এই জুলাইয়ে যখন নিবন্ধটি লিখছি, তখন ২০২৪ সালের এই সময়ে ফ্যাসিস্ট হাসিনার পতনের লক্ষে যে গণঅভ্যুত্থান চলছিল, তা চূড়ান্ত পর্যায়ে ছিল। একই সঙ্গে চলছিল, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল স্তরের মানুষের ওপর হাসিনার অনুগত বাহিনীর নির্বিচারে গুলি বর্ষণ। হাসিনার এমন নিষ্ঠুরতা ছাত্র-জনতার আন্দোলনকে দমাতে পারেনি। বরং অকুতোভয় নিরস্ত্র ছাত্ররা হাসিনাকে পরাজিত করতে মৃত্যুকেই তাদের অস্ত্র হিসেবে বেছে নিয়েছিল। ১৬ জুলাই রংপুরে আবু সাঈদ পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদী মৃত্যুবরণ করে নিয়েছিল। তার এই শহীদ হওয়ার মধ্য দিয়েই হাসিনার পতন ত্বরান্বিত হয়। তারপর চট্টগ্রামে ওয়াসিম, ঢাকায় মুগ্ধ, ইয়ামিনরা শহীদ হয়ে হাসিনার ফ্যাসিস্ট শাসনের কফিনে শেষ পেরেক মেরে দিয়েছিল।

এখনো চোখের সামনে ভেসে উঠে ‘পানি, পানি, পানি লাগবে, ভাই, পানি’ বলা মুগ্ধর আকূল করা আহ্বান। এই দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই চোখ ভিজে যায়। সাভারে হাসিনার পুলিশের গুলি থেকে সহপাঠীদের বাঁচাতে পুলিশের এপিসির (আর্মড পারসোন্যাল ক্যারিয়ার) উপর উঠে গুলি থামাতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হয়ে এপিসির ভেতর পড়ে গিয়েছিল ইয়ামিন। নির্মম-নির্দয়, পাষাণ পুলিশ তার নিথর দেহ যখন টেনে বের করে রাস্তায় ফেলে গুলি করে মৃত্যু নিশ্চিত করে, সেই দৃশ্য চোখে ভাসতেই হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যায়। যাত্রাবাড়িতে পুলিশ যখন এক শিক্ষার্থীকে গুলি করে, যে কিনা এক পুলিশেরই সন্তান ছিল, তাকে বাঁচাতে এক বন্ধু টেনে সরিয়ে নিতে চাইলেও পুলিশ তাকে আবার গুলি করে মৃত্যু নিশ্চিত করে। সেই হৃদয়ছেড়া দৃশ্য কিছুতেই সহ্য করা যায় না।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, যে ১৪০০ ছাত্র-জনতাকে হাসিনাবাহিনী হত্যা করেছিল, তাদেরকে কত নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তা কল্পনা করা কোনো বিবেকবান মানুষের পক্ষে সম্ভব নয়। ইতিহাসের এই বর্বর গণহত্যার জন্য হাসিনাকে যদি ১৪০০ বারও ফাঁসি দেয়া হয়, তাও যথেষ্ট হবে না। অন্যদিকে, হাসিনার নির্মমতায় যে ত্রিশ হাজারের মতো ছাত্র-জনতা চিরতরে অন্ধ ও পঙ্গু হয়ে গেছে, তার বিচার হবে কিনা, আমরা জানি না। দুই. আমরা খুবই বিস্মৃতপ্রবণ জাতি। যত দুঃখের ঘটনা হোক না কেন, কিছু সময় যেতেই বিস্মৃত হতে থাকি। যাদের জীবনের বিনিময়ে আমরা হাসিনার ফেরাউনীয় শাসন থেকে মুক্ত হয়ে বসবাস করছি, তাদের আত্মত্যাগের কথা কতটা স্মরণ করছি? তাদের স্মরণে হৃদয় কতটা কেঁপে উঠছে? আহতদের খোঁজখবর কতটা নিচ্ছি? বরং তাদের ত্যাগ বিস্মৃত হচ্ছি।

পতিত আওয়ামী লীগাররা হাসিনাকে মহান করে তোলার একের পর এক বয়ান তৈরি করে আমাদের মন ও মগজে ধোলাই করে বিস্মৃত করে দিচ্ছে। বলা হয়ে থাকে, একটা মিথ্যা দশবার বললে, তা মানুষ বিশ^াস করতে শুরু করে। পতিত আওয়ামী লীগ ও তার দোসর তথাকথিত সিনিয়র সাংবাদিক ও সুশীলরা এখন একটা মিথ্যাকে বারবার বলে সত্য করার কাজ করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টক শোতে হাজির হয়ে কথার মারপ্যাঁচে এটাই বোঝাতে চাচ্ছে, হাসিনাকে উৎখাত করা ছিল ভুল। তার পতনে দেশের স্বাধীনতা ভুলুণ্ঠিত হয়ে গেছে। ইতিহাসের নিষ্ঠুর গণহত্যাকারী হাসিনার অপরাধ-অন্যায় নিয়ে কোনো কথা বলা দূরে থাক, উল্টো তাকে ডিফেন্ড করে সাধারণ মানুষের মধ্যে তার প্রতি সফট কর্ণার তৈরির মিশন নিয়ে নেমেছে। তার শাসনামলকে জাস্টিফাই করার অপচেষ্টা করছে।

তার দেশে ফিরে আসার তথাকথিত ঘোষণায় আশান্বিত হয়ে উল্লসিত হচ্ছে। এর যথাযথ প্রতিকার বা কাউন্টার দেয়ার তেমন কোনো বয়ান পরিলক্ষিত হচ্ছে না। বরং আমরা লক্ষ্য করছি, হাসিনার পতনের পর কোনো কোনো রাজনৈতিক দল ইনিয়েবিনিয়ে ‘ক্ষমা’ শব্দটি উচ্চারণ করেছে। ক্ষমা করা মহৎ। তবে যে অপরাধ ক্ষমার অযোগ্য, যার শাস্তি না হলে বেইনসাফি হয়, অপরাধকে প্রশ্রয় দেয়া হয়, সেক্ষেত্রে ক্ষমা শব্দটি কি আসে? যেসব ছাত্রজনতাকে হাসিনা গুলি করে হত্যা করেছে, তাদের জীবনের মূল্য রইল কোথাায়? হাসিনা যে অপরাধ করেছে, এখন যদি বলা হয়, ক্ষমা করে দিলাম, তাহলে তা কি ‘ক্ষমা’র মধ্যে পড়ে? যারা ক্ষমার কথা বলে, তাদের কি তখন আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ, ইয়ামিনসহ ১৪০০ মানুষ হত্যার কথা মনে পড়ে না?

এত দ্রুত তাদের আত্মত্যাগ বিস্মৃত হলে তো হাসিনারা বারবার ফিরে আসবে। রাজনীতিতে চির শত্রু, চির মিত্র নেই বলে একটা কথা আছে। তবে এই ‘শত্রু-মিত্র’ খেলার মধ্যেও একটা সুরাজনীতি থাকে। যে রাজনৈতিক দল খুনের রাজনীতি করে, দেশকে বিকিয়ে দেয়, সেই দলকে কি রাজনেতিক দল বলা যায়? রাজনীতিতে এ ধরনের রাজনৈতিক দল ‘বিষাক্ত সাপ’ এবং ‘অভিশাপ’। সাপ এবং অভিশাপের সাথে মিত্রতা হতে পারে না। গণহত্যাকারি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে দেশের রাজনীতিতে ‘বিষাক্ত সাপ’ এবং ‘অভিশাপ’, তা একজন বোধসম্পন্ন মানুষের অজানা নয়। তাকে ক্ষমা করা যায় না। কোনো ফরমেটেই কোনোভাবেই তাকে ফিরতে দেয়া যায় না।

আমরা লক্ষ্য করছি, সরকারের এক উপদেষ্টা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শর্তপূরণ সাপেক্ষে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর অংশগ্রহণ করতে পারে বলে মন্তব্য করেছেন। তিনি কি জানেন না, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, দেশের মানুষের সাথে কী করেছে, কীভাবে দেশের স্বাধীনতা ভারতের হাতে সঁপে দিয়েছে? তারা যদি আবার কোনোভাবে পুনর্বাসনের সুযোগ পায়, তাহলে কী করবে, তা কি অনুমান করতে কষ্ট হয়? তখন কি ভারত আমাদের স্বাধীন রাখবে? কেউ কেউ বলেন, প্রতিবেশি বদলানো যায় না। তারা এ কথাটি বলে না, প্রতিবেশি ভেঙে নতুন প্রতিবেশি তৈরি হতে পারে। এর নজির বিশে^ রয়েছে। এক সময়ের সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে অনেকগুলো স্বাধীন দেশের জন্ম হয়েছে। সেসব দেশের নতুন প্রতিবেশি হয়েছে।

ভারত ভেঙ্গে যে আলাদা স্বাধীন রাষ্ট্রের জন্ম হবে না, তার কি গ্যারান্টি আছে? দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্য বহু বছর ধরে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখছে। তাদের স্বপ্ন যে বাস্তবায়ন হবে না, তা কি নিশ্চিত করে বলা যায়? বাংলাদেশের চারপাশে ভারতের অঙ্গরাজ্যগুলোতে বিচ্ছিন্নভাবে হোক বা সংগঠিতভাবে হোক স্বাধীন হওয়ার প্রবণতা রয়েছে। মণিপুর, অরুণাচল, আসাম, খালিস্তানে স্বাধীন হওয়ার আওয়াজ উঠেছে। নাগাল্যান্ড রাজ্যে ২০১৯ সালের আগস্টে স্বাধীন দেশের পতাকা উত্তোলিত হয়েছে। কাজেই, ভারত যদি কখনো বিচ্ছিন্ন হতে থাকে, তাহলে বাংলাদেশেরও নতুন প্রতিবেশি তৈরি হবে। তিন. জুলাই অভ্যুত্থান এমনই এক অভ্যুত্থান, যা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুণœ রাখার অভ্যুত্থান। ফ্যাসিস্ট হাসিনার দমনে নুইয়ে পড়া জাতিকে পুনর্জাগরিত করার অভ্যুত্থান।

আমাদের সন্তানরা জীবন দিয়ে এ কাজটি করে দিয়েছে। আমাদের দিশা দিয়েছে। আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে। তারা স্পষ্ট ম্যাসেজ দিয়েছে, স্বাধীনতা বিপন্নকারি ভয়ংকর দানব আওয়ামী লীগের দেশে কোনো ঠাঁই নেই। তারা এই দানবকে বোতলবন্দি করে দিয়েছে। কেউ যদি এই দানবকে বোতল থেকে বের করার খায়েশ পোষণ করে, তাহলে এর খেসারত যে দেশ ও জাতিকে কড়াই-গ-ায় দিতে হবে, তা নিশ্চিতভাবে বলা যায়। জুলাই অভ্যুত্থানে যে লাখ লাখ মানুষ রাজপথে নেমেছিল, তাদেরকে তো নিশ্চহ্ন করবেই, আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, ইয়ামিনদের কবর পর্যন্ত নিশ্চিহ্ন করে দেবে। বলা বাহুল্য, জেন-জিদের আওয়ামী লীগারদের সবচেয়ে অপছন্দ। গণঅভ্যুত্থানের মূল কা-ারি ছিল এই প্রজন্ম। আওয়ামী লীগ ফেরার সুযোগ পেলে এই প্রজন্মকেও নিশ্চিহ্ন করে দেবে।

হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ যে নতুনধারার রাজনীতির প্রত্যাশা করেছিল, তা কতটা পূরণ হচ্ছে, এ প্রশ্ন তোলা প্রাসঙ্গিক। আমরা দেখেছি, দেশের একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করিয়ে এই বয়ান দেয়া শুরু করে, যেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জুলাই দিয়ে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার নিরন্তর প্রচেষ্টা চালায়। অথচ এই ইস্যু কোনোভাবেই আসার কথা নয়। তারা এটা বুঝতে চায় না, একটি দেশ স্বাধীন হওয়া আর একটি সরকারের পতন এক কথা নয়। দেশ যদি স্বাধীন না হতো, তাহলে জুলাই অভ্যুত্থানের প্রয়োজন হতো না। তারা এটা মানতে চায়নি, পিতার আগে পুত্রের জন্ম হয় না। মুক্তিযুদ্ধ দেশের জন্মদাতা হলে, জুলাই অভ্যুত্থান তার পুত্র।

অথচ ঐ গোষ্ঠীটি হাসিনার পতনের পর মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করিয়ে অযথা বিতর্কের সূচনা করে। জুলাই অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করে যে নতুন বাংলাদেশের পথ রচনা করে, নানা বিতর্ক তৈরি করে সে পথকে অমসৃণ করার প্রক্রিয়া চালায়। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে একমাত্র তার বলে মনে করে, তারাও সর্বস্তরের মানুষের অংশগ্রহণের জুলাই অভ্যুত্থানকে তাদের সম্পত্তি মনে করা শুরু করে। তারা এটা বুঝতে চায়নি, জুলাই অভ্যুত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অপশক্তি আওয়ামী লীগকে চিরতরে মুছে ফেলার অভ্যুত্থান। এই দেশে, এই দানবের অস্তিত্ব থাকার কোনো সুযোগ নেই। চার. জুলাই অভ্যুত্থান আমাদের ভবিষ্যত প্রজন্মের আশা-আকাক্সক্ষা, আবেগ, অনুভূতি, মানবিকতার প্রতীক। তারা দেশকে এভাবেই ধারণ করে। আমরা যারা এক্স প্রজন্মের, তাদের দায়িত্ব ও কর্তব্য আমাদের এই প্রজন্মের আশা-আকাক্সক্ষাকে ধারণ করে এগিয়ে দেয়া। তাদের ভবিষ্যত গড়ে দেয়া। জুলাই অভ্যুত্থানের স্পিরিট বিস্মৃত হলে তাদের স্বপ্নেরও মৃত্যু হবে। আমরা তা হতে দিতে পারি না। বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে প্রত্যাশা, আমাদের সন্তানরা যে স্বপ্ন বাস্তবায়নে জীবন দিয়ে নতুন বাংলাদেশ গড়ে দিয়েছে এবং তাকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, তা অনুভব করে দেশকে এগিয়ে নেবে। জুলাইয়ের স্পিরিট এবং তার সতের বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামকে মূল্যায়ন করে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। জুলাই অভ্যুত্থান সরকারকে ক্ষমতায় আসার যে পথ করে দিয়েছে, সে পথ যেন বিস্মৃত না হয়।

darpan.journalist@gmail.com