আজ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আর মাত্র ২ দিন বাকি। অঙ্কের সঠিক হিসাব নিলে এই নির্বাচনের আর মাত্র ১ দিন বাকি। কারণ, ১২ তারিখে তো ভোটগ্রহণ চলবে। বাংলাদেশের বিগত ৫৪ বছরের ইতিহাসে অতীতে ১২টি নির্বাচন এসেছিলো। এবারের নির্বাচনটি হবে ১৩ নম্বর নির্বাচন। নাম দেওয়া হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন গুরুত্বের দিক দিয়ে অতীতের সমস্ত নির্বাচনের চেয়ে আলাদা। সেজন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষ, আমাদের ৪ ধারের দক্ষিণ এশীয় প্রতিবেশী দেশসমূহ এবং সারাবিশ^ এই নির্বাচনের প্রতি গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কারণ, এই নির্বাচন এবং গণভোটের মাধ্যমেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে যে আগামীতে বাংলাদেশে কী ধরনের সরকার ক্ষমতায় আসবে। ৫ অগাস্ট জুলাই বিপ্লব সম্পন্ন হওয়ার পর থেকেই নির্বাচন নিয়ে কথা হচ্ছে। অবশেষে সেই বহুল প্রত্যাশিত নির্বাচনটি আর ২ দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনটি আমাদের বহু প্রতিক্ষীত নির্বাচন এবং অনেক কষ্টে অর্জিত নির্বাচন। এই নির্বাচনের পরিবেশ নিয়ে কিছুটা কথা বলা দরকার।

আমি বাংলাদেশে অনুষ্ঠিত ইতোপূর্বের ১২টি নির্বাচনই দেখেছি। কিন্তু আসন্ন নির্বাচনের মতো এত অবাধ ও মুক্ত পরিবেশ দেখিনি। এত অবাধ ও বিস্তৃত বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা অতীতে দেখিনি। বেসরকারি টেলিভিশনগুলো স্বাধীন। যেমন ইচ্ছা তেমন সংবাদ প্রকাশ করছে। যেমন ইচ্ছা তেমন টকশো হোস্ট করছে। টকশোতে আলোচকরা যেমন ইচ্ছা তেমন কথা বলছেন। সবচেয়ে অবাক ব্যাপার হলো এই যে, অনেক আলোচকই আলোচনার সময় এমন সব কথাবার্তা বলছেন, যেগুলো শুনলে সাধারণ মানুষও বুঝতে পারে যে, তারা যেনো বলতে চাচ্ছেন, আগেই ভালো ছিলাম। কেউ কেউ সেই ইঙ্গিত দিয়ে বাউল শাহ আব্দুল করিমের ঐ গানটির কয়েকটি কলি আওড়াচ্ছেন। যার অন্যতম হলো, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’। এই আগে বলতে কিন্তু তারা পাকিস্তান আমল বলছেন না। আকার-ইঙ্গিতে বলছেন, জুলাই বিপ্লবের আগেই তো ভালো ছিলাম। ড. মুহাম্মদ ইউনূস মাত্র ১৮ মাস হলো ক্ষমতায় আছেন। কিন্তু বলা হচ্ছে এবং লেখা হচ্ছে যে, তার আমলে যতো জুলুম নিপীড়ন হয়েছে, যত হত্যাকা- হয়েছে তা নাকি তারা জন্মেও দেখেননি। একজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। সেটা নিয়ে তুলকালাম কা- চলছে। বলা হচ্ছে, এমন সাংবাদিক নির্যাতন নাকি অতীতে আর কখনো হয়নি।

দুটি দৈনিক পত্রিকায় কিছু দিন আগে দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করেছিলো। এই নিয়ে যে শোরগোল তোলা হয়েছে সেখানে বলা হচ্ছে যে, সাংবাদিকতার ইতিহাসে নাকি এমন ঘটনা ঘটেনি। যারা বলছেন তাদের বয়স কম নয়। তারা কি জানেন না যে, পাকিস্তান আমলে ইংরেজি দৈনিক ‘মর্নিং নিউজ’ এবং বাংলা দৈনিক ‘আজাদ’ জ¦ালিয়ে দেওয়া হয়েছিলো? আর তখন এই সব ব্যক্তি, যাদের মুখে সারাক্ষণ প্রগতিবাদের খই ফোটে, তারা বলেছিলেন যে, ঐ অগ্নিসংযোগ নাকি বিক্ষুব্ধ জনতার রুদ্ররোষের বহিঃপ্রকাশ। ওরা বলতে চান যে, ইউনূস সরকার নাকি মতামত প্রকাশের কণ্ঠরোধের চেষ্টা করছেন। কিন্তু ওরা একথা বলেন না যে, শেখ হাসিনা তার জামানায় ৩টি টেলিভিশন চ্যানেল বন্ধ করেছিলেন। ২টি সংবাদপত্রের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও মুক্তিযুদ্ধ প্রজন্মের নাম করে আওয়ামী ক্যাডাররা হামলা করেছিলো। এসব কথা বলতাম না। কিন্তু যখন দেখি ওরা দিনকে রাত এবং রাতকে দিন করছেন তখনও ইউনূস সরকার কাউকেই কিছু বলছেন না। এতই স্বাধীনতা এখন বিরাজ করছে বাংলাদেশে। স্বাধীনতা এত প্রলম্বিত যে মাঝে মাঝেই সেনাবাহিনীকেও আক্রমণ করা হয়েছে। তারপরেও তারা মুক্ত বিহঙ্গ।

॥দুই॥ বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রধানত ২টি দলের নেতৃত্বাধীন ২টি জোট। একটি বিএনপির নেতৃত্বাধীন, যার নেতা তারেক রহমান। আর একটি জামায়াতের নেতৃত্বাধীন, যার নেতা ডা. শফিকুর রহমান। এই ২ শীর্ষ নেতা উল্কার গতিতে সারাদেশে সফর করছেন। সর্বত্র তারা বড় বড় মিটিং করছেন। তবে স্বস্তির বিষয় হলো এই যে, কোনো শীর্ষ নেতা বা সিনিয়র নেতা কেউ কারো বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন না, কেউ কারো চরিত্রহননের অপচেষ্টা করছেন না। নির্বাচনে যখন তারা প্রতিদ্বন্দ্বী, তখন সমালোচনা এবং পাল্টা সমালোচনা তো হবেই। তবুও দেখা যাচ্ছে, এবার তাদের আক্রমণটা হচ্ছে রাজনৈতিক এবং ভাষাও হচ্ছে শালীন। শেরপুরের শ্রীবর্দীতে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। একজন রাজনৈতিক নেতা প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন।

তারপর এই কলাম লেখার সময় পর্যন্ত অর্থাৎ ৮ ফেব্রুয়ারি রাত পর্যন্ত আর কোনো মানুষ হত্যার খবর পাওয়া যায়নি। প্রার্থনা করি, আগামী দিনগুলোতেও যেনো আর কোনো আদম সন্তান অকালে প্রাণ না হারান। আমি যখন রবিবার রাতে এই লেখাটি শুরু করি তখন অনলাইন থেকে জানলাম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার ভাষণটি শুরু থেকে শেষ পর্যন্ত মনযোগ দিয়ে শুনলাম। ৪২ মিনিটের ভাষণ। আরো জানা গেলো যে, সোমবার ৯ তারিখে বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মওলানা মামুনুল হকের ভাষণ প্রচারিত হবে। এছাড়াও যখন এই লেখাটি ছাপা হবে ততক্ষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের ভাষণ হয়তো ইতোমধ্যেই সম্প্রচারিত হয়েছে। প্রধান রাজনৈতিক দলসমূহের ভাষণ বিটিভিতে প্রচার গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি প্রশংসনীয় বৈশিষ্ট্য। বিএনপি ও জামায়াতসহ অনেকগুলি দলের নির্বাচনী মেনিফেস্টো ইতোমধ্যেই খবরের কাগজের পাতায় প্রকাশিত হয়েছে। এগুলি বেশ বড় কলেবরের। এতগুলো বড় বড় মেনিফেস্টো পড়তে সময় লাগে। অনেকেই সেই সময় অ্যাফোর্ড করতে পারেন না। কিন্তু রেডিও বা টেলিভিশনের ভাষণ সর্বোচ্চ ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টার মধ্যে হয় বলে শোনার সময় থাকে এবং সংশ্লিষ্ট দলটি ক্ষমতায় গেলে আগামী ৫ বছর কী করবে সে সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়।

আমরা সকলেই কায়মনোবাক্যে প্রার্থনা করি, যেনো সামনের কটা দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। কারণ, ভারত শেখ হাসিনাকে লাইসেন্স দিয়েছে। সেই লাইসেন্স পেয়ে তিনি দিল্লীতে বিদেশি সংবাদদাতাদের সম্মেলনে অনলাইনে অডিওতে ভাষণ দিয়েছেন। এছাড়া তিনি রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এসব সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যে নির্বাচন ভন্ডুলের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। এর মধ্যেই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহচর মেহেদী হাসান বিপুকে ১১টি বিদেশি অস্ত্র এবং বিপুল গোলাবারুদসহ গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগ নির্বাচন ভন্ডুল করার জন্য অনেক বড় স্কেলে সন্ত্রাসী তৎপরতা চালানোর পরিকল্পনা করেছে। তবে আমার মতে, জনসমর্থন ছাড়া এসব অপতৎপরতা কোনোদিন সফল হয় না। এবারও হবে না। তবে আমরা চাই, কোনো লোকক্ষয় যেনো না হয়।

॥তিন॥ প্রায় ১৭ বছর পর জনগণ কোনো রূপ ভয়ভীতি ছাড়া ভোট দিতে যাচ্ছে। আশা করা যায়, কম করে হলেও ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হবে। বিগত ১৭ বছরের তরুণ ভোটার যুক্ত হয়েছে ৫ কোটি ৪৩ লক্ষ। এরা জুলাই বিপ্লবে অংশ নিয়েছিল। এদের রাজনৈতিক চিন্তাধারা আমরা জানি না। কিন্তু আপনি যেখানেই যাবেন সেখানেই আপনাকে প্রশ্ন করা হবে, এবারের নির্বাচনে কারা জিতবেন? বিগত ১৭ বছরে যেহেতু মানুষের মন মেজাজের সঠিক খবর রাখা সম্ভব হয়নি তাই কে জিতবে, সেটির সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। এর মধ্যে একাধিক জরিপ হয়েছে। অনেকে ঐসব জরিপে বিশ^াস করে না। কারণ, ১২ কোটি ৭৬ লক্ষ ভোটারের মধ্যে ১১/১২ হাজার মানুষের মতামত, তাও আবার দ্বৈবচয়নের মাধ্যমে, সেটি অবশ্যই ঐ পৌনে ১৩ কোটি মানুষের মতামতের প্রতিফলন নয়। তবে গবেষক বা বিশ্লেষকরা ভোটারদের বিভিন্ন অংশকে নির্বাচনের প্রভাবক বলে মনে করেন।

কেউ মনে করেন যে, এবার নির্বাচনে ডিসাইসিভ রোল প্লে করবেন ঐ তরুণ ভোটাররা। অন্যেরা মনে করেন, আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মী ইন্ডিয়া পালিয়ে গেছে। তবে লক্ষ লক্ষ আওয়ামী সমর্থক দেশে রয়ে গেছে। এদের ভোট নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর হবে। আবার অন্যেরা বলেন, হিন্দুদের ভোট নির্বাচনে প্রভাব ফেলবে। আমি অবশ্য তা মনে করি না। কারণ, এবার হিন্দু ভোটারের সংখ্যা ১ কোটি ১ লক্ষ। তাও তারা এক জায়গায় ক্লাস্টারের মতো বা গুচ্ছের মতো অবস্থান করছে না। সারা বাংলাদেশে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই তারা বড় ফ্যাক্টর হবে না।

কেউ কেউ বলেন যে, এবার নারী ভোটাররা ডমিনেন্ট রোল প্লে করবেন। এটি একটি বিভ্রান্তিকর উক্তি। কারণ, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লক্ষ ১৪ হাজার ৯শত ৭ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লক্ষ ৭৯ হাজার ৪২ জন। নারীরা পুরুষের তুলনায় মাত্র ২০ লক্ষ কম। সুতরাং জেন্ডার এই ইলেকশনে তেমন একটা প্রভাব ফেলবে না।

॥চার॥ তবে এ ব্যাপারে অতি সাধারণ একজন মানুষের মন্তব্য আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। তিনি বলেন, জামায়াত অত্যন্ত সুসংগঠিত দল। বিগত ১৮ মাসে তাদের সংগঠন ও কর্মী বিস্তার লাভ করেছে। তবে ৩০০ প্রার্থীর মধ্যে জামায়াতের প্রার্থীদের অনেকেই নতুন এবং অপরিচিত। এখানেই বিএনপির বড় অ্যাডভান্টেজ। বিএনপির প্রার্থীরা যেমন পরিচিত, তেমনি বিএনপির ৭৯ জন বিদ্রোহী প্রার্থীও পরিচিত। সংগঠন হিসেবে বিএনপি জামায়াতের মতো ক্যাডার ভিত্তিক না হলেও কলেবরে জামায়াতের চেয়ে অনেক বড়। শিক্ষিত সচেতন মানুষদের মধ্যে বিএনপির পরিচিতি এবং গ্রহণযোগ্যতা রয়েছে। ৩০০ জন প্রার্থীর মধ্যে ২৯২ জনই বিএনপির। বাকি ৮ জন জোট শরীকের। বিএনপির এই ২৯২ জনই পরিচিত। সর্বশেষ একটি জরিপে বলা হয়েছে যে, আওয়ামী লীগের ৪৮ শতাংশ সমর্থকের ভোট ধানের শীষে পড়তে পারে। জামায়াত কৃষ্ণ নন্দী নামক একজন হিন্দুকে নমিনেশন দিলেও আওয়ামী ভোট এবং হিন্দু ভোটের সিংহ ভাগ বিএনপির বাক্সে পড়বে। তাই দেখা যায় যে, ভোটের প্রভাবক যেসব ফ্যাক্টর রয়েছে তার অধিকাংশই বিএনপির প্রতি অনুকূল। তার পরেও বলতে হবে, ইলেকশন নিয়ে চূড়ান্ত কথা বলা ঠিক নয়। ১৯৯১ সালে সকলে ধরেই নিয়েছিলেন যে, আওয়ামী লীগই জিতবে। কিন্তু ভোটের ফলাফল হয়েছিলো সম্পূর্ণ বিপরীত। বিএনপি জিতবে, এমন যুক্তিতর্কই এবার বেশি শক্তিশালী। তারপরেও আমাদেরকে চূড়ান্ত রায় জানার জন্য ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত থেকে অপেক্ষা করতে হবে।

Email:journalist15@gmail.com