ফ্যাসিস্ট শেখ হাসিনার দেড় দশকের ভুয়া ও বিনাভোটের জাতীয় সংসদ অধিবেশন কেমন ছিল, সংসদ সদস্যদের বক্তব্য শোনার আগ্রহ সাধারণ মানুষের ছিল কিনা, তা নতুন করে বলার কিছু নেই। তারপারও পাঠকদের কিছুটা স্মরণ করিয়ে দেয়া দরকার। সে সময় জাতীয় সংসদ অধিবেশন ছিল, একনায়ক হাসিনাবন্দনার আসর। বন্দনা করতে গিয়ে কোনো কোনো সংসদ সদস্য হাসিনাকে নিয়ে গান গেয়েছেন, কবিতা আবৃত্তি করেছেন, কেউ কেউ বন্দনা করার জন্য বাংলা ভাষার সর্বোচ্চ প্রশংসাসূচক শব্দ ও বাক্য ব্যবহার করেছেন। আরও কোনো বন্দনামূলক শব্দ, যা বাংলাভাষাবিদরা সর্বোচ্চ জ্ঞান ও মেধা দিয়েও আবিষ্কার করতে ব্যর্থ হয়েছেন, তা হাসিনাসংসদের এমপিরা আবিষ্কার করতে কম কসরত করেননি। করতে পারলে হয়ত তা দিয়ে হাসিনার প্রশংসার পত্র তৈরি করতেন। তাদের এই সর্বোচ্চ প্রশংসা হাসিনা শুনতেন আর টেবিল চাপড়াতেন, আনন্দে হাসতেন। সংসদে প্রতি মিনিটে জনগণের যে, ২ লাখ ৭২ হাজার ৩৬৪ টাকা (১১তম জাতীয় সংসদ অধিবেশন নিয়ে করা টিআইবির পর্যালোচনা অনুযায়ী) খরচ হতো, তা হাসিনাবন্দনা ও স্তুতির পেছনেই ব্যয় হতো। সংসদ অধিবেশন হয়ে পড়েছিল, রাজাকে ঘিরে সভাসদদের চামচামি ও তামাশার আসর। দীর্ঘ দেড় দশক ধরে দেশের মানুষ হাসিনার এই তোষামোদির আসর দেখেছে, আর হাতাশার সাগরে নিমজ্জিত হয়েছে।
দুই.’২৪-এ হাসিনার বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠে। তারা জীবন দিয়ে গণঅভ্যুত্থান ঘটায়। হাসিনা তল্পিতল্পাসহ সভাসদদের নিয়ে পালায়। নিপীড়িত, নির্যাতিত দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। শত দুঃখ-কষ্টের মধ্যে তাদের মুখে হাসি ফোটে, তারা উল্লসিত হয়। উল্লাস এবং ক্রোধে, রোষে হাসিনা ও তার বাবা শেখ মুজিবের নামনিশানা মুছে ফেলে। দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ আস্বাদন করে। মুক্ত পরিবেশে মানুষের নিঃশ্বাস হালকা হয়ে উঠে। তবে হাসিনার পতনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এক নতুন ফেনোমেনা বা ইন্দ্রিয়গ্রাহ্য অস্বাভাবিক ঘটনা দৃশ্যমান হয়ে উঠে। প্রকৃত জুলাইযোদ্ধার পাশাপাশি একশ্রেণীর ধান্ধাবাজ নিজেদের জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে মব কালচার শুরু করে। একে মারে তো ওকে ধরে, এমন এক পরিস্থিতির সৃষ্টি করে।
দাবি আদায়ের নামে কথায় কথায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করে। এসবের পাশাপাশি অন্তর্বর্তী সরকার যাতে পাঁচ বছর, দশ বছর কিংবা আজীবন থাকেÑএই দাবিও তোলা হয়। সম্প্রতি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকার যাতে হাসিনার রেখে যাওয়া বাকি মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত থাকে, সেজন্য ‘ডিপ স্টেট’ (দেশি-বিদেশি প্রভাবশালী শক্তি) বিভিন্ন পরামর্শ দিয়েছে। বলেছে, তারা সে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে রাখতে সহযোগিতা করবে। বিনিময়ে ডিপ স্টেটকে সুবিধা দিতে হবে। সে সময় আমরা প্রধান উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টাকে বলতে শুনেছি, জনগণ অন্তবর্তী সরকারকে অনেক বছর ক্ষমতায় দেখতে চায়। তাদেরকে যেতে দিতে চায় না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে তথাকথিত বিতর্কিত ইউটিউবার ও বটবাহিনী অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে থাকা কিংবা বিপ্লবী সরকার গঠন করতে হবে, এই বয়ান উৎপাদন শুরু করে। তারা নির্বাচন হতে দেবে না, এমন হুমকিও দেয়। এনসিপি ও জামায়াতে ইসলামের নেতারাও তাদের দাবি না মানলে নির্বাচন হতে দেবে না বলে হুমকি দেয়। ফলে নির্বাচন নিয়ে একধরনের অনিশ্চয়তা দেখা দেয়। অন্যদিকে, বিএনপি নির্বাচনের ব্যাপারে একচুলও নড়েনি। দলটির পূর্ণ দৃষ্টি ছিল নির্বাচনের দিকে। নির্বাচন হতেই হবে, এমন অবস্থান গ্রহণ করে। তার সাথে সেনাপ্রধান ওয়াকার উজ জামানও নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থান নেন।
শেষ পর্যন্ত নির্বাচন না হওয়া এবং অন্তর্বর্তী সরকারের মাথায় কাঠাল ভেঙে যারা খাচ্ছিল, তাদের সে খায়েশ অপূর্ণ রেখেই নির্বাচন হয় এবং বিএনপি দুই-তৃতীয়াংশ আসন নিয়ে বিশাল বিজয় অর্জন করে। এর মাধ্যমে হাসিনামুক্ত বাংলাদেশে এক নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। তবে জনগণ বিএনপিকে এমন এক পরিস্থিতিতে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, যখন দেশ অর্থনৈতিকভাবে ‘তলাবিহীন ঝুড়ি’ হয়ে রয়েছে। হাসিনা দেড় দশকে উন্নয়নের নামে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে রেখে গিয়েছে। এ ঝুড়ির তলা অন্তর্বর্তী সরকার লাগাতে পারেনি, উল্টো ধারদেনায় দেশকে ডুবিয়ে গেছে। উত্তরাধিকার সূত্রে বিএনপি সরকার এমন এক বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। অন্যদিকে, ক্ষমতায় বসতে না বসতেই (দশ দিনের মাথায়) যেন তার উপর বাজ পড়েছে।
‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে ইরানযুদ্ধ। এ যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় বিশ্বব্যাপী জ্বালানিতেলের মহাসংকট দেখা দিয়েছে, যা দিন দিন তীব্র হচ্ছে। জ্বালানিতেলের মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে রয়েছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। বিশ্ববাজারে জ্বালানিতেলের দাম আকাশচুম্বি হলেও সরকার সিদ্ধান্ত নেয় দেশে দাম বাড়াবে না। এর মধ্যে তেলসংকটের শঙ্কায় গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। তারা হুড়মুড় করে পাম্পগুলোতে ঝাপিয়ে পড়েছে। তেলের অপেক্ষায় পাম্পগুলোতে যানবাহনের লাইন দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। তেলের জন্য এক হাহাকার পরিস্থিতি চলছে। সরকার জ্বালানিতেলের বিকল্প উৎস থেকে দ্রুত তেল কেনার অভিযানে নেমেছে। ইরানের সাথে বোঝাপড়ার মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। ইতোমধ্যে একটার পর একটা তেলবাহী জাহাজ আসা শুরু করেছে। সরকার যতই বলছে, দেশে তেলের সংকট নেই, তারপরও অনেক পাম্প তেলসংকট দেখাচ্ছে। সরকার বলছে, প্যানিক বায়িংয়ের কারণে পাম্পে থাকা যে তেল সাধারণত দুই দিনের চাহিদা মিটাতে পারে, তা মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে, অসাধু ব্যবসায়ীরা তেল মজুদ করে সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে তেল উদ্ধারে ভ্রম্যমান অভিযান পরিচালনাকারিরা বিভিন্ন জায়গা থেকে মজুদকৃত হাজার হাজার টন তেল উদ্ধার করেছে। কথায় আছে, কারো ঘর পোড়ে, কেউ সেই ঘরের আগুনে আলু পুড়িয়ে খায়। তেল নিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী এমনই আলু পুড়িয়ে খাওয়া নীতি অবলম্বন করছে।
তিন.জাতীয় সংসদকে প্রাণবন্ত করে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের এমপিদের নির্দেশ দিয়েছেন। সংসদ অধিবেশন চলমান। এ পর্যন্ত সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করে বোঝা গেছে, বিভিন্ন ইস্যুতে সরকারি ও বিরোধীদলের এমপিদের যুক্তিতর্কে সংসদ বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। সংসদের এখন মূল আলোচনা হয়ে উঠেছে, জুলাই সনদ বাস্তবায়ন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংবিধানের বিভিন্ন ধারা-উপধারা উপস্থাপন করে যেভাবে যুক্তি তুলে ধরছেন, তাতে এটা বোঝা যায়, পুরো সংবিধান তার ঠোঁটস্থ। অবশ্য তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন, সংবিধান দেখে পড়তে গেলে সময় বেশি লাগে। ফলে তিনি না দেখেই সংবিধানের ধারা-উপধারা উপস্থাপন করছেন। সঙ্গে সঙ্গে এমপিদেরও বলছেন, আপনারা দেখে নিতে পারেন।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তিনি যেভাবে অনর্গল ও প্রাণবন্ত যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, তা মানুষকে মুগ্ধ করেছে। অনেকে বলেছেন, বিরোধীদল তার এই যুক্তিতর্কের জবাব ঠিকমতো দিতে পারছে না। সালাউদ্দিন আহমেদ বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আমরা জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ এবং প্রতিটি বাক্য বাস্তাবায়ন করব। তবে তা বিএনপির দেয়া নোট অফ ডিসেন্টসহ সংবিধানিকভাবে। অপরদিকে, বিরোধীদল সংবিধানের আলোকে নয়, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে। তারা জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করতে চায়। এর মধ্যে এনসিপি ও জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, সংবিধান বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়া একসময় ছুঁড়ে ফেলে দেয়ার কথা বলেছিলেন। সেই সংবিধানের দোহাই বিএনপি কীভাবে দেয়!
এর জবাবে বিএনপি জোটের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) এমপি আন্দালিব রহমান পার্থ পাল্টা যুক্তি দিয়ে সংসদে বলেছেন, সংবিধানকে ছুঁড়ে ফেলব কেন? সংবিধান কি মনে করিয়ে দেয় যে, এটা একাত্তুরের পরাজয়ের দলিল? সংবিধান নিয়ে সংসদে এমপিদের এই পাল্টাপাল্টি যুক্তি সংসদের বাইরেও এসে পড়েছে। এই যুক্তিতর্ক এখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে। বিরোধীদলের যুক্তির প্রেক্ষাপটে, সংবিধান নিয়ে বেগম খালেদা জিয়া কী বলেছিলেন, তা ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশ করেছে। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার যখন আদালতকে ব্যবহার করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করেছিল, তখন বেগম খালেদা জিয়া ওই বছরের ১৩ জুলাই বলেছিলেন, ‘আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বিভিন্ন সংশোধনী এনেছে।
আমরা বলতে চাই, এসব সংশোধনী আওয়ামী ইশতেহার। এটা জনগণ মানে না। আগামীতে সরকার পরিবর্তন হলে এসব সংবিধান (সংশোধনী) ছুঁড়ে ফেলা হবে।’ বিশ্লেষকরা বলেছেন, বেগম খালেদা জিয় পুরো সংবিধান নয়, বরং নির্দিষ্ট কিছু সংশোধনী বাতিলের কথা বলেছিলেন। সে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদও একই কথা বলেছিলেন। এখানে বোঝার বিষয় হচ্ছে, সেই সময় ও প্রেক্ষাপট। প্রেক্ষাপট ছিল, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল। তার বিরোধিতা করতে গিয়েই বেগম খালেদা জিয়া এ কথা বলেছিলেন। তার অর্থ এই নয়, তিনি পুরো সংবিধান বাতিল বা ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন। তিনি এ কথাও বলেছিলেন, সংশোধনীর মাধ্যমে সংবিধানকে ‘আওয়ামী লীগের ইশতেহার’ ও ‘হাসিনার সংবিধানে’ পরিণত করা হয়েছে। তিনি হাসিনার সংশোধিত সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন। বর্তমান সংসদের বিরোধীদল এখন বেগম খালেদা জিয়ার এই উক্তি ধরে বিএনপিকে ঘায়েল করার পাল্টাযুক্তি দিচ্ছে। তারা বাহাত্তুরে রচিত এই সংবিধান বাদ দিয়ে জুলাই সনদের আলোকে সংবিধানের সংস্কার চাচ্ছে। অন্যদিকে, বিএনপি জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন করতে চাচ্ছে।
চার.জাতীয় সংসদ সরকারিদল ও বিরোধীদলের যুক্তিতর্কের মাধ্যমে দেশ পরিচালনা, দেশের স্বার্থবিষয়ক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু হবে, এটাই সংসদীয় গণতন্ত্রের শেষ কথা। চলমান সংসদে তা পরিলক্ষিত হচ্ছে। তবে লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, বিরোধীদল একটা বিষয়ের উপর আটকে আছে। সেটা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন। তা বাস্তবায়নে সরকারি দল বিএনপি নানা বাহানা করছে বলে তারা সংসদের বাইরে বিক্ষোভ-সমাবেশও করেছে। বিরোধীদল তাদের দাবি আদায়ে সংসদে ও সংসদের বাইরে চেষ্টা করবে, এটা স্বাভাবিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া। তবে দেশ যে, চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে এবং জ্বালানি সংকটে জনগণ নাজেহাল হচ্ছে, নিত্যপণ্যের মূল্য বাড়ছে, কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পাচ্ছে না, এ নিয়ে বিরোধীদলকে তেমন উচ্চবাচ্য করতে দেখা যাচ্ছে না। এতে পর্যবেক্ষকরা মনে করছেন, বিরোধীদল জনগণের স্বার্থ উপেক্ষা করছে। অথচ এ মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি, জনগণ যে কষ্টে আছে, দেশ অর্থনৈতিক সংকটে ভুগছে, তা কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে সংসদে সরব হওয়া। সরকারিদলের ব্যর্থতা কোথায়, কীভাবে ব্যর্থতা থেকে বের হয়ে আসতে পারে, কি কি উদ্যোগ নিতে পারে, এমন পরামর্শ ও দিকনির্দেশনা বিরোধীদলের পক্ষ থেকে আসা উচিৎ। এ নিয়ে সংসদে তাদের জোরালো ভূমিকা অপরিহার্য। রাজনৈতিক ইস্যু বা পুস্তকীয় বিষয় নিয়ে যুক্তিতর্ক ও আন্দোলন পরেও করা যাবে। এখন সবার আগে মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। বিরোধীদলের এদিকে বেশি মনোযোগ দেয়া দরকার।
darpan.journalist@gmail.com
