বাংলাদেশের নির্বাচনের আগে প্রকাশিত দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে নারীর স্বাধীনতা হুমকিতে বলে যে অভিমত প্রকাশ করেছে তার সত্যতা নিয়ে সংশয়ের অবকাশ নেই। সেখানে মধ্যরাতে নারীরা হাতে মশাল উঁচিয়ে ঢাকার রাস্তায় মিছিল করার কথা উঠে এসেছে।। তারা স্লোগান দিচ্ছিলেন, রক্ত দিল জনতা, এবার চাই সমতা । এটা ঠিক যে, বাংলাদেশের মানুষের কাছে গত কয়েক সপ্তাহ ছিল আনন্দের উপলক্ষ। ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পেয়েছেন তারা। ২০২৪ সালের আগস্টে ছাত্রদের নেতৃত্বে এক রক্তক্ষয়ী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

ওই আন্দোলনে সহস্রাধিক মানুষ প্রাণ হারান।\r\nবুধবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন নির্যাতনের শিকার ও কারাবন্দি থাকা বিরোধী নেতারা এবার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। বহু বছর পর অবাধে জনসভা করছেন তারা। সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে নির্বাসিত আছেন। বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের মুখোমুখি তিনি। তার দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে। তারপরও জুলাই গণ-অভ্যুত্থানের অগ্রভাগে থাকা নারীসহ দেশের অনেক নারীর কাছে নির্বাচন ঘিরে আশাটা যেন হতাশা ও ভয়ে পরিণত হয়েছে। রক্ষণশীল ইসলামপন্থি রাজনীতির পুনরুত্থান ও নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা কম থাকার বিষয়টি নারী অধিকারকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

মধ্যরাতে নারীদের ওই মিছিলে অংশ নেয়া এক নারী গার্ডিয়ানের প্রতিবেদককে বলেন, এ নির্বাচন তো পরিবর্তন ও সংস্কারের প্রতীক হওয়ার কথা ছিল। কিন্তু এখন আমরা দেখছি- নারীদের পদ্ধতিগতভাবে উপেক্ষা করা হচ্ছে এবং তাদের অধিকার হুমকির মুখে। \r\nসমালোচকরা বলছেন, ইতোমধ্যে সমাজে রক্ষণশীল ইসলামপন্থি রাজনীতির উত্থান ঘটেছে। গ্রামাঞ্চলে মেয়েদের ফুটবল খেলায় ধর্মীয় নেতাদের বাধা দিতে দেখা গেছে। তারা নারীদের ফুটবল খেলাকে অশ্লীল বলে উল্লেখ করেছেন। এছাড়া নারীরা অভিযোগ করেছেন, মাথার চুল ঢেকে না রাখা ও পোশাককে কেন্দ্র করে তাদের সহিংসতা ও হয়রানির শিকার হতে হচ্ছে।\r\nজামায়াতে ইসলামী সংস্কার, হয়রানি থেকে নারীদের নিরাপত্তা দেওয়া ও সুষ্ঠু রাজনীতির প্রতিশ্রুতি দিলেও দলটির পক্ষ থেকে একজন নারী প্রার্থীও নির্বাচনে অংশ নেয়নি। এ নিয়ে নারীদের পক্ষে প্রতিক্রিয়া তৈরি করেছে। অবশ্য আশার কথা হলো, রক্ষণশীল রাজনৈতিক শক্তির পরাজয়ের পর নারীদের শঙ্কা দূর হওয়ার পথ তৈরি হয়েছে। বিজয়ী দল বিএনপির ইশতেহারে ও নির্বাচনী প্রচারণায় নারীর স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। ফলে পরিস্থিতির লক্ষ্য যোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করাই যায়।