রাজধানী ঢাকার সড়কে যানজটের ভয়াবহতার চিত্র নিত্যদিনের। এর তীব্রতা সম্পর্কে বর্তমানে ঢাকার বাহিরে, দেশের বিভিন্ন জেলার মানুষও অবগত হয়ে গেছে। ঢাকার রাস্তায় বর্তমানে মাত্রাতিরিক্ত রিকশা, বিশেষ করে অটোরিকশাগুলোর কারণে যানজট সবসময় লেগেই থাকে। শুধুমাত্র সংখ্যায় বেড়েছে বলেই নয়, ট্রাফিক আইন ভঙ্গ করে ইচ্ছামত চালানো, যত্রতত্র রিকশা দাঁড় করানো এবং জ্যামে বেশিক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করতে না পেরে ভুল পথে রিকশা নিয়ে এগিয়ে যাওয়া যেনো তাদের জন্য স্বাভাবিক প্রবণতা হয়ে পড়েছে। রিকশাওয়ালাদের এ ধরণের প্রবণতা জ্যামের অন্যতম একটি কারণ। যদিও ট্রাফিক পুলিশ অটোরিকশা ভুল পথে দেখলেই জরিমানা করে তবে কিছু অসাধু পুলিশ এমন সুযোগের অপব্যবহার করে রিকশাওয়ালাদের কাছ থেকে টাকা হাতিয়ে করে নিচ্ছে।
তবে শুধুমাত্র অটোরিকশার সংখ্যা বৃদ্ধিই সড়কে যানজটের একমাত্র বড় কারণ নয়। এসবের পাশাপাশি কিছু মোটরসাইকেল চালক, মিনিট্রাক এমন আরও অনেক গাড়িচালকের ভুল জায়গায় ইউ-টার্ন নেয়া, অযথা হর্ন বাজিয়ে শব্দদূষণ করা এমনই আরও নানা ধরনের ট্রাফিক আইন প্রতিনিয়ত অমান্য করছে। তাছাড়া, রাজধানীর সড়কে চলাচলকারী পুরোনো ও ফিটনেসবিহীন বাসের বিভিন্ন অংশে যান্ত্রিক ত্রুটি, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং অতিরিক্ত ধোঁয়া নির্গমনের কারণে সড়ক নিরাপত্তা ও পরিবেশের জন্য নানাধরণের ঝুঁকি তৈরি করছে। যাত্রী ও পথচারীরা এসব লক্ষ্য করছেন, কিন্তু তারা যেনো বিষয়টির সাথে অভ্যস্ত হয়ে পড়েছেন এবং তাদের এই ব্যাপারে প্রশ্ন করা হলে জবাবে অধিকাংশই বলেন, “বাংলাদেশে এসব আর নতুন কি?”
এক তথ্যামতে: রাজধানীর যানজট কমানো, গণপরিবহণে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়নে চারটি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ২০ বছরের বেশি পুরোনো বাস সড়ক থেকে সরিয়ে নেওয়া, গুরুত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল স্থানান্তর, পুরোনো ৩১টি সড়ক রুট সংস্কার এবং অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন।
ঢাকার যানজটের সমস্যা নিরসনে কর্তৃপক্ষের কেবল নীতিমালা প্রণয়ন এবং কাঠামোগত পরিবর্তনই যথেষ্ট নয়, বরং উল্লিখিত চারটি উদ্যোগ মোতাবেক পুরাতন বাস সরিয়ে যাতায়াত ব্যবস্থা সুনিশ্চিত করতে বিকল্প গণপরিবহন চালুকরণ, টার্মিনাল স্থানান্তরের ক্ষেত্রে নতুন জায়গার সাথে নগর পরিবহনের সংযোগ নিশ্চিত করা, রুট সংস্কারের সঙ্গে বাস পরিচালনা সমন্বয়, এবং অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে এর বিকল্প ব্যবস্থা গ্রহণ করে উক্ত পরিকল্পনাসমূহের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ জন্য বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশ একইসাথে পরিবহন মালিকদের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। উক্ত সংশ্লিষ্ট পক্ষের মধ্যে কোন পক্ষ কি নিয়ে কাজ করবে এবং কত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করবে ইত্যাদি নির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে।
তাছাড়া, ধারাবাহিক তদারকি, আইন প্রয়োগ, জনসম্পৃক্ততা এবং গণপরিবহনকে অগ্রাধিকার দিতে হবে। উল্লিখিত বিষয়গুলোর সমন্বিত বাস্তবায়ন করা হলে, ঢাকার যানজট সমস্যা, যাত্রী হয়রানি কমানো এবং যাত্রী সেবার মান উন্নয়নে ইতিবাচক ফলাফল দেখা যাবে।
-মোঃ সাইফুল ইসলাম
ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
