স্বাধীনতার অর্ধশতাব্দী অতিক্রম হলেও শান্তিপূর্ণভাবে ক্ষমতার হাত বদল তথা সরকার প্রধান ও রাষ্ট্রযন্ত্রের অনৈতিক প্রভাবমুক্ত একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের আক্ষেপ জনমনে থেকেই গেল। যার ফলে সময়ে সময়ে সংগঠিত হয় বিস্ফোরণ; যেমনটি হয়েছিল ১/১১ ও জুলাই-৩৬। বাংলাদেশ থেকে নির্বাচন নামক শব্দটি প্রায় উঠে গেছে। বিগত নির্বাচনগুলিতে যা প্রমাণিত হয়েছে। কারণ তখন ভোটের জন্য জনগণের প্রয়োজন ছিল না। সংবিধানের ৬৫ অনুচ্ছেদে নির্বাচনের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তা এখন কাজীর গরু আছে কিতাবে, কিন্তু নেই গোয়ালে প্রবাদটির সঙ্গে সংগতিপূর্ণ। নির্বাচন নামক শব্দটি কার্যত সিলেকশনে রূপান্তরিত হয়েছিল এবং এমনই ছিল জনগণের পারশেপসন।
যিনি রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রক তিনি যে প্রার্থীর নামের পার্শ্বে টিক চিহ্ন দেন তার নামেই আসতো নির্বাচিত হওয়ার ঘোষণা। ফলে ৮৫% থেকে ৯০% ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত না হয়েও টেলিভিশনে ভোটার উপস্থিতি অনুরূপই দেখাতো। নির্বাচন কমিশন কার্যত সিলেকশন কমিশনে রূপান্তরিত হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনারকে প্রধান ম্যাকানিজম কমিশনার বললে পদটির নামকরণ যথার্থ হতো বলে মনে হয়। ম্যাকানিজম কমিশনার হওয়ায় পুরস্কারও তারা পেয়েছেন, হয়েছেন মবের শিকার। এ শিক্ষা থেকে চলমান কমিশন কোন শিক্ষা গ্রহণ করবেন কি না, তা সময়ই বলে দেবে। \r\nদেশের দ্বিতীয় স্বাধীনতার (১৯৭১) অর্ধশতাব্দী পার হয়ে গেল।
সম্পদের সুষম বন্টন ও ভোটাধিকারের বাস্তবায়নই ছিল স্বাধিকার (৬ দফা) আন্দোলনের মূল চেতনা, যা এখনো বাস্তাবায়িত হয়নি, বরং শাসকদল কর্তৃক বারংবার ভূলুণ্ঠিত হয়েছে। দেশের জাতীয় সম্পদ কুক্ষিগত হয়েছে সরকারি ঘরানার আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের হাতে। পশ্চিম পাকিস্তানের ২২ পরিবারের স্থলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে সৃষ্টি হয়েছে ২২ হাজার পরিবার। ড. ইউনূস সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য ০২/১২/২০২৪ তারিখে প্রদত্ত প্রতিবেদনে বলেছেন, ১০ শতাংশ লোক ৮৫ শতাংশ লোকের সম্পদ ভোগ করছে । অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশের গোটা সম্পদ বিত্তশালীরা দখল করে নিয়েছে।
যাচাই বাছাই না করে সরকারের মদদপুষ্ট আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা মানি লন্ডারিংয়ের মাধ্যমে বাংলাদেশের সম্পদ দেশের বাইরেও পাচার করেছে। \r\nসংবিধানের ২১(২) অনুচ্ছেদ মোতাবেক জনগণের সেবা করাই প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিদের একমাত্র কাজ। কিন্তু প্রজাতন্ত্রের বড় বড় আমলাদের ওপর ভোটাধিকার হরণের দায়িত্ব অর্পণ করে পতিত/ বিদায়ী সরকার নিজেরাই তাদের নিকট জিম্মি হয়ে পড়েছিল। ফলে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ছিল একটি আইওয়াশ মাত্র। তখন দেশে-বিদেশে সরকারি ঘরানার লোকদেরই ছিল অভিজাত্য ও বিলাসবহুল জীবন ধারণের ঐতিহ্য।
মানি লন্ডারিং, প্রশ্নপত্র ফাঁস, প্রতিটি পেশায় ভুয়া সার্টিফিকেট বিক্রয়, ব্যাংক লুট, মুক্তিযোদ্ধাদের ভুয়া সার্টিফিকেট, এক ব্যাংকের ডিফলটার অন্য ব্যাংকের ডাইরেক্টর প্রভৃতির চলছিল মহাৎসব। বাংলাদেশ আওয়ামী লীগের শরিক দলের (১৪ দল অন্তর্ভুক্ত) নেতা ও আওয়ামী ক্যাবিনেটের সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছিলেন, জাতীয় সংসদের ৮০% সংসদ সদস্য চোরাচালানের সঙ্গে জড়িত । তার বক্তব্য মতে, বড় বড় চোরাচালানকারীদের যদি কোথাও খুঁজে না পাওয়া যায়, তবে জাতীয় সংসদে অবশ্যই পাওয়া যেত। বিদায়ী আওয়ামী ক্যাবিনেটের পরিকল্পনা প্রতিমন্ত্রী শামছুল আলম বলেছিলেন, ৭০০-৮০০ হাজার কোটি ডলার দেশ থেকে প্রতি বছর পাচার হয়েছে ।
অন্যদিকে ভিন্ন পাসপোর্টে পুলিশ প্রধান বেনজীরের বিদেশ গমন ও অবৈধ পন্থায় হাজার কোটি টাকার সম্পদ অর্জন নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাফাই গেয়ে বলেছিলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বেনজীরের দুর্নীতি সম্পর্কে মন্তব্য করা যাবে না। অথচ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দুর্নীতির তদন্তের পূর্বেই দেশত্যাগে বাধ্য করা হয়েছে। সরকার তোষণ ও আনুগত্যের প্রশ্নে উক্ত দুইজনের মধ্যে কোন কমতি ছিল না। ডিফারেন্স হলো, অস্ত্র ও ক্ষমতা বেনজীর কর্তৃক ব্যবহৃত হয়েছে যথা ইচ্ছা তথা, প্রধান বিচারপতি সিনহা আইন-আদালতকে পদদলিত করেও আনুগত্যের চূড়ান্ত প্রতিযোগিতায় পিছলে গিয়েছেন।\r\nজনগণ তাদের কাক্সিক্ষত মনের মতো প্রার্থী পায় না, যা ভোট বিমুখীতার অন্যতম একটি কারণ।
অন্যদিকে রাজনীতিবিদদের বদৌলতে নির্বাচনকে এখন পর্যন্ত কালো টাকার প্রভাব মুক্ত রাখা যায়নি। ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোটার গোষ্ঠীর একটি বড় অংশ প্রকাশ্যে টাকা দাবি এবং মহিলা ভোটাররা রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে টাকা দিলে ভোট দিব বলার দৃশ্য প্রত্যক্ষ করেছি। আইডি কার্ড নিয়ে প্রার্থীর বাড়িতে এসে বলেছে, আমার বাড়িতে এতোজন ভোটার আছে । ভোটারদের সংখ্যানুপাতে টাকা দাবি করার ঘটনা দেখেছি। এ রকম পরিস্থিতি ইতোপূর্বে না থাকলেও টাকা দিয়ে নেতা বা প্রভাবশালী লোক কিনতে হতো। দলীয় নেতা-কর্মীরাও টাকা না পেলে প্রার্থীর বদনাম নিজেরাই শুরু করে। এখন ভোটাররা সরাসরি ভোটের জন্য টাকা চায়। অভাবী ভোটাররা এখন চালাক হয়ে গেছে।
কারন তারা বুঝেছে যে, তাদের জন্য নেতাদের নিকট যে বাজেট দেওয়া হয়, সেই অর্থ নেতা-পাতি নেতাদের পকেটেই থেকে যায়, প্রান্তিক ভোটারদের হাতে পৌঁছে না। ভোটাররা আরও মনে করে যে, তারা ভোট কেন্দ্রে যাবে কেন? কারন নির্বাচনে পাস করার পর সেই এম.পি নিজের ক্যাডার ছাড়া তো অন্য কাউকে চেনে না। চাকরি বা ব্যবসাবাণিজ্য সব ক্ষেত্রেই এমপি মন্ত্রী বা তার পোষ্যদের বখড়া দিয়েই কাজ আদায় করতে হয়। অন্যদিকে যারা প্রার্থীর নিকট থেকে টাকা চায় না, তারা কোনো দলের নীরব সমর্থক হলেও ভোট কেন্দ্রে যায় না। কারণ তারাও বোঝে যে, নির্বাচিত হওয়ার পর এমপি মহোদয় দলীয় কর্মী নয়, বরং নিজস্ব ক্যাডার, পি.এ/পি.এস দ্বারা বেষ্টিত হয়ে থাকে। যাদের টাকা আছে, যারা রাজনীতিকে বিনিয়োগ মনে করে এবং এম.পি হওয়াটকে ক্যাপিটেল মনে করে।
ফলে সংগত করনেই রাজনৈতিক দলগুলি নীতি নৈতিকতা হারানো লোকগুলোকেই নমিনেশন দেওয়ার খোঁড়া যুক্তি দেয় এবং এর ফায়দা লুটে নেয় সমাজের বিত্তশালীরা, যারা ব্যাংক লুট, ভূমি দস্যুতা, মানিলন্ডারিং, চোরা চালান প্রভৃতি করে টাকার পাহাড় গড়ে তুলেছে।\r\nবাংলাদেশের রাজনীতি টাকার ওপর নির্ভরশীল। বিগত নির্বাচন ও রাজনীতির বর্তমান অবস্থান তুলে ধরে আওয়ামী লীগের সরকার দলীয় এমপি (২০২৪) আবুল কালাম আজাদ প্রকাশ্যে বলেছিলেন, এ নির্বাচনে আমার এক কোটি পঁচিশ লাখ টাকা খরচ হয়েছে। আমি এ টাকাটা তুলব । নির্বাচনে ব্যয়িত টাকা এমপি মন্ত্রীরা কীভাবে ওঠায়, তা ভুক্তভোগী দেশবাসীর অবশ্যই জানা আছে। দলীয় নমিনেশন এখন রাজনৈতিক BackGround-এর ওপর নির্ভর করে না, টাকাই এক্ষেত্রে প্রধান বিবেচ্য।\r\nড.
ইউনূস সরকার ফেব্রুয়ারি /২০২৬ সালে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। শত সন্দেহের মধ্যে আমি বলতে চাই, আসন্ন নির্বাচন হতেই হবে। নতুবা পরিস্থিত সরকারের নাগালের বাইরে চলে যেতে পারে। তবে এ নির্বাচন কেমন হবে, এটাই জনমনে প্রশ্ন? ড. ইউনূসের নির্বাচন কি গ্রহণযোগ্য, অংশগ্রহণ ও নিরপেক্ষ হবে? নাকি হবে পুরানো বোতলে নতুন মদের আমদানি? নাকি সকাল ১০ টায়ই বিজয় মিছিল বের হবে? পোড় খাওয়া জাতির সামনে আজ এ প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে।\r\nMorning shows the days-বাক্যটি একটি প্রতিষ্ঠিত প্রবাদ। এ প্রেক্ষাপটে রাজনৈতিক আকাশ পরিষ্কার রয়েছে বলে মনে হয় না। সরকার সমগ্র জাতিকে নিয়ে ভাবে না। যারা শুধু তাদের নিজের গণ্ডির মধ্যে রয়েছে এমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে শলা-পরামর্শ, ওঠানামা ও সফরসঙ্গী করছে।
তদুপরি সরকার তার ঘরানার দলগুলোর মধ্যে ঐক্য আনতে পারছে না। বরং ঐক্যবদ্ধ সিদ্ধান্তের প্রশ্নে দিন দিন সরে যাচ্ছে যোজন-যোজন মাইল দূরে অথবা একটি অদৃশ্য শক্তিকে দূরে রাখার জন্য নিজেদের মধ্যে এই বিরোধ লোক দেখানো হতে পারে।\r\nএকটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার প্রতিশ্রুতি ইতোপূর্বে সকল সরকার প্রধানই দিয়েছে, যেমনটি এখন দিচ্ছেন ড. ইউনূস ও তার নিয়োগকৃত নির্বাচন কমিশন। এতদ সম্পর্কে পূর্ববর্তী সরকারগুলো জনগণকে যেমনভাবে যে ভাষায় প্রতিশ্রুতি দিয়েছে; ড. ইউনূস সরকারও এমর্মে পিছিয়ে নেই, বরং একই ভঙ্গিতে, একই শব্দ চয়নে, বরং চার আঙ্গুল বেশি বলেছেন। তার প্রেসসচিবকে দিয়ে বেশি নিশ্চয়তামূলক প্রতিশ্রুতি চাউর করাচ্ছেন। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের মানসিকতার ওপরই নির্ভর করছে কাক্সিক্ষত সাফল্য।
পাশাপাশি রাজনৈতিক দল ও জনগণের মনমানসিকতায় স্বচ্ছতা না থাকলে সকল প্রচেষ্টাই হবে গুড়েবালি।\r\nদেশে রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবিলা করা হয় না, বরং টাকা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। টাকাই দলের টিকিট প্রাপ্তির প্রধান যোগ্যতা। দলগুলো যেমন টাকাওয়ালাদের পছন্দ করে, অনুরূপ মোটা দাগে জনগণের পছন্দের তীর টাকাওয়ালাদের দিকেই। ভিন্ন মানসিকতা থাকলেও সংখ্যায় তারা নগণ্য। একশ্রেণির ভোটারের দারিদ্র্যের ঘাড়ে চেপে টাকাওয়ালারা রাজনীতির মাঠ দখল করে নিচ্ছে, যা রাজনৈতিক দলের বদৌলতে প্রতিষ্ঠিত সংস্কৃতিতে রূপ নিয়েছে।\r\nমানুষ যখন রাষ্ট্রীয় নিরাপত্তা পায় না, তখন ভয় তাকে পেয়ে বসে। কমজোরি মানুষ তখন বাছবিচার না করেই সমাজের শক্তিমান মানুষ, যারা সমাজকে চিরে নিংড়ে খাচ্ছে, তাদের সমর্থক হয়ে নিজেকে বিপদমুক্ত রাখার চেষ্টা করে। লোক বলে শনি পূজা দেওয়া হয় শনির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ,- বাংলাদেশে এখন তাই চলছে। অসুর ও শনির প্রভাবের নিকট নৈতিকতা একটি সুন্দর শব্দ চয়ন মাত্র, যার মধ্যে এখন কোনো চেতনা নেই, নেই কোনো প্রতিশ্রুতি।
