দুটো ঘটনার উৎপত্তি ও উদ্দেশ্য কোনোটারই মিল নেই। শুধু মিল থাকতে পারে তার পরবর্তী কার্যক্রমে। তাই একটির উদাহরণ জরুরি অপরটিকে সঠিকভাবে বুঝতে। একটি ঘটেছিল আফগানিস্তান এবং পাকিস্তানে। অপরটি ঘটে চলেছে মিয়ানমার এবং বাংলাদেশে। পাকিস্তান আর আফগানিস্তান সেই কবে থেকে আজও বয়ে চলেছে তাদের সৃষ্টি করা তালেবান অভিশাপ। আরও গোড়ায় তাকালে ইতিহাস বলে দেবে- কবে, কখন, কীভাবে সোভিয়েত ইউনিয়নকে জব্দ করতে আমেরিকা সৃষ্টি করেছিল আফগানিস্তানের তালেবান শক্তিকে। আফগানিস্তানে তারপর সব সাম্রাজ্যের পরাজয় ঘটেছে। ব্রিটিশরা পারেনি, সোভিয়েতও হেরে গিয়েছিল এবং সবশেষে আমেরিকাও হার মানতে বাধ্য হয়েছে। এবার বাকি রইল পাকিস্তান। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই হারবে পাকিস্তানও।
কেননা, ইতোমধ্যেই তালেবান হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের ফ্রাঙ্কেনস্টাইন।\r\nএকজনের মৃত্যুর বদলা নিতে ৯০ জনকে খুন করার ইতিহাস পৃথিবীতে পাকিস্তানই হয়তো বহন করে চলেছে। পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী হামলার পর হুংকার দিয়ে দায়িত্ব স্বীকার করে নিয়েছিল তেহরিক-এ-তালেবান পাকিস্তান (টিটিপি)। ৩১ জানুয়ারি ২০২৩ মসজিদে মুসল্লিদের নামাজের সময় হামলা করে টিটিপি ঘোষণা করেছিল, এটি তাদের নেতা উমর খালিদ খুরাসানির মৃত্যুর বদলা। ২০২২ সালের আগস্টে পাকিস্তান সেনার গুলিতে নিহত হয়েছিল খালিদ। ঘটনার পর পাকিস্তান দাবি করে, টিটিপিকে মদদ দিচ্ছে আফগানিস্তান। সঙ্গে সঙ্গে আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ করে জানান, আমাদের দোষবেন না; আগে নিজেদের ঘর সামলান। আজকের এ চিত্রটি এমনটা ছিল না।
আফগানিস্তানে তালেবান ফিরে আসায় উচ্ছ্বসিত ছিল পাক-প্রশাসনের একাংশ। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তো বলেই ফেললেন, পাকিস্তান তাদের দ্বিতীয় বাড়ি। অথচ সেই তালেবানই এখন পাকিস্তানের মস্ত বড় শত্রু। আগুন নিয়ে খেললে সেই আগুনেই যে পুড়ে মরতে হয়, পাকিস্তান কি তাই শিখছে নতুন করে? লস্কর-ই-তৈয়বা, হিজবুল মুজাহিদীন, জয়েশ-ই-মহম্মদের আশ্রয়দাতা ইসলামাবাদও এবার তাদের ভুল বুঝতে পেরে সন্ত্রাসবাদের নির্মুলে প্রতিশ্রুতির কথা বলছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পাকিস্তানে অন্তত ২৭১টি জঙ্গি হামলায় ৩৮৯ জনের প্রাণহানি হয়েছে। টিটিপিকে কেন্দ্র করে উত্তেজনার পারদ এবার প্রকাশ্য রূপ নিয়েছে ইসলামাবাদ-কাবুল সংঘাতে।
প্রায় ১৭ লাখ ৩০ হাজার আফগান শরণার্থীকে পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে পাক-সরকার। তাদের পক্ষে জারি করা নির্দেশিকায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে- অবৈধভাবে পাকিস্তানে বসবাসকারীরা স্বেচ্ছায় চলে না গেলে জোর করে ফেরত পাঠানো হবে। যে আফগান শরণার্থীরা ছিল পাকিস্তানের একসময়ের নয়নের মণি, আজ তাদেরকেই পাকিস্তান ত্যাগের চরমপত্র দিয়েছে দেশটি। \r\nসম্প্রতি বেশ কয়েকটি আত্মঘাতী মানববোমা হামলায় আফগান শরণার্থীদের জড়িত থাকার প্রমাণও মিলেছে পাকিস্তানের হাতে। এমনকি আফগানিস্তান সীমান্ত লাগোয়া চিত্রাল জেলাও দখল করে নিয়েছে টিটিপি ইতোমধ্যে। এরকম অবস্থায় আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ঘনাচ্ছে যুদ্ধের মেঘ। দু দেশের সীমানা ডুরান্ড লাইন -এর বিস্তৃতি ২ হাজার ৭০০ কিলোমিটার।
পাকিস্তান একমুখে আমেরিকার সঙ্গে গত বিশ বছর ধরে আফগানিস্তানের ওয়ার অন টেরর -এ অংশ নিয়েছে, অন্যমুখে সেই পাকিস্তানই আবার তালেবানের সবচেয়ে বড় মদদদাতা হিসেবে কাজ করেছে। বছরের পর বছর অস্ত্র প্রশিক্ষণ দিয়ে তালেবানকে আগলে রেখেছিল পাকিস্তানই। ঠান্ডা যুদ্ধের সেই দিনগুলোতে সোভিয়েতকে আফগানিস্তানের মাটিতে যেকোনো মূল্যে পর্যুদস্ত করাই ছিল একমাত্র মার্কিন লক্ষ্য। সন্ত্রাসবাদ তখন আমেরিকা আর পাকিস্তানের কাছেও ভালো ছিল। আমেরিকা দুধ-কলা দিয়ে যে বিষাক্ত সাপ পাকিস্তানের সাহায্য নিয়ে আফগানিস্তানে বড় করেছিল, সেই তালেবানই একদিন ছোবল মারা শুরু করল। ততদিনে পরিস্থিতি ওয়াশিংটনের হাতের নাগালের বাইরে। ইসলামাবাদ তখনো স্বপ্ন দেখেছিল, ধর্মের দোহাই দিয়ে আফগানিস্তানকে তারাই নিয়ন্ত্রণ করবে।
কিন্তু তাদের সব হিসেব পাল্টে দিয়েছে টিটিপি। \r\nরোহিঙ্গা সমস্যাটির সৃষ্টি তালেবান কিংবা টিটিপির সমস্যার মতো করে হয়নি। বাংলাদেশের ওপর মিয়ানমার চাপিয়ে দিয়েছে রোহিঙ্গা সমস্যাটি। ২০১৭ সালে মিয়ানমারের সেনা অভিযানের মুখে পর্যায়ক্রমে সাত লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এরও আগে এসেছিল চার লাখ রোহিঙ্গা। গত ছয় বছরে নতুন করে জন্ম নেয় আরও দুই লক্ষ রোহিঙ্গা শিশু। রোহিঙ্গা শরণার্থী সমস্যাটি বর্তমানে বাংলাদেশের জন্য অন্যতম প্রধান একটি সামাজিক সমস্যা। তবে এ সমস্যার সৃষ্টি বাংলাদেশের হাতে ছিল না। চাপিয়ে দেওয়া এ সমস্যা বাংলাদেশ মানবিক কারণে গ্রহণ করতে বাধ্য হয়েছিল। এখানেই পার্থক্য পাকিস্তানের টিটিপি কিংবা তালেবান সমস্যা এবং বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার। বাংলাদেশ বরং ভিন্ন আঙ্গিকের কথা ভেবেছিল।
লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিলে তারা লাভ করবে বিশ্বের মানবিক সমর্থন। দেশে দেশে বৃদ্ধি পাবে তাদের মানবিক কাজের স্বীকৃতি। জাতিসংঘসহ পৃথিবীর সেরা সেরা প্রতিষ্ঠান বাহবা দেবে বাংলাদেশকে। শুকনো কিছু সাধুবাদ পেলেও বাংলাদেশ এ সমস্যা থেকে বেরিয়ে আসতে লাভ করেনি কোনো দেশেরই সরাসরি সাহায্য। সবাই বলেছে- ভালোই করেছ। তবে শরণার্থীদের যেন কোনো অভাব না থাকে। কিন্তু কোনো দেশই মিয়ানমারকে চাপ বাড়াতে এগিয়ে এসে বলেনি- তোমরা তোমাদের রোহিঙ্গাদের ফেরত নাও অবিলম্বে। তাই রোহিঙ্গা শরণার্থী সমস্যা বাংলাদেশের জন্য বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে, যার ব্যথা দিন দিন বেড়েই চলেছে। \r\nপ্রধান দু ধরনের সমস্যায় জর্জরিত এখন বাংলাদেশ।
প্রথমত তহবিল সংকটের কারণে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে দিতে বাধ্য হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। রোহিঙ্গাদের ভরণ-পোষণ নিয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। রোহিঙ্গাদের খাদ্য বরাদ্দ কমিয়ে দেওয়ায় দিন দিন বাড়ছে আর্থসামাজিক অস্থিরতা। যথার্থ অর্থের জোগান না থাকায় আগের তুলনায় অধিক হারে অপরাধে জড়াচ্ছে আশ্রিত রোহিঙ্গারা। এর প্রভাব পড়ছে স্থানীয় বাসিন্দাদের ওপর। ২০১৮ সাল থেকে রোহিঙ্গাদের সহায়তায় যেসব দাতা সংস্থাগুলো এগিয়ে এসেছিল, তারাও এখন চাহিদানুযায়ী সহায়তা প্রদানে সমর্থ হচ্ছে না। দ্বিতীয় সমস্যাটি আরও ব্যাপক। রোহিঙ্গা ক্যা¤েপ বাড়ছে সন্ত্রাসবাদি কার্যকলাপ। একের পর এক রোহিঙ্গা নেতা খুন হয়েছে। মূলত শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই চলছে রোহিঙ্গা জঙ্গিদের মধ্যে।
মিয়ানমার জঙ্গিগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও মিয়ানমার বিদ্রোহী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর মধ্যে চলছে এ লড়াই। রোহিঙ্গা ফিরিয়ে না নিতে মিয়ানমারের অনমনীয় মনোভাব, রোহিঙ্গা প্রত্যাবর্তনে বিশ্বসংস্থার উদাসীনতা, মিয়ানমার রোহিঙ্গা জঙ্গি সংগঠনগুলোর জঙ্গি তৎপরতা, অতিরিক্ত চাপে বাংলাদেশের সামাজিক জীবনে অস্থিরতা- সব মিলিয়ে বাংলাদেশকে এক দুর্বিসহ সমস্যায় ফেলেছে রোহিঙ্গা শরণার্থী সমস্যা। এ সমস্যা থেকে বেরিয়ে আসার পথ বাংলাদেশের এখন জানা নেই। মানবিক কারণে আশ্রয় দিয়ে এখন বাংলাদেশই মানবিক বিপর্যয়ের মুখে। অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূস এক ঈদ আনন্দে জাতিসংঘের মহাসচিবের উপস্থিতিতে রোহিঙ্গাদের কথা দিয়েছিলেন, আপনারা আগামী বছর মিয়ানমারে গিয়ে ঈদ করতে পারবেন। কিন্তু তার কথা শুধু কথা হয়েই আছে, কোনো একজন রোহিঙ্গাও মিয়ানমারে পাঠানো সম্ভব হয়নি। বরং রোহিঙ্গা সমস্যা নিয়ে নতুন করে মিয়ানমারের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার একটি অনিশ্চিত সম্ভাবনা উঁকি দিচ্ছে বর্তমান সময়ে। সম্প্রতি মিয়ানমার সরকার অভিযোগ করেছে যে, বাংলাদেশের মাটি ব্যবহার করে কয়েকটি সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী মিয়ানমার সেনাবাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে। তাই মিয়ানমার বাংলাদেশ ভূখণ্ডে সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছে। \r\nএ সমস্যার ভবিষ্যৎ ভয়টা আরও ভয়াবহ হতে পারে। আজ পাকিস্তান যে টিটিপি আর তালেবান নিয়ে জঙ্গি তৎপরতার অত্যাচারে জর্জরিত, বাংলাদেশও একদিন এই আশ্রিত রোহিঙ্গাদের জঙ্গি তৎপরতার শিকার হতে পারে। আরসা এবং আরএসও -এর জঙ্গি তৎপরতা অস্থির করে তুলতে পারে বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রামসহ অন্যান্য অঞ্চলের শান্তিপ্রিয় জনগোষ্ঠীকে।\r\n \r\nলেখক : কলাম লেখক \r\nceo@ilcb.net
