একদিন, দুদিন, মাস এবং হয়-তো বছর চলে যাবে। এ কয়দিনে বৃক্ষ শাখা আকাশে মেলবে ডানা! মাথা উঁচিয়ে আকাশ ছোঁয়ার জন্য বাড়াবে হাত। একসময়, বৃক্ষদের পরবর্তী প্রজন্ম আরও আশপাশে নেবে দখল। এভাবেই একদিন হয়তো আমাদের সংসদ ভবন, আগাছা, পরগাছা এবং গাছের আড়ালে ঢাকা পড়ে যাবে। ভয় এবং শঙ্কায় কেউ আর ও-পথ মাড়াবে না। তারপর হয়-তো অনেকটা সময়। আগাছায় আবৃত হয়ে থাকবে আমাদের সংসদ ভবন! \r\nসে অনেক বছর আগের কথা। ক্লাস ফোর কিংবা ফাইভ-এর ছাত্র। তখন-ও দেশ স্বাধীন হয়নি। দেশের রাজনীতিতে উষ্ণ স্রোত বইতে শুরু করেছে। তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা, যমুনা স্লোগান জনপ্রিয় হয়ে উঠেছে। এই সময় স্কুলের ছুটি হলেই নানাবাড়ি ছুটতাম। সঙ্গে থাকতেন আমার মামা। নানাবাড়ি যাওয়ার পথে সংসদ ভবন পার হয়ে যেতাম।
প্রতিবারই মামাকে জিজ্ঞেস করে তার এ-তো বড় বিল্ডিং! কারা থাকবে এখানে! প্রতিবারের মামা র জবাব ছিল, এটা পার্লামেন্ট হাউস । তখন কেউ সংসদ ভবন বলতেন না। ভবনটির নির্মাণ কাজ তখনো চলছে। দেশ স্বাধীন হওয়ার পরও অনেকদিন কাজ চলেছে। \r\nএরপর সত্তরের নির্বাচন। নির্বাচনের পর পার্লামেন্টে কে বসবে তা নিয়ে চলছে রাজনৈতিক আলাপ, আলোচনা, সভাসমাবেশ আর ভাষণ। এর মধ্য দিয়ে পার্লামেন্ট শব্দটি সাধারণ জনগণের কাছে ব্যাপক পরিচিতি পায়। পার্লামেন্টে যাওয়া, না যাওয়া নিয়ে দেশে প্রায় যুদ্ধ বেঁধে যায়। সেইসঙ্গে পার্লামেন্ট নিয়ে এখানকার মানুষের আগ্রহ নিষ্প্রভ হয়ে যায়। এরপর যুদ্ধ শেষ। স্বাধীনতা উত্তর নতুন সরকার গঠন করে। তবে সংসদ ভবন হিসেবে ব্যবহৃত হয় নাখালপাড়ায় অবস্থিত বর্তমানে পরিচিত প্রধানমন্ত্রীর কার্যালয় ।
\r\nদেশ স্বাধীন হওয়ার পর বর্তমান সংসদ ভবনটি, আওয়ামী সরকার আমলে সৃষ্ট রক্ষীবাহিনী র গ্যারিসন করা হয়। ৭৫, ১৫ আগস্ট পূর্ব পর্যন্ত এখান থেকেই রক্ষীবাহিনী জন বিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকে। যা এখনো নির্মম ইতিহাস! পঁচাত্তর পরবর্তীতে রক্ষীবাহিনী বিলুপ্ত করা হয়। সংসদ ভবন মুক্ত বাতাস লাভ করে। তখনো কিন্তু বর্তমান ভবনটির নির্মাণ কাজ সমাপ্ত হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে আবারও নির্মাণ কাজ শুরু করেন। পূর্ণোদ্যমে ভবনের কাজ চলতে থাকে। \r\nতবে ঊনআশির নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণ নাখালপাড়ার ভবনেই অধিবেশন শুরু করেন। এই সংসদ চলার সময়কালেই, বর্তমান সংসদ ভবনের নির্মাণ কাজ শেষ হয়। একাশির শুরুর এক রৌদ্রজ্বল সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংসদ ভবনে ভাষণ দিয়েছিলেন।
ভাষণে আশা ব্যক্ত করেন, আগামী সংসদ এই ভবনে বসবে। তবে শহীদ জিয়ার শোক সভা পালন হয় বর্তমান সংসদ ভবনে। এই শোকগাথার মধ্য দিয়েই এই সংসদ ভবনের যাত্রা শুরু হয়। \r\nএরপর এরশাদের স্বৈরাচারী বেষ্টনীতে সংসদ ভবন আটকে থাকে। যদিও এরশাদ সামরিক নিয়ন্ত্রণে দুটি নির্বাচন করেন। প্রথমটি ছিয়াশিতে অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনে একমাত্র বিএনপি অংশ নেয়নি। এর বাইরে বড়দলের মধ্যে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী এবং সিপিবি অংশ নেয়। তবে স্বৈরাচারের অধীন নির্বাচন দুই বছরের মাথায় ভেঙে যায়। আটাশিতে আবারও নির্বাচন করে, কিন্তু এবারও বিএনপি নির্বাচনের বাইরে থাকে। সেইসঙ্গে বড় দলগুলো আগের ভুল এবার আর করে না। কিংবা মনে করে এরশাদের শাসন শেষ পর্যায়ে, তাই বৈধতা দেওয়া থেকে দূরে থাকে। এরপর নব্বইয়ের গণঅভ্যুত্থান। স্বৈরাচারের পতন।
আবারও নির্বাচন। কিন্তু কোনো দলীয় সরকারের অধীনে নয়। \r\nএকানব্বইয়ে অস্থায়ী সরকার নির্বাচন পরিচালনা করে। এই নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সংসদ অধিবেশন শুরু করে। সংসদ ভবন অনেকদিন পর গণতন্ত্রের আলোয় আলোকিত হয়ে ওঠে! রাজনীতির ভাষা রাজপথে স্লোগানে কিংবা ভাঙচুরে নয়। মতপার্থক্য বা অভিযোগ সবকিছুর জায়গা হয়ে ওঠে সংসদ ভবন। এই শুভ পথ চলে ২০০৬ পর্যন্ত। কিন্তু অশুভ শক্তির এটা পছন্দ নয়। আবারও ষড়যন্ত্র। আবারও ক্ষমতা দখল। এবং ষড়যন্ত্রকারীদের সহযোগী পছন্দের দলকে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আনে। দলটি মানুষের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার খর্ব করা দিয়ে ফ্যাসিস্ট কার্যক্রম শুরু। এরপর একের পর এক গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়, এবং পূর্ণভাবে স্বৈর কার্যক্রম চালায়। এরপর টানা ১৬ বছর। ষোলো বছর সংসদ ভবন যেন ছিল কারাগার।
আশপাশে প্রবেশ কিংবা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যায়। গণতন্ত্রের সূর্যটা রাগ বা অভিমানে দূরের আকাশে মেঘের আঁধারে চলে যায়। সংসদ ভবন আবারও স্বৈরশাসনের বেড়া জালে আটকে পড়ে। \r\n২০২৪-এর ৫ আগস্ট বাংলাদেশের মানুষ আবারও বিদ্রোহী আত্মায় রূপ নেয়। এবং স্বৈরশাসনের অবসান ঘটায়। এদেশের মানুষের হৃদয়ের আলোয় দেখতে চায় বাংলাদেশ। মানুষের এই আলো নিভিয়ে দেওয়ার জন্য চলছে নানামুখী ষড়যন্ত্র। মানুষ ধীরে ধীরে শঙ্কিত হয়ে উঠছে। আগামীতে কি হতে যাচ্ছে! \r\nআশাবাদী মানুষেরা বলে, এদেশে আসবে নতুন কোনো রাখাল বালক। অর্থ নয়, বিত্ত নয়, নয় ক্ষমতার অপব্যবহার। যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়া এমনকি নিকট প্রতিবেশী ভারত-ও নয়। মননে এবং কর্মে শুধু স্বদেশের কল্যাণ আর মঙ্গল। আগাছা-পরগাছা ষড়যন্ত্রের সকল আবর্জনা জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দেবে! আবার আমাদের সংসদ খোলা বাতাসে বুকভরা শ্বাস নেবে। ভোরের সূর্য আলো এবং পূর্ণিমার আলোয় এক নতুন আলো হয়ে উঠবে জাতীয় সংসদ ভবন!\r\nলেখক : সাংবাদিক
