আধুনিক বিশ্বে সর্বত্র ছড়িয়ে রয়েছে প্রযুক্তি। প্রযুক্তির বদৌলতে গোটা বিশ্ব এখন মানুষের হাতের মুঠোয়। অর্থনৈতিক উন্নয়ন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন জাতি, গোষ্ঠী, অঞ্চল ও দেশের ভৌগোলিক সীমানা সঙ্কুচিত হয়ে পৃথিবী আজ গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। যোগাযোগের বিস্ময়কর উন্নয়ন, নতুন অর্থনৈতিক ব্যবস্থা, প্রযুক্তি বিপ্লব, উন্মুক্ত বাজার অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বিশ্বে যে নতুন পরিবর্তিত পরিস্থিতির উদ্ভব হয়েছে, এটিই হলো বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। কিন্তু এই প্রযুক্তিকে এখন বিশ্বব্যাপী কল্যাণের বিপরীতে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা হচ্ছে। বিশ্বব্যাপী উন্নত অত্যাধুনিক প্রযুক্তি আজ যেভাবে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছে, তার ভয়ে বিশ্ববাসী আজ আতঙ্কিত।
বিশ্ববাসী আজ প্রযুক্তিকে অস্ত্র হিসেবে নয়, বরং বিশ্বব্যাপী গ্লোবালাইজেশনের শান্তির প্রতীক হিসেবে দেখতে চায়। প্রযুক্তির ইতিবাচক ব্যবহার হয়ে উঠুক ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আশ্রয়ের প্রতীক, এটাই এখন বিশ্ববাসীর কাম্য। বর্তমান আধুনিক প্রযুক্তিকে ধ্বংসের কাজে ব্যবহার না করে, শান্তির প্রসারে ব্যবহার করা উচিত। অর্থাৎ, প্রযুক্তি হোক শান্তি ও প্রগতির বাহক, যুদ্ধের নয়। \r\nযুদ্ধ নয়, শান্তি একটি মানবিক এবং সামাজিক প্রযুক্তি যা মানবজাতির অগ্রগতি এবং সামাজিক সমন্বয়ে একটি মহৎ ভূমিকা পালন করে থাকে। তাই বর্তমান বিশ্ববাসীর কাছে প্রযুক্তি আশীর্বাদের অস্ত্র হয়ে উঠুক, অভিশাপের নয়, এটাই সবার একমাত্র কাম্য। কারণ, একদিকে প্রযুক্তি যেমন যুদ্ধকে আরও ভয়াবহ করে, তেমনি অপরদিকে শান্তি প্রতিষ্ঠায়ও এর বড় ভূমিকা রয়েছে।
প্রযুক্তিকে শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করতে পারলে এটিকে ব্যাপকভাবে মানবকল্যাণে কাজে লাগনো যাবে। তখন দেখা যাবে এই শান্তির পথিক প্রযুক্তিই বিশ্বব্যাপী সংঘাত নিরসনে সহায়তা করবে এবং বিশ্বকে আরও উন্নত ও সংযুক্ত করবে। প্রযুক্তির সদ্ব্যবহারের মাধ্যমে যুদ্ধের বিরোধিতা করতে হবে এবং সমগ্র বিশ্বকে প্রযুক্তির উন্নত ব্যবহারের মাধ্যমে একই ছায়াতলে নিয়ে আসতে হবে। যুদ্ধ, যা ধ্বংস ও অস্থিরতা নিয়ে আসে, তা থেকে দূরে থাকতে প্রযুক্তির সদ্ব্যবহারের প্রতি বিশ্ববাসীকে সতর্ক এবং মনোযোগী হতে হবে। শান্তির প্রতীক হিসেবে প্রযুক্তিকে ব্যবহার করে বিশ্বব্যাপী মানুষকে সংযুক্ত করে ভুল বোঝাবুঝি কমাতে হবে।
\r\nপ্রযুক্তির মাধ্যমে আরও উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিশ্বব্যাপী শিক্ষার জ্ঞান ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। শান্তির প্রতীক প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনকে ব্যবহার করে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ার পাশাপাশি রোগ নিরাময়ে সহায়তা করে বিশ্বব্যাপী মানবতার কল্যাণ রচনা করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা শান্তির প্রতীক হিসেবে প্রযুক্তিকে জনদুর্ভোগ কমাতে দ্রুত সহায়তা পৌঁছানোর দায়িত্বে ব্যবহার করতে হবে। বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়ে দারিদ্র্য দূরীকরণের, সুযোগ সৃষ্টি করতে হবে। বিশ্ব আজ নানা ধরনের সংঘাত, সহিংসতা এবং অস্থিরতায় জর্জরিত। যুদ্ধের সাহায্যে তথ্যপ্রযুক্তি এবং জ্ঞান-বিজ্ঞানের উন্নতি হয় না, বরং এটি বিপজ্জনক প্রযুক্তির প্রয়োগ ও ব্যবস্থাপনার কারণে ধ্বংস এনে দেয়।
আজকের দুনিয়ায় যুদ্ধ আর আগের মতো সীমান্তে সীমাবদ্ধ নেই। যুদ্ধ এখন ডিজিটাল পরিসরে, মানুষের মনোজগতে, রাষ্ট্র ব্যবস্থার ভেতরে। যুদ্ধে দৃশ্য এবং অদৃশ্য প্রযুক্তির ব্যবহার বিশ্বব্যাপী মানবতার বিধ্বংসীর অন্যতম কারণ। বর্তমানে বিশ্বে প্রায় ১২ হাজার ১০০-এর অধিক পরমাণু বোমা রয়েছে, যার সিংহভাগই পৃথিবীর শক্তিধর দেশগুলোর দখলে রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় ২ কোটি লোক মারা গিয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ৫ থেকে ৮ কোটি ৫০ লক্ষ লোক মারা গিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে মূলত সামরিক হতাহতের সংখ্যা বেশি ছিল, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেসামরিক মানুষের মৃত্যু ছিল অনেক বেশি। এভাবে দেখা যায় পৃথিবী সৃষ্টি থেকে অদ্যাবধি যুদ্ধে মানুষ শুধু মারাই যাচ্ছে।
এতে পৃথিবীর কোনো লাভ হয়েছে তার কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। পরবর্তী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তি মানে যে শুধু যুদ্ধের অনুপস্থিতি তাই নয়, শান্তি মানে ন্যায়বিচারের উপস্থিতি। তাই বিশ্বব্যাপী এ কথাটি এখন জোরালোভাবে উচ্চারণ করতে হবে যুদ্ধ নয়, প্রযুক্তি হোক শান্তি প্রতিষ্ঠার মূল অস্ত্র । যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, সাইবার প্রযুক্তি এবং মহাকাশ গবেষণার মতো উদ্ভাবনী ক্ষেত্রগুলোকে সংঘাত নিরসন, মানবিক সহায়তা, শিক্ষা ও উন্নয়নে ব্যবহার করা হয়। যা অস্ত্র প্রতিযোগিতার পরিবর্তে পারস্পরিক বোঝাপড়া ও টেকসই শান্তির ভিত্তি স্থাপন করবে। যুদ্ধের ইতিহাস আমদের এটা বলে দেয় যে, যুদ্ধ কখনো, কোনো পরিস্থিতির সমাধান নয়। যুদ্ধ এবং শান্তি শব্দ দুটি পরস্পর বিরোধী। তাই যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। প্রযুক্তির নিয়ন্ত্রণে বৈশ্বিক নীতিমালা প্রয়োজন। ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন আন্তর্জাতিক চুক্তি এবং তার বাস্তবায়ন প্রয়োজন। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রযুক্তির নিয়ন্ত্রণ ও সুষম ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে হবে। যাতে তা কেবল ধ্বংসের বদলে মানবজাতির কল্যাণে ব্যবহৃত হয়।
