বিশিষ্ট নারী অধিকারকর্মী শিরীন পারভিন হক চার দশকেরও বেশি সময় নারীর ক্ষমতায়ন, লিঙ্গসমতা, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত। তিনি গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য। অন্তর্বর্তী সরকারের সময় তিনি নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নারী অধিকার বিষয়ক নাগরিক সংগঠন নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হক সমকালের সঙ্গে কথা বলেছেন জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী অবস্থায় দেশে নারীর অবস্থান এবং রাজনৈতিক সংকট বিষয়ে। সাক্ষাৎকার নিয়েছেন সমকালের সহকারী সম্পাদক সাদিয়া মাহ্জাবীন ইমাম।

সমকাল : জুলাই গণঅভ্যুত্থানে সামনে থাকা নারীরা হারিয়ে গেলেন কীভাবে?

শিরীন হক : জুলাই গণঅভ্যুত্থান শুরুই হয়েছিল নারীদের দৃশ্যমান অংশগ্রহণ দিয়ে। রোকেয়া হলের মেয়েরা মাঝরাতে ফটক ভেঙে বেরিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীর ‘রাজাকারের বাচ্চা’ গালির প্রতিবাদে। সঙ্গে সঙ্গে ইডেন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রাজপথে নেমেছিল। প্রথম রাতেই মেয়েদের সরব উপস্থিতি আন্দোলনকে অন্য মাত্রা দিয়েছে। আন্দোলনে মেয়েদের এই সামনে থাকার ধারা কিন্তু দুদিনেই বদলে যায়নি। তারা সড়কে তাদের অবস্থান ধরে রেখেছিল। সন্তানরা রাস্তায় দেখে বাবা-মায়েরাও যোগ দেন। এভাবেই শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ হত্যার পর সেই বিক্ষোভ এক দফা এক দাবির আন্দোলনে পরিণত হয়। এই পুরো সময়টাই নারীদের উপস্থিতি দৃশ্যমান ছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা গেল নারীদের অংশগ্রহণ আর সেভাবে দৃশ্যমান নয়। তখন আন্দোলনে সক্রিয় থাকা কয়েকজন নারীর সঙ্গে আলোচনায় বসেছিল ‘নারীপক্ষ’। অংশগ্রহণকারী কেউ কেউ বলেছে, তাদের পড়ালেখা শেষ হয়নি, তারা শিক্ষাজীবনে ব্যস্ত হয়েছে। আবার অনেকেই বলেছেন, তাদের জায়গা দেওয়া হয়নি। মানে তারা আর স্পেস পাননি। আন্দোলনের চেহারাটা ক্রমেই কেবল পুরুষের হয়ে গেল।

সমকাল : এটা কি পরিকল্পিতভাবে ঘটেছে?

শিরীন হক : আমরা বাইরে থেকে যতটুকু দেখেছি; আন্দোলন যত বেশি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কাঠামোর মধ্যে গেছে, তত বেশি পুরুষদের নিয়ন্ত্রণে গেছে। আন্দোলনের প্রথম দিকে কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল না। গণঅভ্যুত্থানের পর আমরা টেলিভিশনে দেখলাম রাজনৈতিক দল হিসেবে এনসিপির জনসমক্ষে করা প্রথম সম্মেলন মঞ্চে নারী অংশগ্রহণকারীদের উপস্থিতি একেবারেই গৌণ। অথচ ডিবি অফিসে ধরে নেওয়া থেকে শুরু করে সর্বক্ষেত্রে নারীর উপস্থিতি ছিল। এরপর এনসিপিতে উঠে এলো নুসরাত তাবাসসুম, সামান্থা শারমিন, তাসনীম জারা, মাহমুদা মিতুরা। অন্তর্বর্তী সরকার গঠনের সময়ও দেখা গেল আন্দোলনে থাকা নারী শিক্ষার্থী উপেক্ষিত। দুইজন শিক্ষার্থীকে উপদেষ্টা করা হলো; দুজনই পুরুষ।

সমকাল : নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির কাছে প্রত্যাশা কেমন ছিল?

শিরীন হক : প্রত্যাশা ছিল আকাশচুম্বী। যে কাজটি আমরা বা আমাদের পরের প্রজন্মও এত বছর পারিনি, সেই কাজটি করল কিশোর এবং যুব বয়সের ছেলেমেয়েরা। ওদের জন্য স্বৈরাচার ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অসাধ্য সাধন করা এই শিক্ষার্থীদের নিয়ে আমাদের গর্ব, আত্মবিশ্বাস, প্রত্যাশা এবং শ্রদ্ধা কোনোকিছুরই কমতি ছিল না। আন্দোলনের প্রথম দিকে ছিল রাষ্ট্র সংস্কারের দাবি। পরে তো সেই রাষ্ট্র সংস্কারই হারিয়ে গেল। ১৬ জুলাই আবু সাঈদকে দিয়েই বিক্ষুব্ধ শিক্ষার্থী-জনতার ওপর নির্বিচারে গুলি শুরু হয়েছিল। সেই গুলির মুখে যে ছেলেমেয়েরা এত বলিষ্ঠভাবে দাঁড়িয়ে গেল, তাদের নিয়ে অনেক প্রত্যাশা হওয়াই স্বাভাবিক। আমরা প্রত্যাশা করেছিলাম, এই শিক্ষার্থীদের নিয়ে গড়া এনসিপি রাষ্ট্র সংস্কারের কাজটি হাতে নেবে। শাসনব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনবে। মুখ্য হবে রাষ্ট্র মেরামতের কাজটি। কিন্তু মেরামতে না গিয়ে তারা সেই আগের পথেই হেঁটেছে। কিশোর-তরুণরা রাষ্ট্র সংস্কারের স্লোগান দিলেও শেষ পর্যন্ত একটি গতানুগতিক সরকার গঠিত হয়েছে এবং নবগঠিত উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগ সরকার নিযুক্ত রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছে। এনসিপি গঠন একটা বিকল্প হিসেবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছিল। তাদের কাছে এতটা উচ্চাশা করা হয়তো ঠিক হয়নি আমাদের।

সমকাল : জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে উগ্রবাদী শক্তি কি শক্তিশালী হয়েছে? আপনি কী মনে করেন?

শিরীন হক : এ ব্যাপারে সন্দেহ নেই। বাংলাদেশে উগ্রবাদী শক্তিগুলোর এতটা প্রভাব আগে কখনোই ছিল না। নারী সংস্কার কমিশনকে তো তারা রীতিমতো হুমকি দিল। কমিশনের সুপারিশ ডাস্টবিনে ফেলে দেওয়ার কথাও বলেছে। কমিশনপ্রধানকেও তারা বাতিল ঘোষণা করেছে। আর মোরাল পুলিশিং নিয়ে বলতে গেলে উল্লেখ করতে হয়, রাস্তায় নারীদের পোশাক বা পর্দা নিয়ে এক ধরনের খবরদারি আগে থেকেই ছিল। তবে এই অভ্যুত্থান সেই গোষ্ঠীগুলোকে সামাজিক বৈধতা দিয়েছে। বিষয়টি হচ্ছে, আন্দোলন যারা করেছে তারা সে আন্দোলনের ফসল নিজের ঘরে তুলবে– সেটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। জুলাই গণঅভ্যুত্থানে লড়াই করেছে মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর মাদ্রাসার শিক্ষার্থীরা। কারণ সেই সময় সরকারি বিশ্ববিদ্যালয় ও হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। মাদ্রাসার যে শিক্ষার্থী বন্দুকের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছে, সে আন্দোলন করে সফল হয়েছে। সুফল সে ঘরে তুলবেই।

সমকাল : আপনারা আন্দোলনে পাশে থেকে তাদের সহযোগিতা করলেন।

শিরীন হক : আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের একটি ছবি আমাকে খুব নাড়া দিয়েছিল। যেখানে জিন্স, টি-শার্ট পরা একটি মেয়ে এবং হিজাব পরা একটি মেয়ে একে অপরের হাত ধরে মিছিলে অংশ নিতে হলের ফটক দিয়ে বেরিয়ে আসছিল। সেই দৃশ্য দেখে মনে হয়েছে, তাদের একসঙ্গে চলতে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমাদের সমস্যাটি কোথায়? এটি কি আমাদের এক ধরনের পূর্বসংস্কার বা প্রেজুডিস? মূলধারার নারী সংগঠনগুলোও এই গোষ্ঠীগুলোকে সবসময় এড়িয়ে গেছে। আমরা কখনও তাদের সঙ্গে সরাসরি কোনো সংলাপে বসিনি। যখন অন্যরা সভা-সেমিনারে ব্যস্ত ছিল, এই গোষ্ঠীগুলো তৃণমূল পর্যায়ে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেছে। গণঅভ্যুত্থানে তাদের সবল ও সক্রিয় ভূমিকার কারণে তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। আবু সাঈদ শহীদ হওয়ার পর জানা গিয়েছিল, সে জামায়াত-শিবিরের কর্মী। এ জন্য কি আবু সাঈদের প্রতি আমাদের শ্রদ্ধা এতটুকু কমতে পারে? আন্দোলনের সময় আদর্শগত মিল না থাকলেও আমাদের লক্ষ্য ছিল একই।

সমকাল : নারীর বিরুদ্ধে অপমান, হেনস্তা ও নীরবতার সময় অন্তর্বর্তী সরকারের ভূমিকা কীভাবে মূল্যায়ন করবেন? নারীনেত্রীদের জোরালো প্রতিবাদ দেখা যায়নি কেন?

শিরীন হক : অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের ফ্রেমওয়ার্ক বা দৃষ্টিকোণ অবলম্বন করে সরকার গঠন করেনি। নিজেদের শুধু অন্তর্বর্তী সরকারই ভেবেছে। যদিও সেই সরকার ১১টি বিষয়ভিত্তিক সংস্কার কমিশন গঠন করেছিল। একটি বিষয় মনে রাখতে হবে, এই আন্দোলন যাদের অংশগ্রহণে সফল হয়েছিল তাদের মনোভাব, আদর্শ সেই সরকারকে প্রভাবিত করবেই। অন্তর্বর্তী সরকারের সাহস ছিল না তাদের উপেক্ষা করে সব বিষয়ে শক্ত প্রগতিবাদী অবস্থান গ্রহণের। নারীদের হেনস্তা করা বা অবস্থান দুর্বল হওয়ায় অন্তর্বর্তী সরকারের নীরবতাকে আমি এভাবেই দেখি। তবে নারীনেত্রীরা প্রতিবাদ করেননি– এটা সম্পূর্ণ ঠিক না। মৈত্রী যাত্রা হয়েছে ঢাকা শহরে। যতদূর মনে পড়ে, দেশব্যাপী নারী সংগঠনগুলোর জাতীয় সংযোগ ‘দুর্বার নেটওয়ার্ক’ বিবৃতি দিয়েছিল। সংবাদমাধ্যম বরং নারীদের প্রতিবাদকে কম কাভারেজ দিয়েছে তখন।

সমকাল : আন্দোলনের সময় আপনারা বুঝতে পারেননি, এই শক্তিগুলো পরবর্তী সময়ে ভিন্ন রাজনৈতিক অবস্থান নেবে?

শিরীন হক: স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করে আমরা দেখেছি, ভোটের রাজনীতিতে জামায়াতের অবস্থান বরাবরই খুবই নগণ্য। মানুষ ধর্মপ্রাণ হলেও সাধারণত ব্যালট বাক্সে তার প্রতিফলন দেখা যেত না। তবে জামায়াতের আগে কোনো প্রভাব ছিল না, তা নয়। পথেঘাটে মোরাল পুলিশিং করে– ‘আপনাদের ওড়না কোথায়, মাথায় কাপড় দেন’; এসব চলত রাস্তাঘাটে। পুরুষ মানুষ মাত্রই মনে করে, তারা নারীর অভিভাবক। এবারের গণঅভ্যুত্থানে ধর্মভিত্তিক দলগুলোর রাজনৈতিক ও সামাজিক উত্থান হয়েছে। তারা একধরনের বৈধতা পেয়েছে– এটা সত্যি। আমার পাশে যে লড়াই করল, তাকে তো আমি অস্বীকার করতে পারব না। আন্দোলনের সময় তাদের আসল রাজনৈতিক পরিচয় মুখ্য ছিল না। তখন সবাই ছিল শুধু স্বৈরাচারবিরোধী আন্দোলনকারী। সবার লক্ষ্য ছিল এক– স্বৈরাচারী শাসনের পতন ঘটানো এবং শাসককে বিচারের আওতায় আনা। আর সবাই যখন বক্তৃতা দিতে ব্যস্ত, তখন তারা সংগঠন গড়ে তুলতে ব্যস্ত ছিল। একদিকে তাদের সাংগঠনিক শক্তি বেড়েছে, আরেক দিকে গণঅভ্যুত্থানে তাদের অংশীদারিত্ব তাদের এক ধরনের গ্রহণযোগ্যতার সুযোগ তৈরি করে দিয়েছে।

সমকাল : নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে শেষ পর্যন্ত কী হলো?

শিরীন হক : বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ গঠনের সময় জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি। এখন আমরা প্রায় ১৮ কোটি মানুষ। এর মধ্যে আরপিও অনুযায়ী সব রাজনৈতিক দলকে বলা হলো– অন্তত ৫ শতাংশ মনোনয়ন দিতে হবে নারীদের। যেটা আমার কাছে মনে হয়েছে অত্যন্ত অপমানজনক একটা শতকরা হার। নারী সংস্কার কমিশন মনে করেছে, বর্তমানে সংরক্ষিত আসনের যে সংখ্যা তা দিয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা যাবে না। তাই আমরা প্রস্তাব করি জাতীয় সংসদের আসন সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৬০০ করার। যেখানে প্রতিটি এলাকায় সাধারণ আসনের পাশাপাশি একটি সরাসরি ভোটে নির্বাচিত সংরক্ষিত নারী আসন থাকবে। অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশন নারী সংস্কার কমিশন ছাড়া আর সবার সঙ্গে আলোচনায় বসল। নারীবিষয়ক সংস্কার নিয়ে আর কিছুই হলো না। হেফাজত যখন হুমকি দিল তখন অন্তর্বর্তী সরকারের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানোর। কিন্তু তারা দাঁড়ায়নি। অন্তর্বর্তী সরকারের মধ্যে এমন সব মানুষ ছিলেন, যাদের সঙ্গে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। কেউ দাঁড়াননি আমাদের পাশে। তবে ড. মুহাম্মদ ইউনূসকে চিনি ব্যক্তিগতভাবে ৪০ বছরের বেশি সময় ধরে। তিনি নারী অধিকারের পক্ষের মানুষ। গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা অধিকাংশই নারী। তাঁর ভাবনাই ছিল নারী স্বাবলম্বী হলে তার ওপর নির্যাতন ও বঞ্চনা কমবে। কিন্তু তিনিও শক্তভাবে কোনো বিবৃতি দিতে পারলেন না। জুলাই সনদ স্বাক্ষরের সময় নারীদের আমন্ত্রণ জানানো হয়নি।

সমকাল : অভিন্ন পারিবারিক আইনটি প্রতিষ্ঠিত করা সম্ভব হলো না চার দশকেও। নারীর অবস্থান শক্ত করতে একটি স্পষ্ট গ্রহণযোগ্য নীতিমালা নেই আমাদের।

শিরীন হক : কমিশনের বৈঠকে আমি বলেছিলাম, অভিন্ন পারিবারিক আইন নিয়ে বিতর্কে না গিয়ে একটি বাস্তবসম্মত পথ নেওয়া উচিত। ৪০ বছরেও যখন এটি হয়নি, তখন এক বছরে হওয়ার সম্ভাবনাও ছিল না। আমরা বলেছিলাম, যারা ধর্মভিত্তিক পারিবারিক আইনের অধীনে থাকতে চান, তারা থাকবেন। পাশাপাশি যারা সমতাভিত্তিক দেওয়ানি আইনের অধীনে থাকতে চান, তাদের জন্য একটি সিভিল অপশন রাখা হোক। কিন্তু এটাকেই হেফাজত বিকৃত করে অভিযোগ করল– আমরা নাকি ধর্মের বিরুদ্ধে প্রস্তাব দিয়েছি। আমরা কিন্তু খুব যত্ন সহকারে তা এড়িয়ে গেছি। ধর্মভিত্তিক পারিবারিক আইনের বিরুদ্ধে আমরা কোনো প্রস্তাব করিনি। কিন্তু আমরা বলছি, দেশে অনেক মানুষ আছে যারা সমতাভিত্তিক আইনের অধীনে থাকতে চায়। আমরা ধর্মভিত্তিক আইন বাতিলের কথা বলিনি। শুধু বলেছিলাম– বিয়ে, অভিভাবকত্ব ও সন্তানের কাস্টডির মতো বিষয়ে যারা সমতাভিত্তিক আইন চান, তাদের জন্য একটি বিকল্প থাকা উচিত। এটাই ছিল আমাদের মূল সুপারিশ; একটি সিভিল অপশন।

সমকাল : জুলাই-পরবর্তী বাংলাদেশে নারীর দুই বিপরীত আদর্শ এখন স্পষ্ট। এই বাস্তবতায় নারীনেত্রীরা কীভাবে সমন্বয় আনবেন?

শিরীন হক: এই আন্দোলনের পর নারীর অবস্থানের ভেতরের বিরোধটা স্পষ্ট হয়েছে। দুই ধরনের অবস্থানই বাস্তব, কিন্তু এদের সমন্বয় সহজ নয়। কারণ বিরোধটা মতাদর্শগত এবং খুবই মৌলিক। যারা মুক্তচিন্তা, সমতা ও একটি নতুন রাষ্ট্র-সমাজ গঠনের স্বপ্ন দেখেন, তাদের আরও সক্রিয় ও সংগঠিত হতে হবে। বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের। অনেক সময় গান, কবিতা, নাটক বা শিল্পকর্ম যে পরিবর্তন আনতে পারে; বক্তৃতা তা পারে না। নারী আন্দোলনকে তার মানসিকতা ও কৌশল বদলাতে হবে। পরিষ্কারভাবে বলতে হবে, তারা কী ধরনের সমাজ ও রাষ্ট্র চায়। সবাই একমত হবে না, কিন্তু এই অবস্থান স্পষ্ট হলে নতুন মানুষ যুক্ত হবে। সাংস্কৃতিক কর্মী ও নারী আন্দোলনের কর্মীরা একসঙ্গে কাজ করতে পারলে সমাজে একটি শক্তিশালী বিকল্প অবস্থান তৈরি করা সম্ভব হবে।

সমকাল : আপনাকে ধন্যবাদ।

শিরীন হক : সমকালকেও ধন্যবাদ।