মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের তাপে উত্তপ্ত-বিস্ফোরণোন্মুখ এখন গোটা ইউরোপ। ফ্রান্স থেকে স্পেন, ইতালি থেকে পর্তুগাল-ক্ষোভ ও হতাশায় ভিতরে ভিতরে ফুঁসছে তরুণ প্রজন্ম। ক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স। ইউরো জোনের আরও অনেক দেশে তরুণদের সঙ্গে রাজপথে নেমে আসছে সাধারণ মানুষ। কণ্ঠে একটাই আওয়াজ-জীবনযাত্রার ব্যয় কমাও।
জ্বালানির দাম, বাড়তি বাড়িভাড়া, যাতায়াত খরচের হ্যাপা, সরকারি সেবার মানের অবনমন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা খাতে সরকারি ব্যয় খামতি-সব মিলিয়ে ইউরোপের সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় বিক্ষুব্ধ তরুণরা রাজপথে নামতে শুরু করেছেন। বিক্ষোভ শুরু করেন ফ্রান্সের শিক্ষার্থীরা। গত ১৭ অক্টোবর শনিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে ক্রমান্বয়ে রাজপথে নেমে আসে লাখো মানুষ। পরিস্থিতি সামলাতে প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়। গত মাসের শেষ সপ্তাহে লিমোজের ঐতিহাসিক টাউন হলে আগুন দেওয়া হয়েছে, যা ছিল ক্লাসিক্যাল স্থাপত্যের নিদর্শন। তখন পরিস্থিতি সামলাতে ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়। প্রেসিডেন্ট ইমানুয়েল ও স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের পদত্যাগের দাবিও ওঠে।
ফ্রান্সের পর উত্তাল হয়ে ওঠে ইতালি। মিলান, তুরিন, রোমসহ দেশটির বড় শহরগুলোতে ১৬ অক্টোবর থেকে ছাত্র বিক্ষোভ, সঙ্গে কৃষক ও ট্রাকচালকদের বিক্ষোভও যুক্ত হয়। এদিকে ৩১ অক্টোবর জার্মানির কয়েকটি শহরে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। রাতে লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটে। ১৭ ও ১৮ অক্টোবর ফ্রান্স, বেলজিয়াম, ইতালির সমর্থনে জার্মানিতেও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। তরুণদের নেতৃত্বে জেন-জি রিগেল্ট নামে একটি সংগঠন ৩১ অক্টোবর বার্লিন, কোলন, হামবুর্গ, মিউনিখসহ ২১টি শহরে সমন্বিত বিক্ষোভের ডাক দিয়েছিল।
জার্মান ভাষায় জেন-জি রিগেল্ট অর্থ; নবীন প্রজন্ম দায়িত্ব গ্রহণ করল। সরকার বলছে, এই আন্দোলনের পেছনে জার্মানির উগ্র বাম ও ডানপন্থি দলগুলো রয়েছে। বিরোধী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) প্রকাশ্যে সহিংসতার নিন্দা জানালেও তারা ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টায় আছে। তারা একই সঙ্গে সরকার ও আন্দোলনকারীদের সমালোচনা করছে। এএফডি আসলে কী করছে, তা নিয়ে পর্যবেক্ষক মহলে সন্দেহ আছে।
দলটি মূলধারা থেকে বিচ্ছিন্ন হলেও এরা ২০২৫ সালের নির্বাচনে জার্মানির পার্লামেন্টে (বুন্দেসবার্গ) ২০ শতাংশ ভোট পেয়ে বিরোধী দলের মর্যাদা লাভ করে। হিটলারের নাৎসি দলের মতো এদেরও জাত্যভিমান প্রখর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বর্বরতাকে লঘু করে দেখার পক্ষপাতী এরা। জার্মানির মূলধারার রাজনৈতিক দলগুলো বিরোধী এই দলটিকে গণতন্ত্রের জন্য হুমকি মনে করে। ফলে জার্মানির ডান, বাম বা মধ্যপন্থি কোনো দলের এএফডির সঙ্গে সখ্য নেই। ফ্রান্সের বিক্ষোভ প্রসঙ্গে এএফডির নেতা বলেন, এটা জার্মানির জন্য সতর্কসংকেত।
কমবেশি বিক্ষোভ এখন ১০টি ইউরোপীয় দেশে ছড়িয়েছে-ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল, আলবেনিয়া, বেলজিয়াম, গ্রিস, জার্মানি, অস্ট্রিয়া ও আয়ারল্যান্ডে। ইউরোপে জীবনযাত্রার ব্যয় বাড়াটা হঠাৎ হয়নি, এটা কয়েকটা ধাক্কার পর জমে ওঠা সংকট। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইউরোজোনে মোট মূল্যস্ফীতি বাড়ে প্রায় ২০ শতাংশ; কিন্তু মজুরি বাড়েনি সেই হারে।
২০২৬ সালে এসে ইরান যুদ্ধ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি প্রবণতা আরও উসকে দেয়। ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধ ইউরোজোনের অর্থনীতিতে সরাসরি আঘাত হানে। সবচেয়ে বড় বিপর্যয় ডেকে এনেছে জ্বালানি সংকট। এটাই এখন ইউরোপের মুদ্রাস্ফীতির প্রধান কারণ। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ইউরোপ আগে সস্তায় পাওয়া রাশিয়ান গ্যাসের ওপর নির্ভর ছিল। সেটা বন্ধ হওয়ায় বিদ্যুৎ ও গ্যাসের দাম ২ থেকে ৩ গুণ বেড়ে যায়।
২০২৬ সালে হরমুজ প্রণালি সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠে যায়। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর ২০২৬-এ ইউরোজোনে জ্বালানির মুদ্রাস্ফীতি ছিল ১৮.৮ শতাংশ। আগস্টে যা ছিল ১৪.৩ শতাংশ।
জ্বালানির দাম বাড়লে সবকিছুর দামে এর প্রভাব পড়ে। কলকারখানার উৎপাদন খরচ বৃদ্ধি পায়। উৎপাদন ব্যয় বাড়লে বোধগম্য কারণেই বাড়ে দ্রব্যমূল্য। বাড়ে পরিবহন ব্যয়। ইউরোপ বিশেষভাবে জ্বালানি ধাক্কার মুখে পড়ে। কারণ তারা তেল ও গ্যাস আমদানির ওপর অনেক বেশি নির্ভরশীল। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরবে ইয়েমেনের বিদ্রোহী হুতিদের উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলায় লোহিত সাগরপথে বিশ্ববাজারে সৌদি তেল সরবরাহ বন্ধ হওয়ার উপক্রম।
লোহিত সাগরে সৌদি আরবের তেল সরবরাহের প্রধান বন্দর, যেটা হুতিদের টার্গেটে আছে, সেটা হলো ইয়ানবু বন্দর। সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে পশ্চিমে লোহিত সাগর পর্যন্ত ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দিয়ে তেল আনা হয়, যাতে হরমুজ প্রণালি এড়িয়ে সরাসরি লোহিত সাগর দিয়ে বিশ্ববাজারে তেল পাঠানো যায়। এই কৌশলের কেন্দ্রে আছে ইয়ানবু বন্দর। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়ানবু দেশটির তেল রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র।
২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তাঁরা সৌদি আরামকোর ইয়ানবুতে অবস্থিত স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন। ফ্রান্সও এই বন্দরের সুরক্ষায় সৌদিতে সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে, কারণ লোহিত সাগর তীরের এই বন্দরটি বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়ানবু ছাড়াও হুতিরা লোহিত সাগর উপকূলে আরও কয়েকটি স্থাপনায় হামলার দাবি করেছে।
জ্বালানি সংকট দেখা দেওয়ায় অর্থনীতির প্রায় সব সেক্টরে পরোক্ষ প্রভাব পড়ছে। মজুরি বাড়ছে না, কিন্তু খরচ বাড়ছে। ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, পর্তুগালে যে বিক্ষোভ হচ্ছে তার মূলে রয়েছে-জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি ও আবাসন সংকট। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় মানুষের প্রকৃত আয় কমে গেছে। পরিস্থিতি সামাল দিতে ইউরোজোনের দেশগুলো অভ্যন্তরীণভাবে নানা পদক্ষেপ নিলেও খুব একটা কাজে আসছে না।
ইউরোপের এরকম নাজুক পরিস্থিতিতেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মতলব হাসিলের চেষ্টা করেন। তিনি ফ্রান্সের বিক্ষোভের জন্য ইসলামিস্ট ও উগ্রবামপন্থিদের দায়ী করেন। এজন্য তিনি তর্জনী তোলেন ফ্রান্সের অভিবাসন নীতির দিকে। ট্রাম্পের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ২১ ও ২২ অক্টোবর কাতার সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে ম্যাক্রোঁ বলেন, ট্রাম্পের এই মন্তব্য ‘সম্পূর্ণ মিথ্যা, অগ্রহণযোগ্য ও নির্বোধ।’ নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘বিদেশি নেতারা, বিশেষ করে আটলান্টিকের ওপারে থাকা নেতারা ফ্রান্সের অভ্যন্তরীণ সংকটকে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করছেন।
ম্যাক্রোঁ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুরও একই ধরনের মন্তব্যের সমালোচনা করেন এবং বলেন, ফ্রান্সের সমস্যা ফ্রান্সই সামলাবে, বাইরের কারও নির্বোধ মন্তব্য দরকার নেই।’ উল্লেখ্য ৩ নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জনমত প্রভাবিত করার জন্য ট্রাম্প এ ধরনের মন্তব্য করে থাকতে পারেন। তিনি মার্কিনিদের তাঁর অভিবাসননীতির যৌক্তিকতা বোঝাতে ফ্রান্সের উদাহরণ টেনে আনেন। তাঁর এই বক্তব্যের পেছনে গিল্টি ফিলিংসও কাজ করে থাকতে পারে। ডোনাল্ড ট্রাম্প জানেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে মিলে যুদ্ধের যে আগুন জ্বালিয়েছেন তারই মূল্য দিচ্ছে ইউরোপ।
তার পরও যুদ্ধের নেশা যেন কাটিয়ে উঠতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি নেতানিয়াহু। কিন্তু এরই মধ্যে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার গঠনের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিরোধী জোটও তা পায়নি। তা না পেলেও আরব দলগুলো ১৯টি আসন পেয়ে সরকার গঠনে ভূমিকা রাখার শক্তি অর্জন করেছে। বিরোধী জোট আরবীয় দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠনে পক্ষপাতী না হলেও আরব দলগুলো বাইরে থেকে বিরোধী জোটকে সরকার গঠনের সমর্থন দেবে বলে জানিয়েছে। বিরোধী জোটের নেতারাও বেনিয়ামিন নেতানিয়াহুকে পদচ্যুত করতে বদ্ধপরিকর।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি লুলা দ্য সিলভা চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় ব্রিকস ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মক্কা প্রতিরক্ষা জোট ও ইরানের মধ্যে আঞ্চলিক শান্তি ও স্থিতির স্বার্থে একযোগে কাজ করার প্রশ্নে সমঝোতা হয়েছে বলে খবর বেরিয়েছে। এমতাবস্থায় ট্রাম্প ও নেতানিয়াহুর যুদ্ধবাদী নীতির অবসান হয়তো খুব বেশি দূরে নয়।
লেখক : সিনিয়র সাংবাদিক ও কথাসাহিত্যিক
বিডি প্রতিদিন/আরকে
