উদ্বেগজনক তথ্য দিয়েছে জাতিসংঘ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বিরাজ করছে বাংলাদেশে। এদিক থেকে ২০২৫ সালের শেষের দিকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছিল শীর্ষে। জাতিসংঘের অর্থনৈতিক পরিস্থিতি ও বাণিজ্যিক সম্পর্ক বিভাগের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এও বলা হয়েছে যে, ২০২৬ সালেও বাংলাদেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি থাকতে পারে।

বিশ্বব্যাংক বলেছে, ২০২৫ সালে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। প্রতিবেদনের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৬ সালে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়াতে পারে ৭ দশমিক ১ শতাংশ। তবে তখনো বাংলাদেশের মূল্যস্ফীতি থাকবে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মূল্যস্ফীতির সর্বশেষ তথ্যানুযায়ী, গত মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। অর্থাৎ গত বছরের মে মাসে যে পণ্য কিনতে ১০০ টাকা খরচ হতো, পরের বছর মে মাসে একই পণ্য কিনতে ১০৯ টাকা ৮৯ পয়সা খরচ করতে হয়েছে ভোক্তাদের।

উচ্চ দ্রব্যমূল্যের যাঁতাকলে গরিব আরও গরিব হচ্ছে, মধ্যবিত্তরা শামিল হচ্ছে নি¤œবিত্তের কাতারে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বহু মানুষ। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সেভাবে বাড়ছে না আয়। বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি প্রণয়ন করেছে। তবে অর্থনীতিবিদদের মতে, শুধু মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। দরকার রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনাসহ সমন্বিত উদ্যোগ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার কিছুটা বাড়িয়ে ৮ দশমিক ৫ শতাংশে উন্নীত করেছে বাংলাদেশ ব্যাংক। সুদহার করা হয়েছে বাজারভিত্তিক। নিয়ন্ত্রণ করা হচ্ছে আমদানিও। এসব পদক্ষেপেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক বলেছেন, মূল্যস্ফীতি কম থাকার সময় ডলারের তুলনায় টাকার অবমূল্যায়ন না করে করা হয়েছে এমন সময়, যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি আছে। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ঢাকা ওয়াসা পানির দাম বাড়িয়েছে। বাড়ানো হয়েছে তেলের দাম। সব মিলিয়ে মনে হয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সমন্বয়হীনতাও কম দায়ী নয়। বৈশ্বিক যুদ্ধ শুরুর পরে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ে অস্বাভাবিকভাবে। তবে অন্যান্য দেশ দ্রব্যমূলের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণে আনলেও বাংলাদেশ চলছে বিপরীতমুখী। বর্তমানে বাণিজ্য ও রাজস্ব আদায়ে ঘাটতিসহ অর্থনীতি রয়েছে নানা চাপে। মড়ার উপর খাঁড়ার ঘা হচ্ছে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি। অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি ২ থেকে ৫ শতাংশের মধ্যে থাকা স্বাভাবিক। কিন্তু ৭-১০ শতাংশের মধ্যে অবস্থান করলেই বিপদের আশঙ্কা। তাতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

অর্থনীতিবিদদের মতে, বিবিএস কর্তৃক মূল্যস্ফীতির যে হিসাব পাওয়া যায়, প্রকৃত মূল্যস্ফীতি তার চেয়ে বেশি। আবার শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির চাপ বেশি। সঠিক নীতিমালার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন। এছাড়াও দূর করতে হবে অঞ্চলভেদে মূল্যস্ফীতির তারতম্য। মূল্যস্ফীতি কমাতে সরকার ইতোমধ্যে কিছু উদ্যোগ নিলেও এর সফল বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। নতুন অর্থবছরের বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলেই প্রত্যাশা।