ব্যাংক ডাকাতি কিংবা বাংক লুটের ঘটনা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে গত অর্ধ শতাব্দীকাল ধরে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ দেশে বহুকাল থেকেই ব্যাংকিং খাতে পরিবারতন্ত্র, স্বজনপ্রীতি ও অবৈধ নিয়ন্ত্রণের মাধ্যমে হরিলুট করা হয়েছে জনগণের আমানত, যা গভীর সংকটে ফেলেছে দেশকে। দেশ স্বাধীনের পর সবচেয়ে মেগা লুটপাট হয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের (২০০৯-২০২৪) সাড়ে ১৫ বছরে।

এ সময়ে কয়েকটি প্রভাবশালী শিল্পগোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যাংকের পরিচালনা পর্ষদ দখলে নিয়ে যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তার ফল আজ সাধারণ আমানতকারী থেকে শুরু করে সমগ্র অর্থনীতিকে ভোগাচ্ছে। কিছু ব্যাংকের চরম দেউলিয়াপনা, গ্রাহকদের টাকা ফেরত দিতে না পারাÑ এরকম পাঁচটি ব্যাংক একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে নতুন যাত্রা শুরু করতে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছে।

এ থেকে সহজেই অনুমেয় বলগাহীন পরিবারতন্ত্র ব্যাংকগুলোকে কীভাবে ধ্বংসে নিমজ্জিত করেছে! আমরা মনে করি, দেশের ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকের পূর্ণ এখতিয়ার প্রতিষ্ঠা করা প্রয়োজন। জনগণের স্বার্থ রক্ষা করা এবং দেশের সামগ্রিক ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করাই এবারের ব্যাংক কোম্পানি আইন সংশোধনের অন্যতম প্রধান উদ্দেশ্য হওয়া সমীচীন। ২০২৩ সালে সরকার ঘনিষ্ঠ লুটেরা ব্যাংক মালিকদের দাবির মুখে, আওয়ামী লীগ সরকার পরিচালকদের একটানা ১২ বছর পদে থাকার সুযোগ করে দেয়। এর নেপথ্যে ছিল এস আলম গ্রুপ ও ব্যাংক মালিকদের সংগঠন বিএবির তখনকার নেতৃবৃন্দ। বিএবির সাবেক সভাপতি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এখন কারাগারে। সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিদেশে পলাতক। সাবেক দুই গভর্নর ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার প্রকাশ্যে আসছেন না। ফজলে কবিরের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অনুসন্ধান চলছে। বিগত সময়ে বাংলাদেশে রাজনৈতিক সরকারগুলো যে সংস্কার করতে পারেনি, তাদের কায়েমি স্বার্থের কারণে, তা করে দেখাতে হবে অন্তর্বর্তী সরকারকে। আইনটির খসড়া নিয়ে এখন কাজ করছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) খসড়াটির বিভিন্ন ধারা নিয়ে ভিন্ন মত দিয়েছে। এই বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রয়োজনীয়। পরিবারের সংজ্ঞা বিস্তৃত করা, একই পরিবার থেকে দুজনের বেশি পরিচালক না থাকার বিধান, পরিচালকদের একটানা মেয়াদ ছয় বছরে নামিয়ে আনাÑএসব পদক্ষেপ পরিবারতন্ত্রের শেকড় মূলোৎপাটন করবে বলেই বিশ্বাস। সরকারের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।