বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত মহাসংকটের মুখে পড়েছে বাংলাদেশ। তাপমাত্রা বৃদ্ধি উপকূলে লবণাক্ততা, সুপেয় পানির সংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অতিবৃষ্টি, বন্যা-খড়ার ফলে স্বাস্থ্যঝুঁকিÑ বহুমাত্রিক সংকট দেশের ১৮ কোটি মানুষের ভবিষ্যৎকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত। বিশ্বের ধনী ও শিল্পোন্নত দেশগুলোর লাগামহীন গ্রিনহাউস গ্যাস নিঃসরণের খেসারত দিতে হচ্ছে সবচেয়ে কম দোষী তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোকে। আমরা এক ভয়াবহ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বিশেষ করে উপকূলীয় ২২টি জেলার নারীদের জীবন হয়ে উঠেছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ।

উপকূলে প্রতিদিন গড়ে একজন মানুষ পানির মাধ্যমে ১৬ গ্রাম লবণ গ্রহণ করছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার তিন গুণের বেশি। এর ফলে হরমোনজনিত সমস্যা, উচ্চ রক্তচাপ, জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি, মানসিক ট্রমা ও সন্তান জন্মদানে গভীর জটিলতাসহ ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে দিন কাটাচ্ছেন উপকূলের নারী সমাজ। সুপেয় পানির স্বল্পতায় নারীরা নিজে না খেয়ে সন্তান-স্বামীকে দেনÑ এই বাস্তবতা উপকূলীয় দারিদ্র্য ও লিঙ্গবৈষম্যের নির্মম চিত্র তুলে ধরে। আরও বিপজ্জনক ঘটনা হলো, লোনা পানি থেকে বাঁচতে অনেক নারী ও কিশোরী দীর্ঘমেয়াদে জন্মনিয়ন্ত্রণ পিল অথবা ইনজেকশন ব্যবহার করে মাসিক বন্ধ রাখছেন। যা ভবিষ্যৎ মাতৃত্বকে আরও দুর্বল ও ঝুঁকিপূর্ণ করে তুলবে। জলবায়ু পরিবর্তন শুধু স্বাস্থ্য নয়, শিক্ষা ব্যবস্থাকেও বিপর্যস্ত করছে।

ইউনিসেফের সাম্প্রতিক জরিপ থেকে জানা যায়, ২০২৪ সালে বিভিন্ন দুর্যোগে ৩ কোটি ৩০ লাখ শিশুর শিক্ষাক্রম ব্যাহত হয়েছে। দীর্ঘমেয়াদ স্কুল বন্ধের ফলে কন্যাশিশুদের ঝরে পড়া এবং অনাকাক্সিক্ষত বাল্যবিয়ের শিকার হতে হয়। দেশি-বিদেশি বিভিন্ন এনজিওর গবেষণামূলক প্রতিবেদন থেকে জানা যায়, জলবায়ু সংকট একদিকে জীবিকা ও স্বাস্থ্যকে বিপদে ফেলছে, অন্যদিকে আগামী প্রজন্মের মানবসম্পদ তৈরির পথও বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং নরওয়েজিয়ান মিটিওরোলজিক্যাল ইনস্টিটিউটের যৌথ গবেষণা প্রতিবেদন ভয়ংকর বার্তা দিচ্ছেÑ এই শতাব্দীর শেষে দেশের তাপমাত্রা ৪.৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে বাড়বে তীব্র তাপপ্রবাহ, অতিবৃষ্টি, বন্যা ও ভূমিধস। যদি তাপমাত্রা মাত্র ১ শতাংশ বাড়ে তবে, শিশুর খর্বকায় হওয়ার ঝুঁকি ৫৬ শতাংশ বাড়তে পারে. যা ভবিষ্যৎ প্রজন্মের সক্ষমতাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করবে। লবণাক্ততা বৃদ্ধি কৃষি ও মাছ উৎপাদন ধ্বংস করে খাদ্য নিরাপত্তাকে বড় বিপদে ফেলার সম্ভাবনাও রয়েছে। ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং সম্মুখ উপকূলের ৯ লাখ মানুষের স্থায়ী স্থানান্তর ঘটতে পারে। বাঁধ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, জলবায়ু সহনশীল কৃষি, নগর পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ বহুদিন ধরেই অভিযোজন কার্যক্রমে অগ্রগতি দেখিয়েছে, যা আশাব্যঞ্জক। বিগত সময়ে আমরা দেখে আসছি, নিজেদের দায় এড়িয়ে যাওয়া ধনী দেশগুলোর বৈশ্বিক চরিত্র। তাই বাংলাদেশের জন্য প্রয়োজন ধনী দেশগুলোর কাছ থেকে ন্যায্য ক্ষতিপূরণ আদায়ে বৈশ্বিক জনমত গঠনে সৃদৃঢ় পদক্ষেপ নেওয়া।