আজ বিশ্ব ব্রেইল দিবস। ২০১৯ সাল থেকে জাতিসংঘ এই দিবস আনুষ্ঠানিকভাবে পালন করছে। এবারের বিশ্ব ব্রেইল দিবসে জাতিসংঘ কোনো আনুষ্ঠানিক প্রতিপাদ্য নির্ধারণ করেনি। তবে এ দিবসটির রয়েছে আলাদা গুরুত্ব। এই দিবস পালনের উদ্দেশ্য দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে অন্তর্ভুক্তি নিশ্চিত করা, তাদের মৌলিক মানবাধিকার সমুন্নত রাখা, শিক্ষা ও বিনোদন বিষয়ে গুরুত্ব দেওয়া।

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগের মাধ্যমের আবিষ্কারক লুই ব্রেইল। তিনি জন্মগ্রহণ করেন ১৮০৯ সালের ৪ জানুয়ারি ফ্রান্সের প্যারিসের কাছে কুপভ্রে নামে ছোট্ট একটি গ্রামে। তাঁর বাবা ছিলেন চর্মকার। মাত্র ৩ বছর বয়সে চর্মকারের যন্ত্রপাতি নিয়ে খেলার সময় দুর্ঘটনায় তাঁর চোখে গুরুতর আঘাত লাগে। সংক্রমণের কারণে অল্প সময়ের মধ্যেই তিনি দৃষ্টিশক্তি হারান।

ছোট্ট লুই ব্রেইলের অদম্য ইচ্ছাশক্তি আর জ্ঞানপিপাসু মন তাঁকে এমন এক পথের সন্ধান দেয়, যা শুধু তাঁর জন্য নয় বরং সমগ্র বিশ্বের দৃষ্টিহীন জনগোষ্ঠীর জন্য আলো হয়ে জ্বলে ওঠে। মাত্র ১৫ বছর বয়সে লুই ব্রেইল আবিষ্কার করেন ছয় বিন্দুর সেই জাদুকরী লিপি, যা ‘ব্রেইল পদ্ধতি’ নামে পরিচিত।

ব্রেইল পদ্ধতির মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা লিখতে ও পড়তে পারে। এই পদ্ধতিতে অক্ষরের পরিবর্তে ডট বা বিন্দু থাকে এবং বিন্দুগুলো কাগজের পৃষ্ঠ থেকে কিছুটা উঁচু করা। এসব বিন্দু দিয়েই অক্ষর তৈরি হয়। একজন সম্পূর্ণ দৃষ্টিহীন কিংবা ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি কাগজের ওপর উঁচু হয়ে থাকা বিন্দুর ওপর হাতের আঙুল বুলিয়ে বুঝতে পারেন বর্ণমালার কোন অক্ষরটি লেখা হয়েছে।

বর্তমানে আমাদের দেশের দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা ব্রেইল মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ সরকারের পাঠ্য পুস্তক বোর্ড প্রতিবছর প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ব্রেইল বই প্রদান করে থাকে। এ পদক্ষেপের ফলে আমাদের দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা তাদের উপযোগী মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে। তবে এই ব্রেইল বই কেবল পাঠ্য পুস্তকের মাঝে সীমিত। প্রতিবছর একুশে বইমেলায় অংশগ্রহণ করে সাত-আটশ প্রকাশনা সংস্থা। কিন্তু এর মাঝে মাত্র একটি সংস্থা ব্রেইল বই প্রকাশ করে। সেটিও মূলধারার প্রতিষ্ঠান নয়। তারা কেবল দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সীমিত পরিসরে ব্রেইল বই মুদ্রণ করে।

দেশের মুদ্রণ সংস্থাগুলো নানা ধরনের বই প্রকাশ করলেও এগুলোর কোনোটিরই ব্রেইল সংস্করণ হয় না। ব্রেইল মুদ্রণ অনেক ব্যয়বহুল। প্রতি পাতা ব্রেইল মুদ্রণ করতে ৮-৯ টাকার মতো লাগে। এত খরচ করে ছোট সংস্থা ব্রেইল বই প্রকাশ করতে পারবে না। তবে বড় প্রকাশনা সংস্থাগুলো তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কিছু বই দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তৈরি করতে পারে। এর মাধ্যমে তাদের জ্ঞান অর্জন ও বিনোদনের সুযোগ সৃষ্টি হবে।

আমাদের দেশের বৃহৎ শিল্পগোষ্ঠীগুলোও তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্রেইল বই মুদ্রণ করতে প্রকাশনা সংস্থাগুলোকে সহায়তা করতে পারে। বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্র। এর কাজ হলো দেশের বিভিন্ন স্থানে গ্রন্থাগারের প্রসারে সহায়তা করা। সে লক্ষ্যে তারা প্রকাশনা সংস্থার কাছ থেকে সময়ে সময়ে নানা ধরনের বই কিনে থাকে। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ব্রেইল বই প্রাপ্তিতে সরকারের এ প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে। বিশ্ব ব্রেইল দিবস দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জানার অধিকার, মানবাধিকার এবং বিনোদন সমুন্বত রাখা ও সেগুলো আরও প্রসারের বিষয় আমাদের স্মরণ করিয়ে দেয়। পাঠ্য পুস্তকের বাইরে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা যেন সুলভে এবং সহজে ব্রেইল বই পায় সে লক্ষ্যে সরকারি-বেসরকারি সব পর্যায় থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

তালুকদার রিফাত পাশা: অ্যাডভোকেসি অফিসার, ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ