মব সহিংসতায় দেশের শান্তি নস্যাৎ হয়েছে, নাগরিকরা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষত মব, ধর্মীয় উগ্রবাদ ও সরকারের মধ্যে একটা মেলবন্ধন ঘটার ফলেই এই ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, মব সন্ত্রাস হলো ফ্যাসিবাদের প্রাক-রাষ্ট্রীয় পর্যায়। ইতালিতে মুসোলিনির ব্ল্যাকশার্টস (স্কোয়াড্রিস্তি) এবং জার্মানিতে হিটলারের এসএ (ব্রাউনশার্টস) ছিল ফ্যাসিবাদের প্রাথমিক শক্তি। এই বাহিনীগুলো রাস্তার দখল নিয়েছিল আগে। তাদের প্রধান লক্ষ্য ছিল: প্রতিরোধের রাজনীতি ও সমাজতন্ত্রীদের ওপর হামলা, ট্রেড ইউনিয়ন, সংবাদমাধ্যম ও বুদ্ধিজীবীদের মনে ত্রাস সৃষ্টি করা। মব আক্রমণ যখন চলে তখন পুলিশ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রায়ই নীরব থাকে। এই নীরবতা মব সহিংসতার প্রতি এক ধরনের পরোক্ষ রাষ্ট্রীয় সম্মতি প্রদান করে। মব সন্ত্রাসের মাধ্যমে সমাজে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়–বিরোধিতা মানে শারীরিক ধ্বংস।

মবের রাজনৈতিক দর্শনের মূলকথা হলো–‘আমরা বনাম শত্রুরা’। বাংলাদেশে এই শত্রু কখনও পতিত বা বিরোধী দল, কখনও সংখ্যালঘু, কখনও বামপন্থি, স্যেকুলার, গণতন্ত্রী, সংবাদপত্র, শিল্প, সাহিত্য, সংগীত, নৃত্যকলা ইত্যাদি। মবতন্ত্র উগ্র আদর্শিক স্লোগান দিয়ে এসব আক্রমণ করছে। তারা দাবি করছে এই সহিংসতা কোনো অপরাধ নয়, বরং ‘দেশ রক্ষা’, ‘ধর্ম রক্ষা’ বা ‘জুলাই বিপ্লব’ রক্ষার জন্য পবিত্র দায়িত্ব পালন। দার্শনিক জিজেক লক্ষ্য করেছেন, মব বা উত্তেজিত জনতা অনেক সময় নিয়ম ভাঙা বা অন্যকে আক্রমণ করার মধ্যে এক ধরনের যৌথ অশ্লীল বা নিষিদ্ধ আনন্দ (অবসিন এনজয়মেন্ট) পায়। মব বা ভিড়ের মধ্যে যখন মানুষ সহিংসতা করে, তখন সে নিজেকে এক বিশাল ক্ষমতার অংশ মনে করে। মব হিসেবে যখন সে কাউকে আক্রমণ করে, তখন সে মনে করে সে নিজেই আইন। এই সার্বভৌমত্বের অনুভূতি অত্যন্ত আসক্তিকর।

ফ্যাসিবাদ রাস্তা থেকে আইন ও সহিংসতার বৈধতা তৈরি করতে চায়। তার অংশ হিসেবে প্রথমে মব রাজপথ দখল করে সাধারণ মানুষের ওপর আক্রমণ বা সম্পদ ধ্বংস করে আতঙ্ক তৈরি করে। রাষ্ট্র তখন দাবি করে যে ‘জনগণ এটা চাইছে’ এবং অস্থিরতা থামাতে বিশেষ ব্যবস্থা প্রয়োজন। এরপর সেই সহিংসতাকে বৈধতা দিতে বৈষম্যমূলক আইন (যেমন ইহুদিবিরোধী জার্মানির ন্যুরেমবার্গ আইন ১৯৩৫) পাস করা হয়। এভাবে রাষ্ট্র নিজেকে, বাস্তবে সহিংসতার সূচনাকারী হলেও, ‘জনগণের দাবির রক্ষক’ হিসেবে উপস্থাপন করে। জার্মান রাজনৈতিক-দর্শনবিদ হানা আরেন্টের মতে, ফ্যাসিবাদ তখনই শক্তিশালী হয় যখন আইন ও সহিংসতার সীমারেখা ঝাপসা হয়ে যায়। মব সহিংসতার পর রাষ্ট্র তা স্বাভাবিক করে তোলে বা দায় এড়িয়ে যায়। এর ফলে তৈরি হয় একটি বিপজ্জনক বাস্তবতা। মব সত্যকে মিথ্যায় পরিণত করে, মানুষকে ভাবনাহীন নিষ্ঠুর করে তোলে। জনগণকে একাকী ও বিচ্ছিন্ন করে ফেলে।

যখন মব সহিংসতা সমাজে ন্যায্য বা স্বাভাবিক বলে গৃহীত হয়, তখন গণতন্ত্রের মৃত্যু ঘটে। ফ্যাসিবাদকে প্রতিহত করতে হলে কেবল রাজনৈতিক নয়, বরং সমাজের ভেতর থেকেই মব মানসিকতার বিরুদ্ধে যুক্তি, সহমর্মিতা ও মানবিকতার লড়াই চালিয়ে যেতে হবে। ফ্যাসিবাদী কাঠামোর মূলে থাকে ভয়, আর নাগরিক প্রতিরোধের মূলে থাকে ‘ভয়হীনতা’ এবং ‘যৌথ সংহতি’।

ফ্যাসিবাদ কেবল হিটলার আর মুসোলিনির অধ্যায়ের মধ্যে সমাপ্ত হয়নি, বরং এটি একটি পুনরাবৃত্ত রাজনৈতিক কাঠামো। আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে ভিন্নমতাবলম্বীদের মানবিক মর্যাদা অস্বীকার ও সহিংসতার মাধ্যমে ক্ষমতার আনন্দ উপভোগ করা ফ্যাসিবাদের প্রেতাত্মা সক্রিয়। ২০২৪ সালে আওয়ামী স্বৈরতান্ত্রিক শাসনের পতনের পর দেশে যে প্রশাসনিক ও আইনি শূন্যতা তৈরি হয়েছে, তাকে কাজে লাগিয়ে অনেক ক্ষেত্রে উগ্রপন্থি ধর্মীয় ফ্যাসিবাদীরা রাষ্ট্র ও সমাজের ওপর জবরদস্তিমূলক কর্তৃত্ব নিতে চাইছে।

শুধু নিপীড়িতের দীর্ঘশ্বাস আর হা-পিত্যেশ নয়, চাই প্রতিরোধ। প্রতিটি মব আক্রমণের সঙ্গে সঙ্গে সমাজের সচেতন অংশকে তাৎক্ষণিক প্রতিবাদে সরব হতে হবে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সংবাদপত্র, ছায়ানট, বাউল, মাজার, নারী, বামপন্থি, শিক্ষক-সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। ৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়া এবং মুত্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়েছে। সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরের ওপর হামলা হয়েছে। এর প্রতিক্রিয়ায় আমরা দেখলাম নীরবতা ভেঙে প্রতিরোধে জেগে উঠতে। এই প্রতিরোধই সহিংস মব ও ফ্যাসিবাদ মোকাবিলার প্রথম পদক্ষেপ। উগ্রপন্থিদের মনে এই বিশ্বাস যেন টিকে না থাকে যে তারা ধরাছোঁয়ার বাইরে।

মব যে ‘শত্রু’ নির্মাণ করে, আমাদের কাজ তার বিশ্লেষণ ও বিকল্প বয়ান তৈরি করে ঘৃণা ও বিদ্বেষের রাজনীতির অসারতা প্রমাণ করা। সহিংসতার সংবাদ ও ভিডিও বা প্রমাণ রাখা, যাতে ভবিষ্যতে বিচারের পথ প্রশস্ত হয়। অধিকাংশ মব সহিংসতার সূত্রপাত হয় ফেসবুকের গুজব থেকে। তথ্যের সত্যতা যাচাই এবং ‘উইচ হান্টিং’-এর বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন নাগরিক দায়িত্ব। মব সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে রাষ্ট্রকে চাপ দেওয়া ও তৃণমূল পর্যায়ে ‘নেইবারহুড ওয়াচ’ বা সুরক্ষা কমিটি গঠন করা যেতে পারে। শিল্প, সাহিত্য, গান ও নাটকের মাধ্যমে সাম্য, মানবিকতা ও সহমর্মিতার লড়াইকে সামনে আনতে হবে। তরুণ প্রজন্মকে ক্রিটিক্যাল থিঙ্কিং বা পর্যালোচনামূলক বুদ্ধিসম্পন্ন করে তুলতে হবে; যেন মব সহিংসতাকে ‘বীরত্ব’ নয়, বরং ‘কাপুরুষতা’ হিসেবে দেখতে শেখে।

ইতিহাস সাক্ষী, মব ক্ষণস্থায়ী কিন্তু ন্যায়বিচার ও মানবিক সংহতি চিরস্থায়ী। আজকের প্রথম ছোট অন্যায়টি মেনে নেওয়া মানেই পরবর্তী বড় অন্যায়ের জন্য অনুমোদন দেওয়া। তাই প্রতিরোধের সময় এখনই। বাংলাদেশের উদার গণতান্ত্রিক পরিচয় রক্ষা করতে, সমতা, শান্তি ও নিরাপদ বাংলাদেশ গঠন করতে হলে ভয়হীনতা, যৌথ সংহতি ও প্রতিরোধ হতে পারে আমাদের প্রধান হাতিয়ার।

ড. আখতার সোবহান মাসরুর: লেখক এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা