মন্ত্রিসভার প্রথম বৈঠকেই নতুন সরকারপ্রধান রমজানে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং যানজট কমানোর ওপর মনোযোগ দিয়েছেন। রোজা শুরু হয়ে গেছে। এরই মধ্যে বিভিন্ন পণ্যের বাজারদর আরেক দফা বেড়েছে। বিশেষ করে শবেবরাত থেকে রোজার প্রস্তুতি হিসেবে ভোগ্যপণ্যের কেনাকাটা শুরু হলে প্রতিবারই দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। তা এবারও দেখা গেছে। এর ফলে রমজানজুড়ে বিশেষত নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের ওপর আর্থিক চাপ আরও বাড়বে।

দেশে সাড়ে তিন বছরের বেশি সময়জুড়ে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। অন্তর্বর্তী সরকার এর রাশ কিছুটা টানতে সক্ষম হলেও তা সহনীয় পর্যায়ে আনতে পারেনি। বরং তাদের মেয়াদের শেষকালে মূল্যস্ফীতি আবারও বাড়তে শুরু করেছে। বিশেষ করে টানা চার মাস ধরে খাদ্যমূল্যস্ফীতি বেড়েছে। গত মাসে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে। এর আগে ডিসেম্বরে এ হার ৭ দশমিক ৭১ শতাংশ ছিল বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে উঠে এসেছে। আশঙ্কা রয়েছে, রমজান ঘিরে খাদ্যপণ্যের দাম আরও বেড়ে যাবে।

রমজান মাসে স্বাভাবিকভাবে কিছু ভোগ্যপণ্য–ছোলা, ডাল, ভোজ্যতেল, চিনি ইত্যাদির চাহিদা বেড়ে যায়। এ ছাড়া বিভিন্ন আমিষ পণ্যের বাড়তি চাহিদাও তৈরি হয়। এসব পণ্যের দামও তিন মাস ধরে বেড়েছে বলে বাংলাদেশ ব্যাংকের ‘ইনফ্ল্যাশন ডায়নামিকস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে। এ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খাদ্য মূল্যস্ফীতির ৬২ দশমিক ৮ শতাংশই এসেছে আমিষজাতীয় পণ্য থেকে। মূল্যস্ফীতির বাস্কেটে থাকা আমিষজাতীয় খাদ্যপণ্যের মধ্যে ছিল প্রাণিজ মাংস (গরু, খাসি, হাঁস ও মুরগি), মাছ ও শুঁটকি, বিভিন্ন ধরনের ডাল, দুধ ও পনির। এ ক্ষেত্রে আমাদের পাঙাশ, তেলাপিয়া, পোলট্রি মুরগি আর ডিম উৎপাদনকারীদের ধন্যবাদ জানাতেই হয়। এ ক্ষেত্রে দাম মোটামুটি অনেকটাই সহনশীল পর্যায়ে রয়েছে।

প্রতিবছরই রমজানে তৈরি হওয়া বাড়তি চাহিদার সুযোগ কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেন। ধারণা করা যায়, দেশব্যাপী নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম চলায় অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদের শেষ দিকে বাজার ব্যবস্থাপনায় খুব বেশি মনোযোগ দিতে পারেনি, যার প্রভাব রমজানের ভোগ্যপণ্যের দামে পড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ২০২৫ সালের তুলনায় এ বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ও সরবরাহ পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল ছিল। ডলারের দাম স্থিতিশীল থাকায় আমদানিকারকরা সহজে ঋণপত্র খুলতে পেরেছেন। আগে শতভাগ মার্জিনে এলসি খুলতে হলেও এবার ১০-২০ শতাংশ মার্জিনে আমদানির সুযোগ পাওয়ায় আমদানি বেড়েছে। এ ছাড়া সদ্য বিদায়ী বাণিজ্য উপদেষ্টাও এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন যে দেশে রমজানের পণ্যের কোনো সরবরাহ সংকট নেই। বরং আমদানি গত বছরের চেয়ে ৪০ শতাংশ বেশি হয়েছে। যে কারণে রমজানে পণ্যের দাম গত বছরের চেয়ে কম থাকবে। এরপরও নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। এটি মূলত এক ধরনের দুর্বল বাজার ব্যবস্থাপনারই প্রতিফলন, যা নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরে চলছে। এর পরিপ্রেক্ষিতে বাজার সিন্ডিকেট ভাঙা আর জোগান বহুমুখীকরণ নিয়ে বিভিন্ন সরকারের প্রতিশ্রুতি কাগজেই থেকে গেল। নতুন সরকারের আপাতত প্রধানতম চ্যালেঞ্জ হতে যাচ্ছে রমজানজুড়ে জনগণকে স্বস্তিদান। অতীত সরকারের ব্যর্থতার কথা বলে কোনো লাভ নেই। এর রাশ টানতে বর্তমান সরকার তাই জরুরি ভিত্তিতে কিছু কার্যক্রম পরিচালনা করতে পারে।

এ ক্ষেত্রে একটি কার্যকর পদক্ষেপ হতে পারে সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করা। এ জন্য বাণিজ্যসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি সংস্থাকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ ছাড়া বাজার ব্যবস্থাপনায় যেসব ঘাটতি রয়েছে সেগুলো দূর করতে হবে। রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের বিরুদ্ধে সরকারকে তৎপর থাকতে হবে। পাশাপাশি ঈদের বাজারে ভোগ্যপণ্যের দামও যেন সহনীয় পর্যায়ে থাকে সে জন্যও সরকারের সচেষ্ট থাকা প্রয়োজন। রমজান ও ঈদে জনগণ যাতে সহনীয় ও স্বস্তিদায়ক দামে ভোগ্যপণ্য কিনতে পারেন, সেটাই প্রত্যাশা।

এসব তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতেও সরকারকে তৎপর হতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল হিসেবে সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া হয়েছিল গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের আমলেই, যা অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ব্যাংক অব্যাহত রেখেছে। চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধেও সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া হয়েছে। বাস্তবে এ মুদ্রানীতির আশানুরূপ প্রভাব পড়েনি মূল্যস্ফীতিতে। বরং বাড়তি নীতি সুদহারের প্রভাবে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ১০ শতাংশ, যা ২০ বছরে সর্বনিম্ন। অন্যদিকে বিনিয়োগেও একপ্রকার স্থরিবতা দেখা গেছে। সব মিলিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা কমেছে। অর্থাৎ ব্যবসা-বাণিজ্যসহ কর্মসংস্থান সৃষ্টিতে এক ধরনের শ্লথগতি চলছে। এর প্রভাবে উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটছে, যা পক্ষান্তরে নানা সময়ে বাজারদর আরও উস্কে ‍দিয়েছে।

লক্ষণীয়, গত বছর সবজির বাজার বেশ চড়া ছিল। বিশেষ করে শীত মৌসুম শুরুর পরও নভেম্বর ও ডিসেম্বরে সবজির দাম তেমন কমেনি। ডিসেম্বরের শেষ দিকে কৃষক পর্যায়ে সবজির দামে বড় পতন হলেও তার সুফল ক্রেতা পর্যায়ে পৌঁছেনি। আবার গত বছর চাল, ডাল, চিনি, আটা, মাছ-মাংস, এলপিজিসহ বেশির ভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এ কারণে বছরজুড়ে মূল্যস্ফীতি প্রত্যাশিত মাত্রায় নামিয়ে আনা সম্ভব হয়নি। যদিও একই সময় বিশ্ববাজারে এসব পণ্যের দাম নিম্নমুখী ছিল।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দীর্ঘমেয়াদি কৌশল নেওয়ার ক্ষেত্রে সরকারের এসব বিষয় বিবেচনায় রাখা সমীচীন হবে। এ ক্ষেত্রে প্রথাগত কৌশলের চেয়ে কার্যকর পরিকল্পনা ও তার বাস্তবায়নকে প্রাধান্য দেওয়া হবে, সেটাই প্রত্যাশা। সম্ভবত সময় হয়েছে টাকার বিপরীতে ডলারের দাম নিয়ে ভাবারও। ডলারের দাম কিছুটা কমলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে। সেই সঙ্গে জ্বালানি কেনায় দুর্নীতি এড়িয়ে ত্বরিত সিদ্ধান্ত গ্রহণ, সরবরাহ বহুমুখীকরণ এমনকি নতুন ধরনের অর্থায়ন নিয়েও ভাবনার সময় এখনই।

মামুন রশীদ: ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক