রাষ্ট্র পরিচালনা কেবল দক্ষতার বিষয় নয়; এটি মূলত দায়বদ্ধতার ক্ষেত্র। জনআস্থার সঙ্গে না মিললে প্রশাসনিক অভিজ্ঞতা, বুদ্ধিবৃত্তিক সুনাম কিংবা আন্তর্জাতিক ভাবমূর্তি; কোনো কিছুই ফলপ্রসূ হয় না। অভিজ্ঞতা ও ভাবমূর্তির ভেতরেও সীমাবদ্ধতা থাকে। বিশেষ করে যখন সরকার গঠিত হয় অরাজনৈতিক উপদেষ্টাদের নিয়ে, তখন সেসব সীমাবদ্ধতা আরও প্রকটভাবে সামনে আসে। সম্ভবত এ কারণেই অন্তর্বর্তী সরকারের প্রতি শুরুর দিকের প্রবল জনপ্রত্যাশা ইদানীং এক প্রকার হতাশায় পরিণত হয়েছে।

স্মরণ করা যেতে পারে, উপদেষ্টা পরিষদে এনজিও এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের আধিক্য দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। বাংলাদেশের অধিকাংশ এনজিও ঐতিহাসিকভাবে ‘অ্যান্টি-স্টাবলিশমেন্ট’ চিন্তায় অভ্যস্ত। দাতাদের মনোযোগ পেতে তারা প্রায়ই সরকারকে জনগণের প্রতিপক্ষ ও নিজেদের জনগণের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করে। রাষ্ট্র পরিচালনায় আসার পরও তারা সেই মানসিকতা থেকে বের হতে পারে না। নীতি প্রণয়নে দৃঢ় অবস্থান নেওয়ার বদলে তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। এর প্রতিফলন বর্তমান উপদেষ্টা পরিষদেও দেখা যাচ্ছে।

এনজিও কাঠামোর এই বাস্তবতার আরও জটিল রূপ দেখা যায় মানবাধিকার সংস্থাগুলোর ক্ষেত্রে। তারা একদিকে দাতা সংস্থার নির্ধারিত ‘প্রেসক্রিপশন’ মানতে বাধ্য, অন্যদিকে সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রশ্ন তোলে। এই দ্বৈত অবস্থান নিয়ে তারা যখন নিজেরাই সরকারের দায়িত্বে আসেন, তখন রাষ্ট্রের দায়িত্ব, অতীত চর্চা ও ভবিষ্যতের পেশাগত টানাপোড়েনে পড়ে সিদ্ধান্তহীন হয়ে পড়েন। দায়িত্ব শেষে আবার পুরোনো সংস্থায় ফিরে যাওয়ার চিন্তা তাদের সব সময় তাড়িত করে। ফলে এমন কিছু করতে পারেন না, যা দাতাদের বা নিজের সংগঠনকে অসন্তুষ্ট করতে পারে। এতে নৈতিক দৃঢ়তা ও প্রশাসনিক কার্যকরতা দুটোই দুর্বল হয়।

এই তালিকায় আছে আরেক গোষ্ঠী টেলিভিশন টকশো ও লেখালেখির মাধ্যমে পরিচিত মুখেরা। জনপ্রিয়তা ধরে রাখার প্রবণতা থেকেই তারা সরকারে থেকেও ‘যদি’, ‘কিন্তু’র মাধ্যমে সরকারের সমালোচনামূলক অবস্থান নেন। কারণ সরকারের সমালোচনা ‘করতালি’ আনে। তাদের এই সরকারের দায়িত্ব পাওয়ার পরও পুরোনো ঢঙে কথা বলা, প্রশাসনের বাস্তবতা বোঝার আগেই বিশ্লেষক হয়ে ওঠা বক্তা হিসেবে সফল হলেও নীতিনির্ধারক হিসেবে তাদের ব্যর্থ করে তোলে।

এনজিও অ্যাক্টিভিস্ট থেকে উপদেষ্টা হওয়া অনেকের আরেক সীমাবদ্ধতা হলো, হয় রাজনীতিকদের ভুল ধরা বা সরকারের প্রশংসা করা– এই দুই চরম অবস্থার চর্চা। ফলে সরকারে এলেও তারা ন্যায়ের দৃষ্টিকোণ থেকে নয়; চরম দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন। আমাদের মতো দেশে, যেখানে রাজনীতি ও প্রশাসনের সীমারেখা ঘনিষ্ঠ, সেখানে এই মনোভাব রাষ্ট্র পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়ায়, যা ড. ইউনূসের উপদেষ্টা পরিষদেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা নতুন নয়। আমরা ১/১১-এর সরকারের সময় এনজিও থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এনজিও ব্যক্তিত্বকে দেখেছি কীভাবে তিনি সরকারের বাইরে থাকার সময় বলা কথাগুলো সরকারে এসে পূরণ করতে বিপুলভাবে ব্যর্থ হয়েছিলেন।

এদিকে উপদেষ্টাদের মধ্যে থাকা পেশাদার আমলাদেরও সীমাবদ্ধতা রয়েছে। তারা সারাজীবন এমন কাঠামোয় কাজ করেন, যেখানে সিদ্ধান্ত আসে ওপর থেকে। ফলে আত্মনির্ভরতার পরিবর্তে গড়ে ওঠে মানসিক নির্ভরশীলতা। দীর্ঘ প্রশাসনিক জীবনে সাধারণ মানুষের সঙ্গে দূরত্বের কারণে বাস্তব উপলব্ধিও ক্ষীণ হয়ে পড়ে। অন্তর্বর্তী সরকারের মতো সংবেদনশীল সময়ে দায়িত্ব নিয়েও তাদের মধ্যে দ্বিধা, আত্মপ্রদর্শন ও সিদ্ধান্তহীনতা বেড়ে যাওয়া লক্ষ্য করা যাচ্ছে। সাবেক সামরিক কর্মকর্তারাও এ দ্বন্দ্বে জর্জরিত। সামরিক জীবনের কঠোর শৃঙ্খলা থেকে বেসামরিক বাস্তবতায় মানিয়ে নেওয়া সহজ নয়। সেই সঙ্গে অতীতের অতৃপ্তি ও অসম্পূর্ণ থাকা প্রভাব বা মর্যাদা রাষ্ট্রীয় দায়িত্বে এসে পূরণ করার আকাঙ্ক্ষা তাদের বাস্তব সিদ্ধান্ত গ্রহণে প্রায়ই অকারণ দ্বন্দ্বে ফেলে দিচ্ছে। এর ফলে অনিশ্চয়তা ও আত্মপ্রদর্শনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

আদিবাসী প্রতিনিধিদের রাষ্ট্র পরিচালনায় যুক্ত হওয়ার ক্ষেত্রেও আলাদা চ্যালেঞ্জ রয়েছে। ঐতিহাসিক বঞ্চনা ও সাংস্কৃতিক গর্বের কারণে তাদের চিন্তায় তৈরি হয় পৃথক জগৎ। আবার আদিবাসীদের মধ্যেও পারস্পরিক দূরত্ব রয়েছে। এ অবস্থায় কেউ যদি নিজের গোষ্ঠীকে শ্রেষ্ঠ মনে করেন, তবে সিদ্ধান্তে সেই পক্ষপাত ঢুকে পড়ার আশঙ্কা থাকে। ফলে বৃহত্তর জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। এদিকে বিভিন্ন ধর্মের মানুষকে সরকারে অন্তর্ভুক্ত করা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু প্রতীকী ভারসাম্য রক্ষার জন্য যদি যোগ্যতা উপেক্ষিত হয়, তাহলে প্রশাসনিক সক্ষমতা কমে যায়। ধর্মীয় ভারসাম্য বজায় থাকে বটে, কিন্তু কাজের ফল আসে না। সব শেষে বলতে হয়, অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্তি ছিল একটি আশাব্যঞ্জক পদক্ষেপ।

কিন্তু তাদের দায়িত্ব ও ভূমিকা নির্ধারণে স্পষ্টতা ছিল না। এই দায়িত্ব ছিল প্রধান উপদেষ্টার, কিন্তু তিনিও সেখানে সীমাবদ্ধতা দেখিয়েছেন। প্রধান উপদেষ্টা নিজের দায়িত্বের শুরুতেই কে বা কারা তাঁকে নিয়োগ দিয়েছে সেটা বলা; তাঁর প্রতি অতীতের অবিচার দূর করার আবেগ এবং পছন্দের উপদেষ্টাদের নিয়োগ দিয়ে সব মিলিয়ে সরকারের কাঠামো দুর্বল করে ফেলেছেন। ফলে প্রশাসনের ভেতরে আস্থাহীনতা তৈরি হয়েছিল, যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণঅভ্যুত্থানের সুফল আদায়ে। রাষ্ট্র পরিচালনা কোনো দাতব্য প্রকল্প নয়। এটি জনগণের আস্থা ও অভিজ্ঞতার ওপর দাঁড়ানো এক রাজনৈতিক প্রতিষ্ঠান। এনজিওকর্মী, মানবাধিকার নেতা, আমলা, সামরিক কর্মকর্তা, বুদ্ধিজীবী; সবাই রাষ্ট্র পরিচালনায় অবদান রাখতে পারেন বটে, কিন্তু রাজনীতিক ছাড়া কেউই জনগণের সরাসরি প্রতিনিধি নন। সেই কারণে রাজনীতিই একমাত্র ক্ষেত্র, যেখানে ক্ষমতা বৈধতা পায় এবং জনগণ পায় মর্যাদা। কারণ রাজনীতি শুধু ক্ষমতা প্রয়োগের বিষয় নয়, এটি দায়বদ্ধতা ও জবাবদিহির ভাষাও বটে। তাই দেশ পরিচালনায় রাজনীতিকদের বিকল্প নেই।

মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন