শিশু মানেই সম্ভাবনার আরেক নাম। প্রতিটি শিশু এক একটি অদেখা সুর, এক একটি অসম্পূর্ণ কবিতা, যা সঠিক পরিবেশ, শিক্ষা ও অনুশীলনের মাধ্যমে পূর্ণতা পেতে চায়। কিন্তু সেই পূর্ণতার পথ কেবল পাঠ্যপুস্তকের পাতায় সীমাবদ্ধ নয়। শিশুর মস্তিষ্ক, মন, শরীর ও সমাজবোধ- সবকিছুর সমন্বয়েই তৈরি হয় এক পরিপূর্ণ মানুষ। আধুনিক শিক্ষাব্যবস্থা আজ এই সত্যকেই গুরুত্ব দিচ্ছে- শিশুর সার্বিক বিকাশে সংগীত ও শারীরিক শিক্ষা আর বিলাসিতা নয়, বরং অপরিহার্য অনুষঙ্গ।\r\nআজকের ডিজিটাল বাস্তবতায় শিশুরা ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে যন্ত্রের পর্দার মধ্যে। তাদের শরীরের স্বাভাবিক গতি কমছে, মনোযোগের সময়সীমা ছোট হচ্ছে, আবেগ প্রকাশের পথ সংকুচিত হচ্ছে। ঠিক এই প্রেক্ষাপটে সংগীত ও শরীরচর্চা হয়ে উঠতে পারে শিশুর মুক্তির দুই জানালা।

একদিকে সংগীত তাদের অনুভূতির জগৎ উন্মুক্ত করে, অন্যদিকে শরীরচর্চা শেখায় আত্মনিয়ন্ত্রণ, সহনশীলতা ও শক্তি।\r\nসংগীত, প্রথম দৃষ্টিতে, হয়তো শুধুই এক বিনোদন। কিন্তু গবেষণা বলছে, সংগীত হলো এক প্রকার মস্তিষ্কের ব্যায়াম । শিশু যখন গান শেখে বা কোনো বাদ্যযন্ত্র বাজায়, তখন তার মস্তিষ্কের নানা অংশ সক্রিয় হয়ে ওঠে। এই সক্রিয়তা নতুন নিউরাল সংযোগ তৈরি করে, যা ভাষা, যুক্তি ও স্মৃতিশক্তি উন্নত করে। ছোটবেলা থেকে সংগীতচর্চায় অভ্যস্ত শিশুরা তুলনামূলকভাবে বেশি মনোযোগী ও বিশ্লেষণক্ষম হয়। তাল, লয় ও সুরের জগতে তারা শেখে প্যাটার্ন খোঁজা, যা গণিত ও বিজ্ঞান চিন্তাতেও সহায়তা করে।\r\nতবে সংগীতের প্রভাব কেবল বুদ্ধিবৃত্তিক নয়, তা গভীরভাবে আবেগিকও। প্রতিটি শিশুর ভেতরে থাকে নানা ধরনের অনুভূতি, ভয়, আনন্দ, একাকিত্ব, কৌতূহল।

সংগীত তাকে শেখায় এই অনুভূতিগুলোকে সুরে মিশিয়ে প্রকাশ করতে। গান গাওয়া বা যন্ত্র বাজানোর সময় শিশুটি এক অদ্ভুত প্রশান্তি পায়। এই চর্চা উদ্বেগ কমায়, মানসিক চাপ হ্রাস করে, এমনকি বিষণ্নতার প্রতিকারেও সহায়ক। অনেক ক্ষেত্রে সংগীত থেরাপি শিশুদের মানসিক স্থিতিশীলতা ফিরিয়ে আনে, বিশেষ করে যারা মনোযোগের ঘাটতি বা আচরণগত সমস্যায় ভুগছে।\r\nঅন্যদিকে দলগত সংগীতচর্চা শিশুদের সামাজিক দক্ষতা গঠনে অপরিসীম ভূমিকা রাখে। গায়কদল বা অর্কেস্ট্রায় একসঙ্গে অনুশীলন করার সময় শিশুরা শেখে সহযোগিতা, নেতৃত্ব, শ্রদ্ধা ও একে অপরের প্রতি সহমর্মিতা। এখানে ব্যক্তিগত প্রতিযোগিতা নয়, বরং সমন্বয়ই মুখ্য। একটি সুন্দর পরিবেশনা তখনই সম্ভব হয়, যখন সবাই নিজের অংশটি সঠিকভাবে পালন করে।

এটি শেখায় যে, সফলতা মানে কেবল নিজের জয় নয়, বরং সম্মিলিত প্রচেষ্টার ফল।\r\nএবার আসা যাক শারীরিক শিক্ষা প্রসঙ্গে। শিশুর শরীর হলো তার জীবনের মূলভিত্তি। সেই শরীরকে সচল, দৃঢ় ও সক্ষম রাখতে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। আজকের দিনে শিশুরা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে স্ক্রিনের সামনে ট্যাব, মোবাইল, টিভি বা কম্পিউটারে। ফল, স্থূলতা, দৃষ্টিশক্তির সমস্যা, ঘুমের ব্যাঘাত, এমনকি মানসিক ক্লান্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী, শিশুদের প্রতিদিন অন্তত ১ ঘণ্টা শারীরিক কার্যক্রমে যুক্ত থাকা উচিত। দৌড়ানো, সাঁতার কাটা, সাইকেল চালানো বা মাঠে দলগত খেলায় অংশ নেওয়া- এসব শরীরকে যেমন শক্ত রাখে, তেমনি মনকেও উজ্জ্বল করে।\r\nশরীরচর্চার প্রভাব শুধু পেশি বা হাড়ে নয়; এটি মস্তিষ্কেও পড়ে।

যখন শিশু দৌড়ায় বা খেলাধুলা করে, তখন তার মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, নতুন কোষ তৈরি হয় এবং মনোযোগের ক্ষমতা বাড়ে। খেলাধুলা থেকে নিঃসৃত এন্ডোরফিন নামের রাসায়নিক পদার্থ শিশুর মেজাজ উন্নত করে, তাকে আনন্দিত রাখে। যারা নিয়মিত ব্যায়াম করে, তারা সাধারণত পড়াশোনাতেও ভালো ফল অর্জন করে।\r\nখেলাধুলা শেখায় জীবনের মৌলিক শিক্ষা-শৃঙ্খলা, অধ্যবসায় ও দায়িত্ববোধ। জয়ের আনন্দ আর পরাজয়ের হতাশা-উভয়ই শিশুকে শেখায় জীবনের বাস্তবতা। খেলায় হার মানে না ব্যর্থতা; বরং তা পরবর্তী সাফল্যের জন্য প্রস্তুতি। দলীয় খেলায় শিশুরা শেখে সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধা। মাঠের নিয়ম মেনে খেলা তাদের শেখায় আইন ও ন্যায়ের গুরুত্ব, যা সমাজে নাগরিক হিসেবে বেড়ে ওঠার মৌলিক শিক্ষা।\r\nএই দুই শিক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে পরিবার।

পরিবারই শিশুর প্রথম বিদ্যালয়, যেখানে শেখার শুরু। বাবা-মা যদি নিজেরা সংগীত শোনেন, গান করেন বা খেলাধুলায় যুক্ত থাকেন, শিশুরাও তা অনুকরণ করে। পরিবারের সঙ্গে গান গাওয়া, তবলা বাজানো, কিংবা বিকেলে মাঠে ফুটবল খেলা- এসবই হয়ে ওঠে শেখার আনন্দময় মাধ্যম। অভিভাবকদের দায়িত্ব শিশুর স্ক্রিন-নির্ভরতা কমিয়ে তার বাস্তব জগতের অভিজ্ঞতা বাড়ানো।\r\nপরবর্তী পর্যায়ে বিদ্যালয় এই শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক বিদ্যালয়েই সংগীত ও শারীরিক শিক্ষাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। এগুলোকে প্রায়ই অতিরিক্ত বিষয় হিসেবে দেখা হয়। পরীক্ষার আগে এসব ক্লাস বাতিল হয়ে যাওয়া একরকম নিয়মে পরিণত হয়েছে। অথচ এই দুটি শিক্ষা শিশুর মানসিক ও শারীরিক সুস্থতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

বিদ্যালয়ের উচিত সংগীত ও শারীরিক শিক্ষাকে গণিত বা বিজ্ঞানের সমান গুরুত্ব দেওয়া। অনেক বিদ্যালয়ে এখনো সংগীত ও শারীরিক শিক্ষার প্রশিক্ষিত শিক্ষক নেই। সরকারও এ বিষয়ে প্রায়ই উদাসীন। সমাজের একাংশ এখনো মনে করে, সংগীত ও শারীরিক শিক্ষা তেমন প্রয়োজনীয় নয় বা সময়ের অপচয় এবং সমাজ ও ধর্মের বিবেচনায় অপ্রাসঙ্গিক। এই পরিস্থিতিতে যুগের চাহিদা পূরণে শিশুদের যুগোপযোগী করে গড়ে তুলতে হলে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত উপকরণ সরবরাহ এবং প্রতিদিনের নিয়মিত অনুশীলনের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।\r\nশিক্ষকদের ভূমিকা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একজন অনুপ্রাণিত সংগীত শিক্ষক বা ক্রীড়া কোচ শিশুর জীবনে দারুণ পরিবর্তন আনতে পারে।

তারা শুধু গান শেখায় না বা খেলার নিয়ম বোঝায় না, তারা শেখায় আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সহযোগিতা। ভালো শিক্ষক শিশুর মধ্যে এমন এক আগ্রহ তৈরি করতে পারেন, যা তাকে আজীবন সংগীত ও শরীরচর্চার সঙ্গে যুক্ত রাখে। একইসঙ্গে সরকার ও সমাজের দায়িত্বও কম নয়। সরকারি উদ্যোগে কমিউনিটি সেন্টার, যুবকেন্দ্র বা পার্কে বিনামূল্যে সংগীত ও ক্রীড়া প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষ সুবিধা ও বৃত্তি দেওয়া দরকার। কারণ, প্রতিটি শিশুই সুযোগ পাওয়ার যোগ্য, তার সামাজিক বা অর্থনৈতিক অবস্থান যাই হোক না কেন।\r\nসংগীত ও খেলাধুলা শুধু বিকাশের উপকরণ নয়, এগুলো সাংস্কৃতিক ঐতিহ্যের ধারকও। বাউল, লালন, ভাটিয়ালি বা সাঁওতালি সংগীত আমাদের মাটির সুর বহন করে।

আবার কাবাডি, হা-ডু-ডু বা দাড়িয়াবান্দা- এই ঐতিহ্যবাহী খেলাগুলো আমাদের সামাজিক সংযোগের প্রতীক। শিশুদের এই ঐতিহ্যের সঙ্গে পরিচয় করানো মানে তাদের শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখা। পাশাপাশি, ছেলে-মেয়ে নির্বিশেষে সবাই যেন এই কার্যক্রমে সমানভাবে অংশ নিতে পারে, তাও নিশ্চিত করতে হবে।\r\nকোভিড-১৯ মহামারি আমাদের সামনে এক নির্মম বাস্তবতা হাজির করেছিল। স্কুল বন্ধ, খেলার মাঠ ফাঁকা, শিশুদের সামাজিক মেলামেশা প্রায় শূন্য। এই দীর্ঘ বিচ্ছিন্নতায় শিশুদের মানসিক চাপ, বিষণ্নতা ও শারীরিক দুর্বলতা বৃদ্ধি পেয়েছে। এমন সময় সংগীত ও শরীরচর্চাই হয়ে উঠেছিল পুনরুদ্ধারের পথ।

ঘরে বসে গান গাওয়া, অনলাইন সংগীত শেখা বা পরিবারের সঙ্গে ব্যায়াম করা- এসব ছোট উদ্যোগই অনেক শিশুকে মনোবল ফিরিয়ে দিয়েছিল।\r\nশিশুর সুষ্ঠু বিকাশ মানে শুধু ভালো রেজাল্ট নয়। বরং সেটি হলো এমন এক জীবনদর্শন, যেখানে শিশুটি শেখে নিজেকে চিনতে, নিজের শরীর ও মনকে যত্ন নিতে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে। সংগীত ও শারীরিক শিক্ষা সেই জীবনদর্শনের দুই প্রধান উপকরণ। একদিকে তারা শেখায় প্রকাশ, অন্যদিকে শেখায় নিয়ন্ত্রণ; একদিকে আনন্দ, অন্যদিকে দায়িত্ব।\r\nএকটি শিশুকে কেবল পরীক্ষায় সফল করার জন্য নয়, বরং একজন সংবেদনশীল, আত্মবিশ্বাসী ও সুস্থ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন পরিবার, বিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ। স্কুলে যদি গান ও শারীরিক শিক্ষার আওয়াজ শোনা যায়, পরিবারে যদি কেউ সুর তোলে, যদি শিশুরা পাড়ায় পাড়ায় খেলাধুলার জায়গা পায়- তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শুধু মেধাবীই হবে না, হবে মানবিক, প্রাণবন্ত ও সৃজনশীল।\r\nএকটি দেশের আগামী নির্ভর করে তার শিশুদের ওপর। আর সেই শিশুদের বিকাশ নিশ্চিত করতে হলে তাদের জীবনে সংগীত ও শারীরিক শিক্ষারকে ফিরিয়ে আনতেই হবে- শুধু ক্লাসরুমে নয়, জীবনের প্রতিটি স্পন্দনে।\r\nলেখক : অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়