বিএনপিকে বলা হয় গণমানুষের দল। এই গণমানুষের বেশিরভাগই শ্রমিক। খুব সম্ভবত বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যার প্রতিষ্ঠাতা একজন উর্দি পরা জেনারেল হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ দলটিকে খুব অল্প সময়ের মধ্যে তাদের রাজনৈতিক মুক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধির আশ্রয়স্থল হিসেবে গ্রহণ করে। যাত্রা শুরুর পর থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেসব উদ্যোগ, কর্মসূচি নিয়েছেন তার সবই ছিলো গণমুখী। সমাজের অবহেলিত, পিছিয়ে পড়া মানুষকে সামনে এগিয়ে নিতে তার প্রাণান্ত প্রচেষ্টা ছিলো। তার অল্প সময়ের শাসনামলে শ্রমিক কল্যাণে যেসব কর্মসূচি নেওয়া হয় তা ছিলো সত্যিই অভাবনীয়।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১৯৮০ সালে ঢাকায় বিশাল পরিসরে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে প্রেসিডেন্ট জিয়া নিজেকে একজন শ্রমিক হিসেবে ঘোষণা করেন। সামরিক ব্যারাকে দেশের সেবায় নিয়োজিত একজন সৈনিক দেশের প্রয়োজনে প্রেসিডেন্ট হলেও তিনি মূলত মানুষের সেবক, এই কথা তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন। ওই সমাবেশে তার ভাষণ শ্রমিকদের নতুন করে উজ্জীবিত করেছিল দেশপ্রেমে। তারা বুঝতে পারে, শ্রমিক কোনো অবহেলিত জনগোষ্ঠী নয়, বরং তারা দেশ গড়ার আসল অংশীজন। তাদের শ্রমে-ঘামেই একটি দেশ এগিয়ে যায়। যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন এই শ্রমিকের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। শ্রমিক সমাবেশে দেওয়া তার ভাষণের মূল সুর ছিল উৎপাদন বৃদ্ধি, কঠোর পরিশ্রম, এবং জাতীয়তাবাদ। তিনি শ্রমিকদের উৎপাদনমুখী হওয়ার এবং দেশের অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য কাজ করার আহ্বান জানিয়েছিলেন।

জিয়াউর রহমান বিশ্বাস করতেন কর্মে। ন্যায্যতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের অবদানকে তিনি যথাযথ সম্মানের সঙ্গে দেখতেন। তিনি বিশ্বাস করতেন যে, দেশের মোট জনসংখ্যার সিংহভাগ শ্রমিক। তাদের পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন কেবল স্বপ্নই। বাস্তবে কখনোই সম্ভব নয়। সে কারণে তিনি তাদের উৎপাদনমুখী রাজনীতি ও অর্থনীতিতে একীভূত করেছিলেন। তিনি উৎপাদন বৃদ্ধির ওপর সবচেয়ে বেশি জোর দিতেন। তিনি শ্রমিকদের বলতেন, ‘খাল কেটে পানি আনো, উৎপাদন বাড়াও’। তিনি বাংলাদেশকে একটি কর্মমুখর জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন এবং শ্রমিকদের অলসতা পরিহার করে উৎপাদনশীল কাজে মনোনিবেশ করতে উৎসাহিত করতেন। তার কাছে কাজই হলো স্বনির্ভরতার চাবিকাঠি। আর স্বনির্ভর কোনো জাতি কারো গোলামী পছন্দ করে না। তাদের ভেতর দেশপ্রেমের তেজ থাকে। তারা হয় স্বাধীন চেতা।

প্রেসিডেন্ট জিয়া খুব ভালো করেই জানতেন শ্রমিক হলো মালিক শ্রেণির উন্নয়ন সহযোগী। এই দুয়ের মধ্যে বৈরী সম্পর্ক কখনোই ভালো ফল দেবে না। তাই তিনি শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শিল্পক্ষেত্রে শান্তিশৃঙ্খলা বজায় রাখার পক্ষে ছিলেন। কলকারখানায় শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিতের পাশাপাশি তিনি মালিক পক্ষের জন্য ব্যবসার অনুকূল পরিবেশও বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। তার দীর্ঘ ভাষণে শ্রমিকদের জন্য বাস্তবমুখী প্রশিক্ষণের পাশাপাশি তাদের ভেতরে বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন বোঝানোর চেষ্টা ছিলো। কেননা তিনি মনে করতেন, শ্রমিকদের ভেতর যদি সত্যিকারের দেশপ্রেম না থাকে, তাহলে দেশের উন্নয়ন-উৎপাদন কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাবে না। একইভাবে তিনি ওই বছরের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেখানেও তিনি উন্নয়নশীল বিশ্বের অর্থনৈতিক মুক্তি, সম্পদের সুষম বণ্টন এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন। তার এই সময়কার ভাষণগুলো মূলত দেশের উন্নয়ন, উৎপাদন এবং শ্রমিকদের অধিকার ও দায়িত্বের ওপর আলোকপাত করত। জিয়াউর রহমান শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, তাদের অবস্থার উন্নতি এবং শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক গড়ার ওপর বিশেষ গুরুত্ব দিতেন।

প্রেসিডেন্ট জিয়ার শাহাদাতের পর বিএনপি দুটি পূর্ণ মেয়াদে সরকার পরিচালনার দায়িত্ব লাভ করে। এই সময় তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া দেশের হাল ধরেন। শ্রমিক সুরক্ষায় তার আমলে যুগান্তকারী সিদ্ধান্ত আসে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং কল্যাণ নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। এর মধ্যে ২০০৬ সালে সমন্বিত ‘বাংলাদেশ লেবার কোড’ প্রণয়ন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, পোশাক শিল্পে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ ছিলো অন্যতম। এছাড়া শিল্পখাতের উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়ার পাশাপাশি নারী শ্রমিকদের ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেয় খালেদা জিয়ার সরকার। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় মেয়েদের জন্য উপবৃত্তি ও শিক্ষার সুযোগ তৈরির মাধ্যমে, নারী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির ভিত্তি স্থাপন ছিলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী ঘটনা। বর্তমান বাংলাদেশে নারীদের যে অগ্রগতি, তার ভীত তখনই গঠিত হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে, দেশে কর্মক্ষম জনসংখ্যা ১২ কোটি ৬ লাখ ২০ হাজার। তাদের মধ্যে শ্রমশক্তি ৭ কোটি ৩৪ লাখ ৫০ হাজার। মোট শ্রমশক্তির ৮৪ দশমিক ১ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। যার সংখ্যা ৫ কোটি ৯৬ লাখ ৮০ হাজার। অর্থাৎ, এ বিপুলসংখ্যক শ্রমিকের দায়দায়িত্ব রাষ্ট্রের ওপর বর্তায় না। শ্রমিক হিসেবে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। কোনো রকম আইনি ও সামাজিক সুরক্ষা নেই। কর্মস্থলের পরিচয়পত্র নেই। কাজের ক্ষেত্রে অন্যায়ের শিকার হলে তাদের শ্রম আদালতে মামলা করার সুযোগও নেই। স্বাধীনতার সুদীর্ঘকাল পরে এসে দেশের শ্রমিকদের জীবনমানের এই চিত্র সত্যিই আমাদের আশাহত করে। যাদের শ্রমে-ঘামে একটি দেশ টিকে থাকে, তাদের বঞ্চনার এমন কালশিটে রেকর্ড আমাদের জন্য লজ্জার।

তার রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মধ্যে শ্রমিকের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেছে। ১৬ নম্বর দফায় বিএনপি বলছে, ‘মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। শিশু-শ্রম বন্ধ করে তাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করা হবে। নিরাপদ কর্মপরিবেশ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হবে। পাটকল, বস্ত্রকল, চিনিকলসহ বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। প্রবাসী শ্রমিকদের জীবন, মর্যাদা ও কর্মের নিরাপত্তা এবং দেশে বিমানবন্দরসহ সকল ক্ষেত্রে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি ও ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। চা-বাগান, বস্তি, চরাঞ্চল, হাওর-বাওর ও মঙ্গাপীড়িত ও উপকূলীয় অঞ্চলের বৈষম্য দূরীকরণ ও সুষম উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।’

উৎপাদন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আর উৎপাদনের মূল হাতিয়ার হলো শ্রমজীবী মানুষ। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি, হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে এ দেশের শ্রমিক শ্রেণি কীভাবে নিষ্পেষিত হয়েছে। কৃষি থেকে শিল্প-সবখানেই শ্রমিকরা ছিল নিগৃহীত। তাদের শ্রম আছে কিন্তু সম্মান নেই। তাদের ঘামে দেশ এগিয়ে যায় কিন্তা তারা থাকে পিছিয়ে। এমন বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থায় অতিষ্ঠ শ্রমিকরাও ছিলো সেই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের অকুতোভয় হুংকার সেদিন গণহত্যাকারী হাসিনাশাহীর পতন ঘটিয়েছে। রাজপথে অসংখ্য শ্রমজীবী মানুষ জীবন দিয়েছে। হাজার হাজার শ্রমজীবী এখনো পঙ্গু-কর্মহীন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতি শ্রমজীবী মানুষের বিপুল সমর্থন ছিলো। কেননা তারা মনে করে, বিএনপিই সত্যিকারভাবে শ্রমিকদের স্বার্থ রক্ষার দল। তাই দেশ ও দশের ভাগ্যের পরিবর্তনের দুর্বার আকাক্সক্ষা নিয়ে তারা বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। বিএনপি শ্রমজীবী মানুষের এই সমর্থনকে সম্মান জানায়। তারা যে আকাক্সক্ষা নিয়ে দলটিকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করেছে, আঙুলে ভোটের চিহ্ন মোচনের আগেই সেই আকাক্সক্ষা পূরণে কাজ শুরু করেছে সরকার। দেশব্যাপী খাল খনন ও সংস্কার থেকে শুরু করে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ নানামুখী কর্মকা- চলমান রয়েছে। এসবই মূলত শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট। যদিও আরো চমক সামনে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তার সবই এখন প্রকাশ্যে না এলেও সামনের দিনগুলোতে আসবেÑ এটা জাতি বিশ্বাস করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার তারেক রহমান সরকারের কাছে জনগণের এই প্রত্যাশা অমূলক কিছু নয়, বরং একেবারেই যৌক্তিক।

লেখক: অধ্যাপক, মার্কেটিং বিভাগ ও আহ্বায়ক, সাদা দল, ঢাকা বিশ্ববিদ্যালয়।