মব বলার পেছনে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার মানসিকতা কাজ করে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তাই মব শব্দটি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দেন তিনি। এমন বক্তব্য দেওয়ার পর ওই অনুষ্ঠানেই কয়েকজন বক্তার সমালোচনার মুখে পড়েন তিনি। তার বক্তব্যকে থ্রেট (হুমকি) বলে উল্লেখ করেন তারা। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক নীতিসংলাপ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তি, আইনজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তাদের আলোচনায় বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নিয়ে সংকটের পাশাপাশি উঠে আসে মবের বিষয়টি।
একাধিক বক্তা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মব সরকারকে খেয়ে ফেলছে। \r\nসংলাপে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, তাত্ত্বিকভাবে বিচার বিভাগের স্বাধীনতার জন্য যা যা আইন করা দরকার, সবই আমরা করেছি। এর ধারাবাহিকতায় পুরোপুরি আইনের শাসন প্রতিষ্ঠায় আরও পাঁচ থেকে ১০ বছর লাগবে। নির্বাচিত সরকার এ ধারা অব্যাহত রাখলে জনগণ সংস্কারের সুফল পাবে। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা বড় চ্যালেঞ্জ। আইনের শাসনের পথে আমরা অনেকটা এগিয়ে গেছি। নির্বাচিত সরকার যদি পরে আন্তরিকতা না দেখায়, তবে আমরা এর সফলতা অর্জন করতে পারব না। তবে জবাবদিহি ছাড়া অসীম স্বাধীনতা সুফল বয়ে আনে না।
এজন্য উচ্চ আদালতেও কিছু সংস্কার দরকার।\r\n মব নামক একটি ভয়াবহ অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছে, যেখানে উত্তেজিত জনতা নিজেরাই বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়ে নির্দিষ্ট ব্যক্তিকে হত্যা, মারধর বা লাঞ্ছিত করছে। এটি কোনো বিচার নয়, বরং আইনের শাসনকে পদদলিত করার একটি বর্বর প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত এই বর্বরতার ঘটনা ঘটছে, যা আমাদের সমাজের জন্য এক গভীর সংকটের ইঙ্গিতবাহী। আমরা জানি মব সংস্কৃতির পরিণতি অত্যন্ত ভয়াবহ। এতে অনেক নির্দোষ মানুষের মৃত্যু হয়। উদাহরণস্বরূপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোবাইল চোর সন্দেহে তফাজ্জলকে পিটিয়ে হত্যা করার কথা বলা যায়। তাছাড়া যখন জনতা নিজের হাতে বিচার করে, তখন রাষ্ট্রের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে যায়। এটি একটি দেশকে অরাজক সমাজের দিকে ধাবিত করে। অপরদিকে আন্তর্জাতিকভাবেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, যা বিনিয়োগ ও পর্যটন শিল্পের জন্য ক্ষতিকর।\r\nবিশেষজ্ঞদের অভিমত, ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের নিশ্চিতভাবেই আশাবাদী করেছে। এ রকম একটি ঐতিহাসিক ঘটনার পর মবের মুল্লুক চলতে থাকলে তা গণ-অভ্যুত্থানের স্পিরিট বা চেতনাকে দিন দিন দুর্বল করবে, যা কোনোভাবেই কাম্য নয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তি এবং গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিকে তাই দ্রুত মবের মুল্লুক থামাতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে নিতে হবে কার্যকর ব্যবস্থা। যে করেই হোক মব সন্ত্রাস বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা চাই। আসন্ন নির্বাচন মুক্ত সুষ্ঠু অবাধ করার জন্য এটি জরুরি হয়ে উঠেছে।
