আতঙ্ক যেন এ দেশের মানুষের জীবনের সঙ্গে নিয়তির মতো জড়িয়ে। জনবিস্ফোরণে স্বৈরাচারী সরকারের বিদায় হলে দীর্ঘ দেড় দশকের আতঙ্কগ্রস্ত মানুষ ভেবেছিল, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সব শঙ্কার অবসান হতে যাচ্ছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে উল্টোটাই বেশি ঘটেছে। মব সন্ত্রাস মানুষের জীবন দুর্বিষহ করে তোলে; আইনের শাসন প্রায় কল্পকথায় পরিণত হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন শেষে নির্বাচিত সরকারের আমলে আতঙ্ক ও গুজব থেকে রক্ষা পাবে– এ প্রত্যাশা দেশের মানুষের। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শুরুতে সে প্রতিশ্রুতিও দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সরাসরি বলেছেন, মব সন্ত্রাসের দিন শেষ। কিন্তু আতঙ্ক ও গুজব ছড়িয়ে মুফতে ফায়দা লোটার দিন কি আসলেই শেষ হয়েছে?

বাংলাদেশে নতুন সরকারের এক মাস না যেতেই ইরানে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতা বাংলাদেশকেও স্পর্শ করছে। তবে যতটা গুজব ছড়িয়েছে, বাস্তবে ততটা সংকট এখনও নেই। সংকট মোকাবিলায় সরকার রেশনিং চালু করলেও আরও স্পষ্ট ঘোষণা জরুরি ছিল। এদিকে শনিবার রাতে ঝিনাইদহে ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে বিতণ্ডায় স্টেশনের কর্মীদের মারধরে এক তরুণ নিহত হন। এ ছাড়াও রাজধানীর নানা স্থানে তেলগ্রহীতা ও বিতরণকারীদের মধ্যে বচসা; মোহাম্মদপুরে পিস্তল দেখিয়ে আরও তেল দেবার হুমকি! ‘চায়ের কাপে ঝড়’ বুঝি একেই বলে! তেলের মজুত রয়েছে, আরও তেল আসছে; তারপরও খুনোখুনি থেকে পিস্তলবাজি হচ্ছে তেল সংগ্রহে!

ইরান যুদ্ধের প্রভাব দেশের কোনো ক্ষেত্রে এখনও পড়েনি। তারপরও জ্বালানি তেলে হাহাকার তো বটেই, সয়াবিন তেলেরও দাম বেড়ে গেছে। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলেছে, ইরান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করার আগেই দেশে মূল্যস্ফীতি বেড়েছে। ফেব্রুয়ারি মাসে এ হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে। গত ১০ মাসের মধ্যে এটি সর্বোচ্চ। উদ্ভূত পরিস্থিতিতে সরকার কৃচ্ছ্রসাধনের কথা বলছে। এ কারণে স্বাধীনতা দিবসে দেশের কোথাও আলোকসজ্জা হবে না বলে জানিয়েছে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি বাড়িয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। অথচ ঈদ উপলক্ষে দেশজুড়ে বিপণিবিতান ঝলমলে আলোকসজ্জায় শোভিত; সরকারের কারও নজর সেদিকে পড়ছে না!

২. ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো নিয়ে হাঙ্গামা ও মারধরের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী শাহবাগ থানার সামনে ভাষণ বাজানোর কর্মসূচি পালন করেন। কর্মসূচির প্রতিবাদে সেখানে পাল্টা অবস্থান নেন ডাকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতারাও। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে এদিন ফুল নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এ দেশে ৭ মার্চের নামে, মুক্তিযুদ্ধের নামে বা শেখ মুজিবের নামে যদি ফ্যাসিস্টদের পুনর্বাসন করা হয়, তাহলে এনসিপি তথা ১১ দল কোনোভাবেই মেনে নেবে না।’ তিনি আরও বলেন, ‘এ দেশে ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই; ফ্যাসিবাদের বিচার, ফ্যাসিস্টদের দোসরদের বিচার এই বাংলার মাটিতে হবেই হবে’ (সমকাল, ৮ মার্চ ২০২৬)।

৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, বাংলাদেশের স্বাধীনতার অন্যতম সোপান এই ভুবনজয়ী ভাষণ বিশ্ব ইতিহাসের অংশ হয়ে আছে। এই ভাষণকে অপাঙ্‌ক্তেয় ঘোষণা করা অবশ্যই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত ছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিসহ এ দেশের সব দলের সরকারই ৭ মার্চের ভাষণ প্রচারে কখনোই বাধা প্রদান দূরে থাক, এর মহিমা সম্পর্কে সশ্রদ্ধ ছিল। এটিই ইতিহাসসম্মত ও যৌক্তিক আচরণ। কাজেই বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের নামে, মুক্তিযুদ্ধের নামে বা শেখ মুজিবের নামে ফ্যাসিস্টদের পুনর্বাসনের প্রয়াস এক কাতারে পঙ্‌ক্তিভুক্ত করা উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক চেষ্টা।

ইতিহাসের পুনর্লিখন বলে কিছু নেই। এ ধরনের উদ্যোগ হয়ে ওঠে ইতিহাসের উল্টোযাত্রা। অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসকে খণ্ডিতকরণ বা ভূলুণ্ঠনের যে চেষ্টা করেছে, তারই অংশ বঙ্গবন্ধু ও মুত্তিযুদ্ধকে হেয় করে উপস্থাপনা। বঙ্গবন্ধু, ৭ মার্চের ভাষণ কিংবা মুক্তিযুদ্ধ– কোনোটাই আওয়ামী লীগের দলীয় বা একক সম্পত্তি নয়। যে কারণে বুলডোজার দিয়ে ৩২ নম্বরের ঐতিহাসিক ভবন ভাঙার ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত উগ্রবাদ; একইভাবে উদ্দেশ্যপ্রণোদিত হিংস্রতা ছায়ানট ও উদীচীতে হামলা, গণমাধ্যমে আগুন দেওয়া, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও মাজার ভাঙার লাগাতার ঘটনা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপি সরাসরি মুক্তিযুদ্ধের অবমাননার বিরুদ্ধে আপন দলীয় অবস্থান স্পষ্ট করে; ইতিহাস ও ঐতিহ্যের সপক্ষে তাদের অবস্থান সুনিশ্চিত করে। জাতিও ভোটের দিন দুহাত ভরে তাদের সেই প্রত্যয়ী অবস্থানের প্রত্যুত্তর জানিয়ে বিপুলভাবে বিএনপিকে বিজয়ী করেছে। এখন সময় মুক্তিযুদ্ধের প্রশ্নে সকল ঢাকঢাক গুড়গুড় পরিস্থিতির অবসান ঘটানোর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের অবিসংবাদী প্রধান নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার মহান ঘোষক– এই পরম্পরায় দাঁড়িয়ে জাতি যেন আর ইতিহাসের উল্টোস্রোতে ঘুরপাক না খায়, সেই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। ঐতিহাসিক দিবসে জাতির শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ অসম্মানিত হবেন, অপমানিত হবেন; সরকার বদলের সঙ্গে সঙ্গে ব্যক্তি বদল হলেও প্রক্রিয়া থাকবে অনুরূপ– সেই অন্ধকার ধারা থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে।

৩. প্রতিহিংসার রাজনীতি দীর্ঘকাল এ দেশে বিভাজনের কেন্দ্র হয়ে আছে। অপরাধ ও অপরাধী নিশ্চয়ই আইনের আওতায় আসবে। কিন্তু এর সঙ্গে ইতিহাস, ঐতিহ্য ও জাতির পরম্পরাকে মিশিয়ে হীন রাজনৈতিক স্বার্থ অন্বেষণ অনুচিত। চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বের অপরাধ বিচারাধীন। তা এগিয়ে নিয়ে কাঙ্ক্ষিত বিচারকার্য সম্পন্ন করা অবশ্যই সরকারের দায়িত্ব। কিন্তু এর সঙ্গে আওয়ামী দোসর ট্যাগ লাগিয়ে যত্রতত্র মব সন্ত্রাসেরও অবসান জরুরি। আওয়ামী লীগের কার্যক্রম নির্বাহী আদেশে স্থগিত করে অন্তর্বর্তী সরকার। এরও আইনি বিহিত বর্তমান সরকার ও সংসদকেই করতে হবে। আওয়ামী লীগ তার শেষ দেড় দশকের শাসনামলে অসহিষ্ণু কর্তৃত্ববাদী শাসন এ দেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। সে কারণেই দেশের মানুষ তার প্রতিবাদ ও প্রতিরোধে চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নিয়ে সেই স্বৈরশাসনকে বিদায় দিয়েছে। আওয়ামী লীগ আমলে সেই সরকারের বিরোধিতা করলে বিএনপি ও জামায়াত ট্যাগ দেওয়া হতো। বর্তমানে কোনো কোনো পক্ষ তাদের বিপরীতে কথা বললেই তাকে আওয়ামী দোসর ট্যাগ লাগিয়ে দিচ্ছে। সেই একই অসহিষ্ণু রাজনৈতিক আচরণের অনুবর্তন। নিশ্চয়ই মানুষের রক্তস্রোত ও প্রবল প্রতিরোধ এই অসহিষ্ণু সংস্কৃতির অবসান ঘটাবে। ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে আমরা সেই সুসংবাদের বার্তাধ্বনি পেতে চাই।

ছোট্ট পাললিক ব-দ্বীপ এই বাংলাদেশ। রাজনৈতিক হানাহানি সহিংসতায় এর যাবতীয় সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়েছে বারংবার। এবার অভাবনীয় সুযোগ এসেছে; যাবতীয় বিভাজন, হিংসার অবসান ঘটিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্রের দিকে যাত্রা করতে চাই আমরা। ধর্ম-লিঙ্গ-জাতি-মত নির্বিশেষে এ দেশের প্রত্যেক মানুষ আপন মর্যাদা ও সম্মান নিয়ে রাষ্ট্রে মাথা উঁচু করে বাঁচুক। রাজনীতি মানুষের অকপট বেঁচে থাকার উপায় হোক; সমাজ বিভাজিত না হোক হিংসায় বা হিংস্রতায়। জাতীয় সংসদ হয়ে উঠুক যাবতীয় বিতর্ক ও অনিষ্পন্ন বিষয়াদি মীমাংসার যুক্তিপূর্ণ যথার্থ ঠিকানা।

মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক mahbubaziz01@gmail.com