দেশের সমাজ কৃষকবান্ধব নয়। রাজধানীর বিরাট অংশ নাগরিক কৃষক পরিবারের সন্তান হলেও কৃষি ও কৃষক বিষয়ে এক ধরনের অনীহা, উপেক্ষা ও তাচ্ছিল্যের ভাব লক্ষ্য করা যায় সিংহভাগের ভেতরেই। বিষয়টি অনাকাক্সিক্ষত ও দুঃখজনক। তাই কোনো উচ্চশিক্ষিত ব্যক্তি যখন গ্রামে গিয়ে কৃষকদের আন্তরিক সেবাদানের ব্রত গ্রহণ করেন, তখন বিষয়টি আমাদের আপ্লুত করে। গত শুক্রবার একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত সুখবরটি নিঃসন্দেহে অনেক তরুণের মাঝে প্রেরণা জোগাবে। সংশ্লিষ্ট সংবাদ থেকে জানা যায়, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের খোচনা গ্রামে অবস্থিত একটি কেন্দ্রের নাম গ্রাসরুট সার্ভিস আউটলেট বা তৃণমূল কৃষক সেবাকেন্দ্র । প্রান্তিক কৃষকদের কৃষি বিষয়ে যাবতীয় পরামর্শ ও সমস্যা সমাধানের লক্ষ্যে গত ১৫ জুন চালু করা হয় কেন্দ্রটি।
পরের মাস থেকে প্রতি মাসে গড়ে দেড় শতাধিক কৃষক এখানে সেবা নিচ্ছেন। তৃণমূল কৃষক সেবাকেন্দ্রের স্বত্বাধিকারী একই গ্রামের যুবক আসেফ রহমান রিফাত। নিজেদের জমিতে এটি প্রতিষ্ঠা করেছেন তিনি। রিফাত জানান, এই কেন্দ্রে যে কেউ কৃষি বিষয়ে যে কোনো সমস্যা নিয়ে এলে সমাধানের চেষ্টা করা হয়। বেশিরভাগ সমস্যাই তাৎক্ষণিক সমাধান করা হয় না। মাঠে গিয়ে ফসলের সমস্যা নিশ্চিত হওয়ার জন্য পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর দেওয়া হয় সমাধান। মূলত এখানে সমন্বয় করে কৃষকদের পরামর্শ দেয় উপজেলা কৃষি কার্যালয়।
মূল উদ্দেশ্য, উন্নত বিশ্বের মতো আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলে কৃষকদের লাভবান করা।\r\nউল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি-রেইনস) প্রকল্পের আওতায় গ্রাসরুট সার্ভিস আউটলেট বা তৃণমূল কৃষক সেবাকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। প্রকল্পটি চালু হয় ২০২৩ সালের জুলাইয়ে। এ পর্যন্ত প্রকল্পের আওতায় ১৪টি জেলায় ৬০টি তৃণমূল কৃষক সেবাকেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে দিনাজপুরের সব উপজেলায় (১৩টি) একটি করে রয়েছে এই কেন্দ্র। এখানে আসা কৃষকরা তাদের ফসলের যে কোনো ধরনের পরামর্শ নিতে পারেন অভিজ্ঞ কৃষি কর্মকর্তাদের মাধ্যমে। কেউ চাইলে কৃষি অধিদপ্তর থেকে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ নিয়ে যথাযথ প্রক্রিয়া মেনে এমন কেন্দ্র খুলতে পারেন। তবে সে ক্ষেত্রে কেন্দ্রটি চালু হলে সেখানকার কৃষকরা সহজে পরামর্শ পাবেন কিনা, উদ্যোক্তার আগ্রহ কেমন ইত্যাদি বিষয় বিবেচনায় নেয় অধিদপ্তর। কেন্দ্রে আসা পশ্চিম সাইতারা গ্রামের এক কৃষক বলেন, অনেক অফিসে যাই, কিন্তু সেখানে কেউ বসতে বলে না। এখানে এলে বসতে বলে, ভালো করে পরামর্শ দেয়। কৃষকের প্রতি কোনো অবহেলা নেই। আমাদের প্রত্যাশা, দেশের ৬৮ হাজার না হলেও অন্তত ১০ হাজার গ্রামে এমন আন্তরিক কৃষক সেবাকেন্দ্র প্রতিষ্ঠিত হোক।
