গত ১০ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত তিনটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হচ্ছে— ১. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি, ২. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি ও ৩. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির চেয়ারম্যানকে সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি এবং প্রধানমন্ত্রীকে সভাপতি করে ১৯ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট গেজেটে কমিটির কাঠামোর পাশাপাশি কার্যপরিধিও নির্ধারণ করে দেয়া আছে।

পরামর্শক কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ‘পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আগামী দুই মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটির নিকট সুপারিশ উপস্থাপন।’ নির্বাহী কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে, ‘ক) সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এবং আওতাধীন বিভিন্ন সংস্থার সুনির্দিষ্ট করণীয় নির্ধারণ; খ) পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ দমন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিসহ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন; গ) পার্বত্য চট্টগ্রামের টেকসই নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রচলিত আইন, চুক্তির শর্ত ও বিধি-বিধান পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় সংশোধন ও সংস্কার এবং নতুন আইন ও বিধি-বিধান প্রণয়নে সুপারিশ প্রদান এবং ঘ) আগামী তিন মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কর্মকৌশলের খসড়া প্রণয়নপূর্বক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির নিকট উপস্থাপন।’ জাতীয় কমিটির কার্যপরিধিতে উল্লেখ রয়েছে— ‘ক) পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ এবং আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারকিকরণ; খ) পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থাসমূহের কার্যপরিধি ও ক্ষেত্র নির্ধারণ এবং গ) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কর্মকৌশল চূড়ান্তকরণ ও বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ।’ এ তিনটি কমিটি গঠন এবং কমিটিগুলোর কার্যপরিধি দেখে বোঝা যাচ্ছে, সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় করণীয় নির্ধারণ এবং তার বাস্তবায়ন করতে আগ্রহী। ‘বিরোধিতা’ শুরু: সরকারের এই উদ্যোগের অন্তর্নিহিত তাৎপর্য বিবেচনায় নিয়ে ধারণা করা যায়, সরকার পার্বত্য চট্টগ্রামে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে সেখানে বসবাসকারী সকল জনগোষ্ঠির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন ও উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। পাহাড়ে যুগের পর যুগ ধরে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের কারণে রক্তক্ষয় হয়ে আসছে। এক সময় জেএসএস এবং তার সশস্ত্র গোষ্ঠি শান্তিবাহিনী সেখানে সক্রিয় ছিল। বর্তমানে জেএসএস(সন্তু), জেএসএস(সংস্কার), ইউপিডিএফ(প্রসীত), ইউপিডিএফ(গণতান্ত্রিক), এমএনপি এবং কেএনএফের আলাদা আলাদা সশস্ত্র গোষ্ঠি সক্রিয় রয়েছে। এদের প্রত্যেককে নিরাপদ আশ্রয়-প্রশ্রয়-প্রশিক্ষণ দিয়ে লালন করছে প্রতিবেশী ভারত; বিনিময়ে নিজের স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে এদের ব্যবহার করছে। এসব সংগঠনের চাঁদাবাজি, আধিপত্য বিস্তারের নামে গুম-খুন-অপহরণসহ নানা সন্ত্রাসী তৎপরতায় পাহাড়বাসীর জীবন অতিষ্ঠ। সময় সময় সেই অশান্তির ঢেউ এসে আছড়ে পড়ে সমতলের মানুষের জীবন-জীবিকাতেও। পাহাড়ের সশস্ত্র গোষ্ঠিগুলোকে আয়ত্তে এনে সরকার যদি সেখানে শান্তি স্থাপনে আগ্রহী হয় তাহলে সে উদ্যোগকে আমরা অবশ্যই স্বাগত জানাতে চাই। একই সঙ্গে প্রত্যাশা থাকবে, এই উদ্যোগকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে, এতে খুশি হতে পারছে না কিছু সংখ্যক মানুষ। কমিটিসমূহ গঠনের পর ১৪ সেপ্টেম্বর গণমাধ্যমে দেশের ৫২ নাগরিকের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি পাঠিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের উদ্যোগকে শুরুতেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। বিবৃতিতে থাকা নাগরিকরা অবশ্য চিহ্নিত এবং তাদের উদ্দেশ্যও সকলের কাছে স্পষ্ট। কারণ, সরকারের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে উদ্বিগ্ন হয়ে বিবৃতি দিলেও তারা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো দিন আওয়াজ তোলেননি; ঘৃণা প্রকাশ বা উদ্বিগ্ন হওয়া তো বহু দূরের কথা। সরকারি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের ব্যাপারে উদ্বেগ জানিয়ে তাদের যৌথ বিবৃতির মর্ম আরো স্পষ্ট হয় যখন ২৭ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তথা জেএসএসের পক্ষ থেকে দেয়া প্রতিবাদলিপির ভাষার মধ্যে তাদের বিবৃতির সামঞ্জস্য পাওয়া যায়। ২৮ সেপ্টেম্বর রাঙ্গামাটির একটি রেস্তোরাঁয় পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকেও কিছু মানুষ সরকারের উদ্যোগগুলো বাতিল করে চুক্তি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দাবি জানিয়েছে। বাস্তবতা হলো, ৫২ নাগরিকের বিবৃতি, জেএসএসের প্রতিবাদলিপি আর এই তথাকথিত সর্বস্তরের জনগণের বক্তব্যে কোনো ফারাক নেই। সবই একসূত্রে গাঁথা।

বিরোধিতা যেখানে স্বাভাবিক প্রবণতা: বিরোধিতা তো কেবল শুরু। এরপর থেকে এর মাত্রা ও পরিধি ব্যাপক আকার নিতে খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না। কারণ, পার্বত্য চট্টগ্রামের ইতিহাস সাক্ষী, সেখানে যেকোনো ইতিবাচক পদক্ষেপই চূড়ান্ত বিরোধিতার সম্মুখীন হয়েছে। ব্রিটিশ আমলে স্কুল প্রতিষ্ঠা এবং মাতৃভাষায় শিক্ষার মতো মহৎ উদ্যোগেরও বিরোধিতা করা হয়েছে। পাকিস্তান আমলে রাঙ্গামাটি কলেজ প্রতিষ্ঠায় বিরোধিতা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠায় তাদের সর্বাত্মক বিরোধিতার কথা তো সেদিনকার ঘটনা। এমনকি সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করতে গেলেও সেখানে বিরোধিতা করা হয়, যার সর্বশেষ উদাহরণ রাঙ্গামাটি-লংগদু সড়ক।

রাস্তাটি সম্পন্ন হলে জেলা সদরের সঙ্গে নানিয়ারচর হয়ে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার কয়েক লাখ মানুষের সড়ক যোগাযোগ স্থাপিত হবে। গুরুপূর্ণ পর্যটন স্পট সাজেকের সঙ্গেও সড়ক যোগাযোগ সহজ হবে। মাটি কাটার প্রাথমিক কাজ সম্পন্নের পর মানুষজনের চলাচলও শুরু হয়েছিল এ রাস্তা দিয়ে। কিন্তু কয়েকদিনের মধ্যে এর বিভিন্ন অংশ কেটে গভীর গর্ত করে রেখেছে দুষ্কৃতকারীরা, যাতে এ পথে কোনো যানবাহন চলাচল করতে না পারে। দুঃখজনক ব্যাপার হচ্ছে, এসব উন্নয়ন কাজের বিরোধিতা যে শুধু সেখানকার সশস্ত্র গোষ্ঠিগুলোই করে ব্যাপারটি আসলে তা নয়, বরং তাদের সঙ্গে সুর মিলায় সমতলেরও কেউ কেউ। এদের মধ্যে সবসময় সোচ্চার দেখা যায় কিছু বামপন্থিকে। কারণ, পাহাড়ে জেএসএস, শান্তিবাহিনী গঠনের আগে প্রতিষ্ঠিত হয়েছিল রাঙ্গামাটি কমিনিস্ট পার্টি।

পরে ওই কমিনিস্ট পার্টির নেতারাই জেএসএস এবং শান্তিবাহিনী গঠন করে সশস্ত্র তৎপরতা শুরু করে। আর সেই সূত্রে সমতলের বামপন্থিরাও এদের ‘জ্ঞাতি ভাই’ মনে করে তাদের সবকিছুকেই চোখ বন্ধ করে সমর্থন করে। একই ভূমিকায় সরব থাকে চিহ্নিত কিছু মিডিয়া এবং মিডিয়া ব্যক্তিত্বও; একই সুরে কথা বলে এনজিও ব্যবসায়ী, খ্রিস্টান মিশনারি এবং তাদের দেশি-বিদেশি পৃষ্ঠপোষকরাও। অতএব, বিরোধিতা সেখানে একটি স্বাভাবিক প্রবণতা, এটাকে গুরুত্ব দিতে গেলে কোনো কিছুই করা যাবে না; পাহাড়ের মানুষের ভাগ্যেরও পরিবর্তন হবে না। তাই, যেকোনো উদ্যোগ নিতে হলে এসব বিষয় অবশ্যই বিবেচনায় রাখতে হবে। জনগণকে ক্ষমতায়িত করতে হবে: পার্বত্য চট্টগ্রামের সমস্যা-সংকটের পেছনে নানা কারণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সাধারণ মানুষকে সহায়সম্বলহীন করে রাখা।

বিশেষ করে, দুর্গম অঞ্চলে বসবাস করা পাহাড়ি মানুষদের বেশিরভাগই স্থায়ী কোনো ভূমির মালিক নন। তারা সেখানকার প্রথাগত বিশেষ ব্যবস্থায় সার্কেল চিফের অধীনে হেডম্যান-কারবারির মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য জমি বরাদ্দ পেয়ে থাকেন চাষের জন্য। সেই জমির পরিমাণ কয়েক একর থেকে কয়েকশ’ বা হাজার একরও হতে পারে। কিন্তু তারা সে জমির মালিক নন, তাদের জমির মালিকানার কোনো কাগজপত্রও নেই। ব্রিটিশদের করা ১৯০০ সালের শাসনবিধির মাধ্যমে সেখানে সার্কেল চিফরা একধরনের জমিদারী ব্যবস্থার মালিক। সেই ব্যবস্থায় তিনজন সার্কেল চিফের অধীনে কয়েকশ’ হেডম্যান এবং হেডম্যানদের অধীনে পাড়াপ্রধান হিসেবে কারবারিরা সমস্ত জমির মালিকানা ভোগ করেন। তারা নির্ধারিত ট্যাক্স এবং আরো নানা শর্তে সেই ভূমি সাধারণ পাহাড়িদের মধ্যে বরাদ্দ দেন।

তারা একই ভূমিতে কয়েক বছর চাষ করে সেখান থেকে অন্যত্র চলে যান। যেখানে যান সেখানেও একইভাবে আবারো কিছু জমির মালিকানা নেন এবং কয়েক বছর চাষবাস করেন। যেহেতু তাদের নিজস্ব এবং নির্দিষ্ট কোনো ভূমি নেই, তাই তাদের স্থায়ী কোনো সম্পদ ও স্থাপনাও থাকে না। এ ব্যবস্থাকে তাদের প্রথাগত ঐতিহ্য বা সামষ্টিক মালিকানা বলে বোঝানো হলেও বাস্তবে তাদের আসলে কিছুই নেই, সবকিছুর মালিক মূলত কারবারি, হেডম্যান এবং সার্কেল চিফ। যেহেতু প্রান্তিক মানুষের ভূমির মালিকানা নেই, অনেকের নিজস্ব কোনো স্থায়ী অবকাঠামো নেই, তাই সমাজ এবং রাষ্ট্রে তাদের কোনো মতামত বা প্রভাবও থাকে না। জমিদারী প্রথার মাধ্যমে সব ক্ষমতা ও প্রভাব এককভাবে ভোগ করেন এলিটরা, বাকিরা তাদের হাতের অনেকটা পুতুলমাত্র।

আর তাদের এ সম্বলহীনতার সুযোগটিই নিতে পারছে সশস্ত্র গোষ্ঠিগুলো। তারা এলিটরেদ ব্যবহার করে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার সুবিধা নিয়ে পাহাড়কে নিজেদের ইচ্ছেমাফিক অস্থিতিশীল করে রাখছে। একই সঙ্গে এ অস্থিতিশীলতার ফায়দা লুটে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়ছে তারা। এ অবস্থার পরিবর্তন করে পাহাড়ে শান্তি আনয়ন করতে হলে সার্কেল প্রথার নামে বিদ্যমান জমিদারী প্রথার বিলোপ করতে হবে। সাধারণ মানুষের হাতে ভূমি ও সম্পদের প্রকৃত মালিকানা দিয়ে তাদের ক্ষমতায়িত করতে হবে। ভূমি জরিপ করতে হবে: পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী প্রতিটি মানুষের ভূমির মালিকানা নিশ্চিত করতে হলে সরকারকে জানতে হবে সেখানে মোট কতটুকু ভূমি আছে। সেই ভূমির কতটুকু বসবাস ও চাষযোগ্য এবং কতটুকু সংরক্ষিত পাহাড় বা বনভূমি। ভূমির শ্রেণিভেদই-বা কেমন।

একই সঙ্গে সেখানে ভূমিহীন মানুষের সংখ্যাই-বা কত সেটাও জানতে হবে। তারপর সেই জমির মালিকানা বাস্তবসম্মতভাবে সাধারণ মানুষের নামে দলিল বা রেকর্ড করে দিতে হবে। এর জন্য প্রয়োজন সর্বাধুনিক পদ্ধতিতে ভূমি জরিপ করা এবং একই সঙ্গে ভূমিহীন নাগরিকের সংখ্যাও নিরূপণ করতে হবে। সরকার বিভিন্ন সময় এ উদ্যোগটি নিয়েছে, ভূমি জরিপের কাজও করার চেষ্টা করেছে। কিন্তু প্রত্যেকবার বাধা হয়ে দাঁড়িয়েছে সেখানকার সশস্ত্র গোষ্ঠিগুলো এবং অন্তরালে তাদের ইন্ধন যুগিয়েছে সেখানকার জমিদারী প্রথার নামে সুবিধাভোগী ও কর্তৃত্ববাদী এলিটরা। জরিপের কাজে নিয়োজিতদের ওপর হামলা করে, তাদের অপহরণ করে সরকারের উদ্যোগকে ভেস্তে দিয়েছে।

কারণ, তারা জানে, সরকার পার্বত্য চট্টগ্রামের ভূমি জরিপ সম্পন্ন করে সাধারণ ও প্রান্তিক মানুষকে জমির মালিকানা বুঝিয়ে দিলে তাদের দাদাগিরি আর টিকবে না। সার্কেল চিফ, হেডম্যান এবং কারবারিদের জমিদারী শিথিল হবে, নাগরিকরা সরাসরি রাষ্ট্রের সঙ্গে য্ক্তু হবে। আজকে শত শত একর জমির দখল থাকা সত্ত্বেও কার্যত যারা ভূমিহীন, তারাই হবে রাষ্টের গর্বিত নাগরিক। ভাসমান ও ভূমিহীন হওয়ায় এখন যেভাবে তাদের সশস্ত্র গোষ্ঠিগুলো রিক্রুট করতে পারছে, যখন খুশি সরকারের বিরুদ্ধে মিছিল-সমাবেশে লেলিয়ে দিতে পারছে, স্থায়ী সম্পদের মালিকানা পাওয়ার পর সেই সুযোগ আর থাকবে না। তবে দেশের অন্যান্য অঞ্চলে যেভাবে বেসামরিক প্রশাসন দিয়ে ভূমি জরিপ করা হয়ে থাকে, পাহাড়ে সেভাবে করা সম্ভব নয়।

কারণ, আগের অভিজ্ঞতা এটাই প্রমাণ করে যে, পাহাড়ের এলিটরা সাধারণ মানুষের ওপর থেকে তাদের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় যেকোনো মূল্যে সরকারের এ উদ্যোগকে ভেস্তে দেবেই। তাই, এখানে হাঁটতে হবে বিকল্প পথে। পাহাড়ে ভূমি জরিপের দায়িত্ব দিতে হবে সেনাবাহিনীকে এবং দ্রুত সময়ে সে জরিপ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ভূমিসেবা অফিসকে নিয়ে যেতে হবে ইউনিয়ন পর্যায়ে। সেখানে দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল পদ্ধতিতে তাৎক্ষণিক সেবা দিয়ে সাধারণ মানুষের মনে রাষ্ট্রের প্রতি আস্থা তৈরি করতে হবে। ভূমিবিরোধ নিঃষ্পত্তি করতে হবে: পার্বত্য চট্টগ্রাম দশকের পর দশক অস্থিতিশীলতার মধ্য দিয়ে গেছে। এতে বিভিন্ন স্থানের নাগরিকরা স্থানচ্যুত হয়েছে। অনেকে নিজের ভূমি-বাড়িঘর ছেড়ে সীমান্ত পাড়ি দিয়েছে, অনেকে গুচ্ছগ্রামে আশ্রয় নিয়েছে।

তাদের অনুপস্থিতির সুযোগে অনেক স্থানে ভূমি বেদখল হয়েছে। এটা দুই পক্ষের ক্ষেত্রেই ঘটেছে। বাঙালিদের নামে রেকর্ডভুক্ত হাজার হাজার একর ভূমি দখল করে অনেক স্থানে যেমন কিয়াং নির্মাণ করা হয়েছে, তেমনি অনেক ক্ষেত্রে অবাঙালিদের ভূমিও দখল হয়েছে। এর ফলে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির জন্য সরকার ২০০১ সালে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন পাস করেছে এবং উচ্চ আদালতের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ল্যান্ড কমিশন গঠন করেছে। এ কমিশনের মেয়াদ বারবার অতিক্রান্ত হয়েছে এবং প্রত্যেকবার নতুন করে পুনর্গঠন করা হয়েছে। কিন্তু কমশিন কিছু দাপ্তরিক কাজের বাইরে অন্যকোনো ভূমিকাই রাখতে পারেনি। কারণ, ভূমিবিরোধের বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি পক্ষ; একটি পক্ষ বাঙালি জনগোষ্ঠি, অন্যটি অবাঙালি জনগোষ্ঠি।

কিন্তু কমিশনের আইন এবং কাঠামো পুরোটাই পার্বত্য চট্টগ্রামের অবাঙালিদের অনুকূলে। কমিশনে পার্বত্য বাঙালিদের কোনো প্রতিনিধি নেই। তাই পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা এর বিরোধিতায় সোচ্চার রয়েছে। অন্যদিকে সবকিছু নিজেদের অনুকূলে থাকার পরও কমিশন ও কমিশনের আইনে নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুযোগ না থাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিও প্রতিরোধ গড়ে তোলায় কমিশন কোনো কাজ করতে পারেনি। অবশেষে তৎকালীন সরকার জেএসএসের দাবির কাছে নতিস্বীকার করে ২০১৬ সালে কমিশন আইনকে এমনভাবে সংশোধন করে, যার মাধ্যমে প্রকারন্তরে কমিশনের প্রায় পুরো নিয়ন্ত্রণ জেএসএস নেতৃবৃন্দের হাতেই তুলে দেয়া হয়েছে। অন্যদিকে, জেএসএস নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের অস্তিত্বকেই স্বীকার করতে নারাজ। তারা সব সময় বাঙালিদের পাহাড় থেকে তুলে নিয়ে সমতলে ‘সম্মানজনক পুনর্বাসনের’ দাবি করে থাকে। তাছাড়া কমিশনের রায়ের বিপক্ষে কোনো উচ্চ আদালতে আপিল করা যাবে না বলেও কমিশনের আইনে বলা আছে। এই অবস্থায় কমিশন আইনের ২০১৬ সালের সংশোধনীকে পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা কোনোভাবেই ন্যায়বিচারের অনুকূল মনে করে না। ফলে তাদের অসহযোগিতায় কমিশনের কার্যক্রম স্থবির হয়ে আছে। এ বাস্তবতায় কমিশনকে কার্যকর করতে হলে অবশ্যই উভয় পক্ষের মধ্যে ন্যায়বিচার করতে সক্ষম কমিশন ও কমিশন আইন প্রয়োজন, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে কমিশনের রায়ে বাঙালি বা অবাঙালি যে কেউ ভূমিহারা হলে তাকে খাস ভূমি থেকে প্রয়োজন মতো জমি বরাদ্দ দিয়ে পুনর্বাসন করতে হবে। (চলবে)

লেখক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক ও সাংবাদিক sayedibnrahmat@gmail.com