আনন্দ, চাদর কোথায়? চাদর কোথায়? ঠান্ডা লাগবে তো! বাড়ির ভেতর থেকে আর্তনাদ ভেসে এলো। টোড়িমাসির গলা সবচেয়ে উঁচুতে। মা-রা তিন বোন। টোড়িমাসি আমার ছোট মাসি।\r\nআমি যাব ছাদে একটু হাওয়া লাগাতে। গায়ের চাদরটা নাকি পাতলা। মোটা একটা চাদর লাগবে। মাফলার এবং মাঙ্কি ক্যাপ-ও লাগবে কিনা বুঝে উঠতে পারছি না। বোঝাই যাচ্ছে আমেরিকার উইস্কনসিনের ম্যাডিসন থেকে ঢাকায় এসে পৌঁছেছি! ১৯৯৬ সালে শীতকালে উইস্কনসিনের তাপমাত্রা ছিল মাইনাস ৫৫ ডিগ্রি সেলসিয়াস। এখনো কিছু কম ভয়ংকর নয়। প্রায়শই তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করে। ভয়াবহ শীতকাল সেখানে। যতদূর চোখ যায় সব রঙ সাদা, কনিফার ট্রিগুলো ছাড়া আর কোনো সবুজ নেই। হাঁটু পর্যন্ত বরফ। আমি আটাশ বছর ধরে ম্যাডিসনে আছি।
সেই প্রেক্ষাপটে ঢাকায় মাফলার আর মাঙ্কি ক্যাপ তো লাগবেই! মনে পড়ছে আমার শিলঙের বন্ধু শ্যামলীর কথা। শিলঙের মোটামুটি ঠান্ডায় যখন বাস থেকে পিলপিল করে মাঙ্কিক্যাপ, মাফলার, কোট, উলের দস্তানা পরা মানুষেরা নামতো, ওরা নাকি নিজেদের মধ্যে হাসাহাসি করত এই বলে যে, ওই যে বাঙালিরা এসে গেছে! উইস্কনসিনের ম্যাডিসনবাসী আমারও সেই অবস্থা!\r\nমাঝ সকাল। বেশ রোদ উঠে গেছে। আমি মোটা চাদর গায়ে দিয়ে ঘামতে ঘামতে ছাদে গেলাম। দেখলাম কামিনী ফুল ফুটে আছে। কিন্তু আমার চাদর দেখবার জন্য কেউ সেখানে ছিল না। কী আর করা! \r\nআমার বেশ কিছু সুন্দর টি-শার্ট আছে। ভ্যান-গ্যঁ, মাতিসের ছবি আঁকা। খুবই আর্টিস্টিক। তবে ঢাকার শীতের আন্দাজে একটু নাকি ফিনফিনে! ফলে তারা সবাই এখন আলমারিতে বন্দি।
তার বদলে বানানো হয়েছে কয়েক সেট সালোয়ার, মোটা কাপড়ের কামিজ। তাও ভালো তারা সব্জু, কালো চেকচেক ফ্লানেলের ফুলহাতা জামা হতে হতে হয়নি।\r\nট্রাঙ্ক থেকে বের হয়েছে সারা বছর চেহারা দেখাতে না পারা অভিমানী লাল সোয়েটার। সঙ্গে তার রয়্যাল ব্লু কামিজ, উপরে হলুদ হলুদ বড় বড় ফুল। তৈরি হয়েছে একটা কমলা রঙের জামা। বুকে তার কাচ বসানো। সবাই বলল এটা স্ট্রবেরি রঙ। মেনে নিলাম।\r\nসকালে খাবার টেবিলে হাতে গড়া রুটি, সবজি ভাজি, দুই রকমের মিষ্টি, স্বাস্থ্য রক্ষার্তে ডিমের জল পোচ, র চা। আমার জন্য স্পেশাল দুধ চা, তিন চামচ চিনি দিয়ে। দশটা এগারোটার দিকে কয়েক রকমের ফল কাটা– আপেল, নাশপাতি, ছাড়ানো কমলা, কখনো আখ, বাংলা কলা। সব ফল ছোট ছোট করে কেটে বাইট সাইজ। এদিকে আমি তো আমেরিকায় একটা আস্ত বাইট দিয়েই আপেল খেতাম।
ছোট ছোট করে ফল কেটে দিচ্ছে কে? জংলি অবস্থা। আর ব্রেকফাস্টে কপাল ভালো থাকলে একটা টোস্ট। একটু পর শেফালিসহ সকলের কাপে কাপে দুধ খাওয়া। শেফালি আমাদের বাসায় রান্না করে। আসলে বাড়ির সব কাজই সামলায় শেফালি।\r\nঅবশ্য আমি বাড়ির সকলকে বলেছি, দুই বছরের পর মানুষের দুধ খাওয়ার কোনো দরকার নেই। সেজন্যই কিনা জানি না, গত কয়েকদিন থেকে টেবিলে দুধের কাপ দেখছি না। দুপুরে সবজি, ভাজি, মাছ বা মাংস, ডাল। পাবদা মাছ সকলের পাতে দুটো করে পড়লেও আমার পাতে সবসময় তিনটা। পরম করুণাময়ের করুণায়। সাত বছর পর আমেরিকা থেকে এসেছি, আর আটাশ বছর হলো আমেরিকায় থেকেছি ক্যাটফিশ খেয়ে! ভাবলেই মায়ের চোখে জল আসে!\r\nচাদর পরিস্থিতির পরের পরিস্থিতি হচ্ছে স্নান করা। আমি এতদিন জানতাম স্নান করাটা হচ্ছে পারসোনাল হাইজিন। না, এ বাসায় নয়। সকালের ফল খাওয়ার পরই জেরা শুরু হয়ে যায়, গিজার চালিয়েছিস? স্নান করেছিস? পিয়াশ স্নান করেছ? পিয়াশ আমার ছোট মেসো। কিন্তু মুক্তি নেই। অবশ্য এমন কথাও শোনা যায় মার মুখে, আজ স্নান করতে ইচ্ছা করছে না। গা ম্যাজম্যাজ করছে। স্নান বিষয়ে তাকিয়ে দেখি বাড়ির মেয়ে শেফালি দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভিতে মনোযোগ দিয়ে ইলেকশনের নিউজ দেখছে। টোড়িমাসির এক ধমক, ইলেকশনে দাঁড়াবা নাকি? যাও, স্নানে যাও! \r\nকাল জ্যান্ত কই মাছ এসেছে। আমি তো প্রেমেই আধমরা। মাছগুলো সারারাত বালতির জলে ছিল। এই মাছ কাটা হবে? বাড়ির লোকজন উত্তেজিত, ফ্রেশ মাছ খাওয়া হবে বলে, আর আমি ঠিক বুঝে উঠতে পারছি না মমতায় মাছ খাব নাকি খাব না। খেলে টোড়িমাসি আমায় আঁতেল বলবে, নাকি না খেলে? দ্বিধায় পড়ে গেলাম।
