যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত অচিরেই শেষ হবে, নাকি চলতেই থাকবে, তা নিয়ে তৈরি হয়েছে অচলাবস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ নীতি অনুসরণ করছেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্প সম্প্রতি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। তাদের শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে আছে, তাদের প্রণালিটিও (হরমুজ প্রণালি) আমাদের নিয়ন্ত্রণে রয়েছে!’
ট্রাম্পের এই বক্তব্যের জবাবে ইরান সাতটি শর্ত দিয়ে বলেছে, চুক্তি ছাড়া যুদ্ধে কোনো সমাধান আসবে না। শর্তগুলোর মধ্যে অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল এবং ইরানের জব্দকৃত অর্থ অবমুক্ত করা অন্যতম। অন্যদিকে, ওয়াশিংটনের দাবি—আগে হরমুজ প্রণালি খুলে দিতে হবে। দুই দেশের এই অনড় অবস্থানের কারণে সৃষ্ট অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই পক্ষই। কিন্তু তারপরও কেউই তাদের অবস্থান থেকে সরতে নারাজ। এই অচলাবস্থার মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নৌশক্তি বাড়াচ্ছে ইরানে নতুন করে হামলার প্রস্তুতি হিসেবে।
বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’, ‘জর্জ ওয়াশিংটন’ এবং ‘জর্জ এইচ ডব্লিউ বুশ’ অবস্থান করছে। ২০০৩ সালের পর এটিই ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌশক্তির সমাবেশ। তবে মার্কিন কর্মকর্তারা জাহাজগুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেননি। তাই প্রশ্ন উঠেছে—এটি কি এক ধরনের ‘জোরপূর্বক কূটনীতি’, নাকি এমন কোনো যুদ্ধের প্রস্তুতি, যা ৩ জানুয়ারির পর শুরু হতে পারে? কারণ সেদিন থেকে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস রাষ্ট্রীয় অর্থায়নের নিয়ন্ত্রণ হাতে পাবে এবং তারা চাইলে প্রেসিডেন্টের কর্মকাণ্ডকে সীমাবদ্ধ করতে পারবে।
ট্রাম্প অবশ্য বলছেন, ইরানে হামলার সম্ভাবনা ‘খুবই কম’। তবে মার্কিন বাহিনী ‘পুরোপুরি প্রস্তুত’ অবস্থায় রয়েছে। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ঘারিবাবাদি বিষয়টিকে যুক্তরাষ্ট্রের একটি কৌশল বা ছলনা বলে সন্দেহ করছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র হয়তো কূটনীতির অপব্যবহার করে সময়ক্ষেপণ করার চেষ্টা করছে, যাতে তারা আরেকটি হামলার ক্ষেত্র প্রস্তুত করতে পারে।’
ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সম্প্রতি বলেছেন, “আমরা ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অবস্থায় আর থাকব না।” ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও একই কথা বলেছেন। গত এপ্রিলে দেওয়া তার সর্বশেষ বিবৃতিতে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আমরা যুদ্ধ চাইনি, এখনো চাই না। তবে কোনো অবস্থাতেই আমরা আমাদের বৈধ অধিকার ত্যাগ করব না।’
যুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় সমস্যা ইরানের ভৌগোলিক অবস্থান ও দূরত্ব। ওয়াশিংটনের হাতে বিপুল সামরিক শক্তি থাকলেও সেই শক্তিকে কাজে লাগিয়ে ইরানে নতুন সরকার প্রতিষ্ঠার উপায় তাদের জানা নেই। মার্কিন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর গত ফেব্রুয়ারি মাসে এ সম্পর্কে বলেছেন, ‘আমাদের এখানে দূরত্বের এক কঠিন বাস্তবতার মোকাবিলা করতে হচ্ছে। এছাড়া ইরানের জনসংখ্যা প্রায় ৯ কোটি, যা পুরো পশ্চিম ইউরোপের সমান।’
শিকাগো বিশ্ববিদ্যালয়ের জন মিয়ারশাইমার বিষয়টি আরো স্পষ্ট করেছেন। গত জুলাই মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান একটি বিশাল দেশ, যার ভূখণ্ড অত্যন্ত দুর্গম। এই অবস্থায় মাত্র আট হাজার সৈন্য দিয়ে কী করা সম্ভব? এ কারণেই ওয়াশিংটন এখন ইরানের ওপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো তীব্র হবে এবং নিষেধাজ্ঞার তালিকাও বাড়বে। পাশাপাশি ট্যাংক ও যুদ্ধবিমানগুলোও প্রস্তুত রাখা হয়েছে।
চীনের শেনঝেন নগরীতে গত সপ্তাহে অনুষ্ঠিত এপেক শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও স্বাগতিক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো বৈঠক করেছেন। কিন্তু তারা ইরান যুদ্ধের কোনো সমাধান দিতে পারেননি। তাদের যৌথ ঘোষণাপত্রে ইরান সম্পর্কে খুব সামান্যই উল্লেখ ছিল। ট্রাম্প কেবল জানিয়েছেন, হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে শি জিনপিং একমত হয়েছেন।
কিন্তু বেইজিং ও মস্কোর অবস্থান নিরপেক্ষ নয়। শি ও পুতিন গত মে মাসে যৌথ বিবৃতিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে ‘অবৈধ’ বলে অভিহিত করে বলেন, পরিস্থিতি এখন এক ‘সংকটপূর্ণ সন্ধিক্ষণে’ পৌঁছেছে। ইরানের এই দুজন শক্তিশালী মিত্রের কেউই ইরানের হয়ে যুদ্ধ যেমন করবে না, তেমনি ইরানকে নতি স্বীকার করতেও বাধ্য করবে না। অন্যদিকে ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং যুদ্ধের সামরিক অধ্যায় ‘কার্যত শেষ হয়ে গেছে’।
তবে যুদ্ধের এই পর্যায়ে এসে পিছু হটাও যুক্তরাষ্ট্রের জন্য দুর্বলতার লক্ষণ হিসেবে গণ্য হবে। ২০২৯ সালের ২০ জানুয়ারি ট্রাম্পের মেয়াদ শেষ হবে। এই দীর্ঘ সময় ইরান সংঘাতের বর্তমান অচলাবস্থা বজায় থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন লুন্ড বিশ্ববিদ্যালয়ের রুজবেহ পার্সি। তার মতে, ট্রাম্প যদি মনে করেন, আরো একটি হামলা চালালেই ইরানের পতন ঘটবে, তখন এই অচলাবস্থা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে।
অন্যদিকে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বর্তমান অচলাবস্থার মধ্যে থাকা ইরানের জন্যও একটি দীর্ঘ সময়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের হামিদরেজা আজিজি বলেছেন, অর্থনৈতিক চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ইরান হয়তো বর্তমান ‘স্ট্যাটাস কো’ বা স্থিতাবস্থার চেয়ে সংঘাত বাড়িয়ে তোলাকেই ভালো মনে করতে পারে। সংঘাতে দুদেশের অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে কেউই চিরকাল অপেক্ষা করবে না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—‘এর শেষ কোথায়?’
আমার দৃষ্টিতে এই অচলাবস্থার অবসান ঘটাতে দুটি পথ খোলা আছে। প্রথম পথটি হলো—শান্তির জন্য দ্বিতীয় একটি সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম স্বাক্ষর করা। জন মিয়ারশাইমার এমন পূর্বাভাস দিয়ে ট্রাম্প সম্পর্কে বলেছেন, ‘তাকে আবারও পিছু হটতে বাধ্য হতে হবে এবং একপর্যায়ে আমাদের দ্বিতীয় একটি সমঝোতা স্মারকের দিকে এগোতেই হবে।’ এর জন্য কাতার মধ্যস্থতা করছে, পাকিস্তানের সেনাপ্রধানও তেহরান সফর করেছেন। ট্রাম্পের ভাষ্যমতে, উপসাগরীয় দেশগুলো নতুন করে সংঘাত শুরুর চেয়ে বর্তমান পরিস্থিতি বজায় রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।
জানুয়ারি থেকে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের চাপ পরিস্থিতিকে আরো ত্বরান্বিত করতে পারে। এই প্রেক্ষাপটে ইরান পর্যায়ক্রমে হরমুজ প্রণালি খুলে দেবে এবং ওয়াশিংটনও ধাপে ধাপে অবরোধ শিথিল করবে। উভয় পক্ষই নিজেদের বিজয়ী বলে দাবি করবে। পারমাণবিক ইস্যু আপাতত ভবিষ্যতের জন্য তোলা থাকবে। এটি হবে একটি সাময়িক সমাধান বা জোড়াতালি, কোনো স্থায়ী নিষ্পত্তি নয়।
দ্বিতীয় পথটি হলো—একটি সংক্ষিপ্ত অথচ তীব্র যুদ্ধ। ডগলাস ম্যাকগ্রেগর এমনটাই আশঙ্কা করছেন। তিনি বলেন, ‘দুঃসংবাদ হলো, একটি আক্রমণ হতে যাচ্ছে।’ সময়ও তার এই ধারণাকে সমর্থন করে। ৩ জানুয়ারি কংগ্রেস ও সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়ার পর হোয়াইট হাউসের পক্ষে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের জন্য অর্থ পাওয়া আগের মতো সহজ থাকবে না। ট্রাম্প যদি সত্যিই ইরানে আক্রমণ করতে চান, তবে তার হাতে সময় খুবই কম।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল ইরানে আবারও যৌথ অভিযান শুরুর জন্য তদবির করছে। তিনটি বিমানবাহী রণতরি ট্রাম্পকে সেই সক্ষমতা দিচ্ছে। ইরানও হয়তো আগের মতোই উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এবং জাহাজ চলাচলের ওপর আক্রমণ করে এর জবাব দেবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভায়েজ ঠিক এই বিপদ সম্পর্কেই সতর্ক করেছেন। তিনি বলেছেন, আরেকটি যুদ্ধ ঠেকানোর চেষ্টা ‘অনিচ্ছাকৃতভাবে এমন এক যুদ্ধে রূপ নিতে পারে, যেখানে কোনো পক্ষই জয়ী হতে পারবে না।’
এখন প্রশ্ন হলো—কোন পথটি বেশি সম্ভাব্য? প্রথম পথটির পেছনে আছে ক্লান্তির যুক্তি, আর দ্বিতীয়টির পেছনে আছে অহংবোধের যুক্তি। ট্রাম্প অতীতে অহংবোধের পথ বেছে নিয়েছেন। তবে তার অতীত কর্মকাণ্ড থেকে বোঝা যায়, চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার ঠিক আগ মুহূর্তে থেমে যাওয়ার এক সহজাত প্রবণতাও তার মধ্যে আছে। আমার ধারণা, প্রথম পথটির একটি অগোছালো সংস্করণ বাস্তবায়িত হতে পারে।
কিন্তু একটি বিষয় স্পষ্ট, আমেরিকা হয়তো ইরানের অর্থনীতি ধ্বংস করতে পারবে; কিন্তু দেশটিকে কখনোই নতজানু করাতে পারবে না। যাদের জন্য হরমুজ প্রণালি খোলা রাখা বেশি জরুরি, দীর্ঘস্থায়ী সংঘাত তাদেরই বেশি ক্ষতিগ্রস্ত করবে। আর সেই তালিকায় আছে বিশ্বের তেল ক্রেতা ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো।
মিডল ইস্ট মনিটর অবলম্বনে মোতালেব জামালী
