বাংলাদেশ স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না অপরিণত নবজাতকের জন্ম। কম ওজনের এবং সময়ের আগে জন্মানো শিশুর হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দেশে অনেক বেশি। যেসব নবজাতক ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম নেয়, এর বড় অংশ জীবন-মৃত্যুর লড়াইয়ে হার মানে, যা আমাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার ওপর গভীর প্রভাব ফেলছে। অপরিণত জন্মের কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মাতৃ অপুষ্টি, গর্ভাবস্থায় সংক্রমণ, কিশোরী মাতৃত্ব, দারিদ্র্য ও মানসিক চাপ। এসব ঝুঁকি অনেকটাই প্রতিরোধযোগ্য। যদি মাতৃস্বাস্থ্যে যথাযথ বিনিয়োগ দেয়া যায়। \r\nসম্প্রতি বিবিএস ও ইউনিসেফের জরিপে দেখা যায়, দেশে প্রতি দুই নারীর মধ্যে একজন বাল্যবিবাহের শিকার। এ কারণে হঠাৎ করেই বাড়ছে প্রজনন হার।
এগুলো সামাজিক কাঠামোর দুর্বলতার সঙ্গে গভীরভাবে জড়িত। এখনও গ্রামের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পুষ্টিকর খাবার, সঠিক পরামর্শ ও মানসম্মত পরীক্ষার সুবিধা অপর্যাপ্ত। বিশেষজ্ঞ ধাত্রী ও নার্সের সংখ্যাও চাহিদার তুলনায় কম। ফলে অনেক ঝুঁকি সময়মতো শনাক্ত হয় না। শেষ পর্যন্ত তা পরিণত হয় অপরিণত জন্মে, যা মা ও শিশুর জন্য একই সঙ্গে ভীতিকর ও ব্যয়বহুল। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিওনেটালজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুল মান্নান বলেছেন, বছরে অন্তত ছয় লাখ অপরিণত নবজাতক জন্ম নেয়। তাদের মধ্যে যারা মারা যায় তার বড় কারণ খেতে না পারা, শ্বাসকষ্ট ও ইনফেকশন। এই মৃত্যু রোধে জেলা পর্যায়ে মনোযোগ দিতে হবে।
অপরিণত শিশুর জন্য ক্যাঙারু মাদার কেয়ার (কেমসি) (সময়ের আগে জন্ম নেওয়া শিশুকে কাপড়ে পেঁচিয়ে মায়ের বুকের ত্বকের সঙ্গে রাখা) ব্যবস্থার মতো সাশ্রয়ী প্রতিরোধ ব্যবস্থা বাস্তবায়নে কাজ করা জরুরি। যেসব উপজেলা, জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ধরনের কেএমসি সেবা রয়েছে, তা আরও জোরদার করতে হবে বলে জানিয়েছেন ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্যবিভাগের প্রধান মায়া ভেনডেনেন্ট।\r\nস্বাস্থ্যখাত সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সব উদ্যোগের মধ্য কার্যকর সমন্বয় দরকার। নবজাতকের মৃত্যুহার কমানোর পাশাপাশি একটি সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে স্বাস্থ্যকেন্দ্রগুলো শক্তিশালী করতে হবে। এছাড়াও ধাত্রী ও নার্স প্রশিক্ষণ বৃদ্ধি, পুষ্টি সহায়তা কর্মসূচি বিস্তৃত করা এবং জরুরি সেবা উন্নত করার উদ্যোগ নেয়া একান্ত প্রয়োজন। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি করাও সমান গুরুত্বপূর্ণ। কিশোরী মাতৃত্ব হ্রাসে মেয়েদের নূন্যতম উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ালেখা বাধ্যতামূলক করা দরকার। একটি সুস্থ শিশুর জন্য একজন সচেতন মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। এছাড়াও বাল্যবিয়ে, অপরিণত জন্ম এবং মা ও শিশুর সঠিক পুষ্টির নিশ্চয়তা পরিবারের অন্য সদস্যদের সহায়ক মনোভাব ছাড়া কখনই সম্ভব নয়। মাতৃস্বাস্থ্য উন্নয়নে বিনিয়োগ কোনো ব্যয় নয়, এটি একটি সুস্থ, সক্ষম ও উন্নত বাংলাদেশ গড়ার ভিত্তি।
