রাজধানীতে আবারও প্রকট হয়ে উঠেছে গ্যাস সংকট। প্রতি বছর শীত এলেই ঢাকার বিভিন্ন এলাকায় বাসাবাড়ির রান্নাঘরে ঠিকভাবে চুলা জ্বলে না, ব্যাহত হয় শিল্প-কারখানায় উৎপাদন। এ বছর এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে। এই সংকটের পেছনে শুধু সরবরাহ ঘাটতি নয়, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবৈধ সংযোগের মতো গুরুতর সমস্যা দায়ী। রাজধানীর বৈধ গ্রাহকরা নিয়মিত বিল দিয়েও পর্যাপ্ত গ্যাস পান না। যেসব পরিবার একসময় পাইপলাইনের গ্যাসে নির্ভরশীল ছিল, তারা এখন বাধ্য হয়ে এলপিজির দিকে ঝুঁকছে। বর্তমানে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা। চলতি মাসে বাড়ানো হয়েছে ৫৩ টাকা। গ্যাস সংকটে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বিক্রেতারা সিন্ডিকেট করে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে বেশি টাকা হাতিয়ে নিচ্ছে গ্রাহকদের কাছ থেকে।

নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এটি দ্বিগুণ চাপ তৈরি করেছে। একদিকে পাইপলাইনের গ্যাস নেই, অন্যদিকে বিকল্প জ্বালানি এলপিজি কিনতে গিয়ে অতিরিক্ত ব্যয়। জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের দুর্বল পরিকল্পনার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। \r\nবিশেষজ্ঞরা বলেছেন, শুধু অভিযান নয়, গ্যাস বিতরণ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিয়মিত মনিটরিং এবং অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে এ সংকট হবে দীর্ঘস্থায়ী। তিতাসের তথ্যানুযায়ী, তিতাসের সব গ্রাহক মিলিয়ে দৈনিক গ্যাসের চাহিদা ১৯০০-২০০০ মিলিয়ন ঘনফুট। সেখানে তিতাস সরবরাহ করছে ১৫০০ মিলিয়ন ঘনফুটের মতো। দিনে ৪০০-৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে।

ঢাকায় চাহিদা ৬০ মিলিয়ন ঘনফুটের মতো, সেখানে পর্যাপ্ত সরবরাহ করেও সিস্টেম লসের কারণে বৈধ গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং লাইন কাটা হচ্ছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অন্যদিকে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কমিশন বৃদ্ধি ও জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ৮ জানুয়ারি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। সংগঠনটি বলছে, ২৭টি কোম্পানির সাড়ে ৫ কোটি সিলিন্ডার বাজারজাত করা হয়েছে। এর মধ্যে মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডারে গ্যাস রিফিল (পুনরায় গ্যাস ভরা) হচ্ছে। তার মানে বাকি ৪ কোটি ২৫ লাখ সিলিন্ডার খালি পড়ে আছে। বর্তমানে চরম সংকটময় মুহূর্ত চলছে বলে দাবি করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি।\r\nকাগজে-কলমে নয়, বাস্তবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের মাধ্যমে কমাতে হবে লিকেজ। স্মার্ট মিটারিং ব্যবস্থা চালু করলে গ্যাস অপচয় ও চুরি অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎসে বিনিয়োগ বাড়ানোও জরুরি। একই সঙ্গে এলপিজির বাজারে নজরদারি জোরদার করে অযৌক্তিক দাম বাড়ানো রোধ করা করতে হবে। ঢাকার গ্যাস সংকট অনেকাংশে অবহেলা ও দুর্বল ব্যবস্থাপনার ফল। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও গভীর হবে। এর বোঝা বহন করতে হবে নগরবাসী ও জাতীয় অর্থনীতিকে।