মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি শহীদ হন। আন্তর্জাতিক সকল নিয়ম–কানুনে বৃদ্ধাঙ্গুলি দিয়ে অন্যদেশে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এটাই প্রথম নয়। গত মাসেই অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে দেশটির রাজধানী কারাকাস থেকে তুলে নিয়ে আসে যুক্তরাষ্ট্র। তবে ইরানের ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যেই যুদ্ধ লাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবারের এই হামলার প্রেক্ষিতে রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে সঙ্গত কারণেই বাংলাদেশি অবস্থানরত নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
বিস্ময়করভাবে, একই প্রেস বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের কথা বলে ‘নিন্দা’ জানানো হয়েছে। প্রশ্ন হলো, এই নিন্দা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেত্রে কেন জানানো হলো না? অথচ এই দুটি দেশই প্রথম ইরানের সার্বভৌমত্ব লংঘন করে হামলা চালিয়েছে এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষস্থানীয় আরও অনেক ব্যক্তিত্বকে শহীদ করেছে।
রোববারের এ প্রেস বিজ্ঞপ্তির প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে অনেকেই নেতিবাচকভাবে তুলে ধরেন। তার প্রভাবেই কিনা, পরদিন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক প্রেস বিজ্ঞপ্তিতে আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে মর্মাহত হওয়ার কথা বলা হয়েছে। এখানে অবশ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ না করলেও একে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লংঘন বলা হয়েছে। একইসঙ্গে ইরানি জনগণের প্রতি শান্তনার বার্তা দেওয়া হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
এদিকে রোববার বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিবৃতিতে ইরানে হামলার নিন্দা জানালেও যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ করেননি। তিনি অবশ্য ইসরায়েলের নাম উল্লেখ করেছেন, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব হিসেবে মার্কিন ঘাঁটি থাকা প্রতিবেশীদেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও নিন্দা করেছেন। জামায়াত আমীর অবশ্য আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতে শোক প্রকাশ করেছেন এবং খামেনি হত্যার প্রতিবাদে দলটির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশও করা হয়েছে।
বাংলাদেশ সরকার ও বিরোধী দলীয় নেতা উভয়ের অবস্থান অনেককেই বিস্মিত করেছে। নিন্দা জানানোর ক্ষেত্রে ঘটনার ‘ফ্যাক্ট’ ধরে সংশ্লিষ্টদের নাম উল্লেখ করা যেতেই পারে। আবার যখন একপক্ষের জন্য নিন্দা জানানো হয় এবং অপরপক্ষের বিষয়ে চুপ থাকা হয়, তখন সঙ্গত কারণেই প্রশ্ন তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের ক্ষমতাধর দেশ। দেশটির সঙ্গে সম্পর্ক বজায় রাখা নানা কারণেই জরুরি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র যা করছে, তা অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক রীতিনীতির লংঘন। সে ফ্যাক্ট তুলে ধরে অন্তত নিন্দার ক্ষেত্রে দেশটির নাম উল্লেখ করাই যায়। যুক্তরাষ্ট্রের মন্দ কাজে এভাবে ব্ল্যাংক চেক দেওয়ার সুযোগ আছে কী?
মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com
