী আইনের সঠিক ও কঠোর প্রয়োগ জরুরি। ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করতে হবে। সর্বোপরি খাদ্যে ভেজাল রোধে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। \r\nলেখক : শিক্ষার্থী, ঢাকা কলেজ